গ্যালারির লম্বা তাকের ওপর সারি সারি কাগজের গোলাপ, তার পাশে বিচিত্র জ্যামিতিক চেহারার ঘনবস্তু (কিউব)। এমন জটিল ও মনোমুগ্ধকর অরিগ্যামির প্রদর্শনী চট্টগ্রামের অনেক দর্শকই আগে দেখেননি। পাশেই ছিল পৃথিবী বিখ্যাত শিল্পীদের ঢঙে আঁকা পোর্ট্রেট। এসব দেখতে দেখতে হঠাৎ এসে থমকে যেতে হয় প্যাস্টেলে আঁকা ফালি করে কাটা তরমুজের জীবন্ত ছবিগুলোর সামনে। আর ট্রেসিং কাগজে আঁকা পিঁপড়ে, পোকা-মাকড়ের অবিকল প্রতিরূপও কী কম বিস্ময় জাগায়?
প্রতিষ্ঠিত শিল্পীরা নন, এসব শিল্পকর্মের স্রষ্টা নগরের উইলিয়াম কেরি বিদ্যালয়ের শিশুরা। ‘ডব্লিউসিএ আর্টস অ্যান্ড ডিজাইন ফাউন্ডেশন শো-২০১৪’ শিরোনামে ২২ মে সাত দিনের এই প্রদর্শনী শেষ হয় নগরের সার্সন রোডের হাটখোলা গ্যালারিতে।
১৬ মে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার। অতিথি ছিলেন শিল্পী অলক রায়, হাটখোলার সভাপতি শোয়েব ফারুকি, সমন্বয়কারী কবি ইউসুফ মুহাম্মদ ও উইলিয়াম কেরি বিদ্যালয়ের চ্যান্সেলর মারলিউ লং।
প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো উলিয়াম কেরি বিদ্যালয়ের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের করা। তাদের এই সৃজনকর্মের পেছনের মানুষটি বিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিল্পী নিলুফার চামান।
প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বড়রা অনেক সময় অনেক কিছু ভাবতে পারে না, কিন্তু শিশুরা তা পারে। এখানে অনেক শিশু যে ধরনের অরিগ্যামির কাজ দেখিয়েছে তা স্থাপত্যশিল্পের কাছাকাছি। কাগজ ও অন্যান্য মাধ্যম নিয়ে কাজ করতে করতে শিক্ষার্থীদের মধ্যে শিল্পের প্রতি অনুরাগ জন্মেছে।’
‘আওয়ার অনিয়ন’ শিরোনামের সিরিজ পেইন্টিংয়ে দেখা গেল পেঁয়াজের অঙ্কুর গজানোর দৃশ্য। শিক্ষক নিলুফার জানালেন, শিক্ষার্থীরা বহুদিন ধরে পেঁয়াজের চারা গজানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে, বিষয়টি বাস্তবের চেয়েও বড় করে এঁকেছে। তিনি আরও বলেন, ‘এখন সুপার রিয়েলিজমের যুগ। তাই আমিও শিশুদের এই ধরনটিতে উৎসাহিত করছি।’ ট্রেসিং কাগজে আঁকা পোকা-মাকড়ের ছবিতেও সেই ভাবনারই প্রতিফলন দেখা গেল।
এসবের পাশাপাশি বিখ্যাত শিল্পীদের ছবি কপিও (নকল) করেছে শিক্ষার্থীরা। নিলুফার জানান, এর মধ্য দিয়ে শিশুরা কেবল বিখ্যাত শিল্পীদের সঙ্গে পরিচিতই হয়নি, তাঁদের আঁকার ধরনও রপ্ত করেছে।
১৬ মে উদ্বোধনীর দিন ঘোষণা করা হয় প্রদর্শনীর সেরা শিল্পীদের নাম। সেরা শিল্পকর্মের জন্য একাদশ শ্রেণীর শিক্ষার্থী আরওয়া ও এজিন এবং দ্বাদশ শ্রেণীর নাফিস, দিলশান, ফাইরুজ, বেনার, সুচেতা ও প্রণয়ের হাতে পুরস্কার তুলে দেন শিল্পী অলক রায়।