শিশুদের পাঠশালায় হাজারো শিশুর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ ও ৪ এপ্রিল ডিসি হিলে বসেছিল হাজারো শিশুর মেলা। সবার মুখে ছিল জয়ের হাসি। প্রাথমিক পর্যায়ের এক হাজার ৪০০ শিশু এসেছিল শিশুদের পাঠশালার মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার নিতে। তাদের জন্য আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠান। এর মধ্যে ছিল আলোচনা, গান, চিকিৎসা ক্যাম্প, জাদু ও শিশুদের চিত্র প্রদর্শনী। ‘সৃষ্টির প্রেরণায় আমরা চলি অবিরাম’ শীর্ষক দুদিনব্যাপী উত্সবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ম হামিদ। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, লেখক রণজিত্ বিশ্বাস, বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জাব্বার খান ও রেহনুমা ইয়াসমিন। প্রথম দিন পুরস্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। সমাপনী দিন কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এরিক ডেমিনার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন গাজী সালেহ উদ্দিন, কবি অভীক ওসমান, শিশুসাহিত্যিক রাশেদ রউফ প্রমুখ।পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার। বক্তারা বলেন, শিশুদের সমৃদ্ধ ভবিষ্যত্ গড়তে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকা রাখতে হবে। শিশুদের সৃজনশীল ও মননশীল করে তুলতে সংস্কৃতির যেকোনো শাখায় চর্চার সুযোগ দিতে হবে। প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় অনুপম দেবনাথের ‘জন্ম যাদের একাত্তরের পরে’ গানটি দিয়ে। এরপর শিশুশিল্পী উদ্দীপন দত্ত চমত্কার ভঙ্গিতে গেয়ে শোনায় ‘আমি নির্বাসনে যাব না।’ বাবলু চক্রবর্তী গেয়ে শোনায় ‘সুন্দরী চলেছে একা পথে।’ তার গানটি বড়দের হলেও মুগ্ধ দর্শকের অনুরোধে আবার ধরে ছিল ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে।’ স্নিগ্ধা পাল পরিবেশন করে ‘বাঁশি শুনে আর কাজ নেই’ গানটি। এ দিনের বিশেষ আকর্ষণ ছিল রাজীব বসাকের জাদু। তাঁর জাদুর পরশে লাল রুমাল মুহূর্তেই হয়ে গেল গোলাপ! জাদুকর হওয়ার গল্প বলার সময় পানি হয়ে গেল বরফ। বিদেশভ্রমণের গল্প বলছেন আর সহকারীকে তিন-চারবার দেওয়ার পরও তাঁর হাতের ৬০০ ডলার হাতেই থেকে গেল! এ ছাড়া শিশুর কান-চোখ-আর মুখ দিয়ে পানি বের করা, তিনটি অসম দড়ি সমান করা—এসব জাদু সবাইকে মুগ্ধ করেছে। ‘সবচেয়ে বড় ব্যাপারটি হলো জাদুকর রাজীব বসাক উপস্থিত সবাইকে দেশ-মাটি-মা আর স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন।’ বললেন আইনজীবী যীশু কৃষ্ণ রক্ষিত। সমাপনী দিনে শিশুশিল্পী প্রিয়া ভৌমিক ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ ও ‘গাউসুল আজম মাইজভান্ডারি আয়নার কারিগর’ গেয়ে শোনায়। এরপর আসর জমান শিল্পী হৈমন্তী রক্ষিত মান। তিনি একে একে ‘পানজাবিওয়ালা’, ‘বন্ধু তুমি কই’, ‘সোনার পালঙ্কের ঘরে’ ইত্যাদি গেয়ে শোনান। উত্সবে আরও গান করেন শিল্পী কল্পনা লালা, আলাউদ্দিন তাহের, সাইফুদ্দিন খান, প্রেম সুন্দর বৈষ্ণব-সুস্মিতা চৌধুরী, রাজীব ভট্টাচার্য প্রমুখ। অভিভাবক শাপলা দাশ বলেন, ‘শিশু উত্সব দিনের বেলায় শেষ হলে ভালো হতো। রাত ১০টা বাজে। কিন্তু বাচ্চাটা ডিসি হিল ছেড়ে যেতে চাইছে না। অথচ সব গান কিন্তু শিশুদের উপযোগী হয়নি।’ তিনি আয়োজকদের এ ব্যাপারে সচেতন হতে বলেন।