লম্বা, ছিপছিপে গড়নের লিওনার্ড ফ্রিডল্যান্ড বেশ ব্যস্ত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই শিশুরোগ বিশেষজ্ঞ এর আগেও বাংলাদেশে এসেছিলেন। হালিশহরের ‘নারচার’ হাসপাতালে ২ ফেব্রুয়ারি শুরু হওয়া প্লাস্টিক সার্জারি ক্যাম্পে শিশু রোগীদের দেখভালের দায়িত্ব পালন করছিলেন তিনি। ব্যস্ততার এক ফাঁকে জানালেন, চট্টগ্রাম ভীষণ ভালো লেগেছে তাঁর। এখানকার আবহাওয়া ও প্রকৃতির মতো মানুষজনও উষ্ণ আন্তরিক। জন্মগত ঠোঁট ও তালুকাটা রোগে আক্রান্ত রোগীদের মুখের হাসি ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই মহৎ লক্ষ্য নিয়ে পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেনও।এ দেশে এই রোগের প্রকোপ বেশি কি না এমন প্রশ্নের উত্তরে ফ্রিডল্যান্ড বলেন, ‘পৃথিবীর সব দেশেই এমন সমস্যা নিয়ে শিশুরা জন্মাচ্ছে। তবে উন্নত দেশগুলোতে খুব দ্রুত সার্জারির মাধ্যমে মুখের এই অস্বাভাবিকতা দূর করা হয়। এই কারণে বিষয়টি চোখে পড়ে না। আমি মনে করি কেবল দারিদ্রের সঙ্গে এই রোগের সম্পর্ক নেই।’কেন শিশুরা এমন সমস্যা নিয়ে জন্মায়? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক কারণেই এটা হতে পারে। জিনগত, পরিবেশগত ও খাবার-দাবারের সঙ্গে এ সমস্যার যোগ আছে বলে দেখা গেছে। অনেক সময় বাবা-মায়ের জিনগত ত্রুটি থাকে। এ কারণেও শিশুর এমন সমস্যা হয়। আবার শিশু গর্ভে থাকার সময় মা যদি যথেষ্ট ফলিক এসিডসমৃদ্ধ খাবার বিশেষ করে ফল-মূল না খান তাহলেও এটা হতে পারে। খাবারে বিষাক্ত উপাদান অর্থাৎ ভেজাল থাকলেও গর্ভের শিশু ঠোঁট ও তালুকাটা সমস্যা নিয়ে জন্মাতে পারে। ক্রমবর্ধমান পরিবেশ দূষণের কারণেও এ রোগের প্রকোপ বাড়ছে।’ফ্রিডল্যান্ড সুযোগ পেলে আবারও এ দেশে আসতে চান। গতবার রোটাপ্লাস্ট দলের সঙ্গে এসে যাদের চিকিৎসা দিয়েছিলেন সেসব শিশুর খোঁজ নিয়েছেন এখানে এসেই। অসম্পূর্ণ মুখ নিয়ে জন্মানো এই শিশুদের জীবনে হাসি শব্দটা ছিল না। এখন হাসি ফিরে এসেছে তাদের জীবনে। তাই শিশুদের হাসতে দেখলে অপার্থিব আনন্দ হয় ফ্রিডল্যান্ডের। এই আনন্দের রসদ খুঁজতেই তিনি ছুটছেন দেশ থেকে দেশে।