শিশুদের বঞ্চনা ও স্বপ্নের কাহিনি ‘ইচ্ছেপূরণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির ব্যবহারে জানবে জগৎটারে—স্লোগানকে উপজীব্য করে ৩ অক্টোবর শিশু একাডেমী অঙ্গনে উদ্যাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে সাত দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ। অনুষ্ঠানে কিডস কালচারাল ইনস্টিটিউট পরিবেশন করে শিশু অধিকার সুরক্ষাবিষয়ক নাটক ইচ্ছেপূরণ। নাটকটি রচনা করেছেন সৌরভ শাখাওয়াত, নির্দেশনা দিয়েছেন জোবেদা রত্না।ইচ্ছেপূরণ নাটকে তুলে ধরা হয় বঞ্চিত পথশিশুদের কথা। উন্মোচন করা হয় শিশু নির্যাতনকারী কারখানা-মালিক, কর্মজীবী শিশুর গৃহকর্ত্রীসহ নানা চরিত্র। চমৎকার কোরিওগ্রাফির মাধ্যমে ফুটে ওঠে নির্যাতনের করুণ চিত্র। আকাশে-বাতাসে ধ্বনিত হয় সময়ের হাহাকার। এমনি সময়ে আশার বাণী নিয়ে আবির্ভূত হয় স্বপ্নলোকের পাখি। যে পাখি সব অসম্ভবকে সম্ভব করতে পারে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রবিন, শতাব্দী, সহস্রাব্দী, স্বাগতা, ইউসা, সামিয়া, শাফিন, দেবদূত ও সৃজা। কোরিওগ্রাফি ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইদুল করিম।