শিশুদের বাঁচাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার রাতে ইন্টারনেটে বিভিন্ন সংবাদ মাধ্যমে হাইতির ভূমিকম্পের সংবাদ পড়ছিলাম। হঠাত্ বিবিসি অনলাইনে একটি ছবিতে চোখ আটকে গেল। ছোট্ট একটি শিশু তাকিয়ে আছে ক্যামেরার দিকে। চোখে যেন এক অজানা আতঙ্ক। চোখ দিয়ে পানি ঝরছে আর তা গাল বেয়ে নিচে পড়ছে। পাশেই আরেকটি শিশু হাসছে। তারা কি বুঝতে পারছে কী ঘটেছে তাদের দেশে? হয়তো এ অভাগা ছোট্ট শিশুদের সেটা বোঝার ক্ষমতা নেই। তবে তাদের দেশে যে ভয়ংকর কিছু একটা ঘটেছে তা শিশুটির চাহনিতে বুঝতে বাকি নেই। গত রোববারও দেখলাম একই চিত্র। একটি অবুঝ আহত শিশুকে চিকিত্সা দিচ্ছেন চিকিত্সকেরা। মনে হচ্ছে তাকেও এক অজানা আতঙ্ক গ্রাস করছে। শিশুটির অজানা ভবিষ্যত্ কী সেটাই মনে মনে হাতড়াচ্ছে শিশুটি। মাত্র এক সপ্তাহ আগে কি এই শিশুরা জানত তাদের এই পরিণতির কথা? তারা কি জানত তাদের এই চাহনীর অর্থ? তারা তখন ঘুরে বেড়িয়েছে মনের আনন্দে। তাদের আনন্দে মেতে উঠেছে গোটা পরিবার। কিন্তু এক সপ্তাহের মধ্যে তাদের সেই আনন্দ কেড়ে নিয়েছে ভয়াবহ ভূমিকম্প। মাত্র এক মিনিটের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা দেশ। বাড়িঘর সব ভেঙে চুরমার। প্রেসিডেন্ট প্রাসাদও রক্ষা পায়নি ভূমিকম্পের ভয়াবহ ছোবল থেকে। লাখ লাখ লোক মারা গেছে ভূমিকম্পে। আহতও হয়েছে লাখ লাখ। অনেকের খবর পাওয়া গেলেও, অনেকে হারিয়ে যাবে কালের গহ্বরে। ধ্বংসস্তূপ থেকে তাদের জীবিত বা মৃত কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হবে না। বর্তমানে উদ্ধার তত্পরতা চললেও একসময় তা পরিত্যক্ত ঘোষণা করা হবে। শুধু এই শিশুরাই নয়। হাইতির হাজার হাজার শিশুর এখন এই নিয়তি। সর্বশেষ খবর অনুযায়ী হাইতিতে নিহতের সংখ্যা প্রায় দুই লক্ষাধিক। আর এর মধ্যে রয়েছে হাজার হাজার শিশু। শুধু নিহত নয়, ভয়াবহ ভূমিকম্পে আহতও হয়েছে তারা। অনেক শিশু হয়েছে এতিম। অনেকে হারিয়েছে বাবা, অনেকে মা, অনেকে ভাই, বোন বা নিকটাত্মীয়। আবার অনেকে হয়তো সবাইকে একসঙ্গে হারিয়ে একেবারেই একা। তারা রয়েছে ত্রাণ শিবিরে অথবা অন্য কারও আশ্রয়ে। এককথায় কেউই রক্ষা পায়নি সেদিনের সেই ভয়াবহ ভূমিকম্পের ছোবল থেকে।হাইতিতে যেতে না পারলেও সেখানে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের ভয়াবহ ছবি দেখে অনেকটা অনুমান করা যায় কী ঘটেছে সেদিন? আমাদের দেশে ২০০৭ সালে ১৫ নভেম্বর ঘটে যাওয়া সিডরের কথা চিন্তা করলেও বিষয়টি কিছুটা অনুমান করা যায়। তখন সেখানে ত্রাণ দিতে গেলে এক ষাটোর্ধ্ব বৃদ্ধ একটি কবর দেখিয়ে বলেছিলেন, এখানে আমার এক নাতি ঘুমিয়ে আছে। আরেক নাতিকে খুঁজে পাইনি। হয়ত পানি তাকে ভাসিয়ে নিয়ে গেছে। পাশেই বলেশ্বর নদীর পাড়ে গিয়ে দেখা যায় শুধুই কবরের সারি। সেখানে প্রায় প্রত্যেকটি পরিবারই কাউকে না কাউকে হারিয়েছিল।হাইতিতে ভূমিকম্পের ভয়াবহতা আরও অনেক বেশি যা গোটা দেশটিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন লাখ লাখ মানুষ সেখানে ঘরছাড়া। নিজের বলতে চার হাত-পা ছাড়া কিছুই নেই তাদের। দেশটির এ করুণ অবস্থায় অসহায় মানুষের পাশে, বিশেষ করে অবুঝ ছোট্ট শিশুদের পাশে দাঁড়াতে হবে। এরাই দেশটির ভবিষ্যত্ প্রজন্ম। ইউনিসেফ, সেফ দ্য চিলড্রেন, দেশের সরকারি বা বেসরকারি উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়ে দেশটির ভবিষ্যত্ প্রজন্মকে বাঁচানোর টেষ্টা করতে হবে।