শিশুদের মুখে হাসি ফোটাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা
শামীম, মিজান, আসিফ, টিপু ও মাসুম। পরনে হাফ প্যান্ট ও মলিন শার্ট। বয়স সবারই ছয় থেকে আটের ঘরে। তারা কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ক্যানটিন ও ঝুপড়ির দোকানে। দিনরাত খেটে যে অল্প টাকা পায়, মাস শেষে তা মা-বাবার কাছেই পাঠিয়ে দেয়। তাই তো টাকার অভাবে তাদের জোটে না একটি সস্তা কাপড়ও, সেখানে শীতবস্ত্র কেনা তো অকল্পনীয় ব্যাপার।
এই শিশুগুলোর হাতেই এবার প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা তুলে দিলেন শীতবস্ত্র। শীতবস্ত্র পেয়ে সে কী উচ্ছ্বাস তাদের চেহারায়। শীতবস্ত্র পেয়ে শামীম বলে, ‘শীতের কাপড় পেয়ে খুব ভালো লাগছে। আপু-ভাইয়ারা কাপড় না দিলে এই শীতে আমার খুব কষ্ট হতো।’
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমানের মাঠে ক্যাম্পাসের বিভিন্ন ক্যানটিন ও ঝুপড়ির দোকানে কাজ করা ১০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেন বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি রাজীব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সাঈদা সরোয়ার, সদস্য আবদুর রব, দপ্তর সম্পাদক মোহাম্মদ শামসুজ্জোহা, সহদপ্তর সম্পাদক কাইয়ুম আহমেদ, বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।