
দেশের শ্রেষ্ঠ নাগরিক শিশুরা, সাহিত্যের শ্রেষ্ঠ জায়গা শিশুসাহিত্য। শিশুর স্বপ্নের ও কল্পনার জগৎটাকে তৈরি করেন শিশুসাহিত্যিকেরা।যে দেশ শিশুদের নিয়ে ভাবে না সেটি স্বপ্নহীন দেশ।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে তৃতীয় শিশুসাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সম্মেলন উপলক্ষে শিশুসাহিত্যিক ও সাহিত্যের নানা অঙ্গনের কবি-লেখকদের মিলনমেলা বসেছিল সেদিন। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের উদ্বোধন করেন কবি আবু হাসান শাহরিয়ার। সাহিত্যিক আনোয়ারা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আসলাম সানী, ফাহমিদা আমিন, ওমর কায়সার, তপংকর চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, সাহিত্যের মাধ্যমে যিনি শিশুদের মন জয় করতে পারেন, তিনিই সার্থক সাহিত্যিক। শিশুসাহিত্যকে সমৃদ্ধ করতে একে নিয়ে আরও অনেক কাজ করতে হবে। শিশুদের স্বপ্নের জায়গা করে দেওয়ার দায়িত্ব সাহিত্যের অভিভাবকদের। কারণ বড়দের অসচেতনতার কারণেই শিশুরা সৃজনশীল ও মননশীল চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। কবি আবু হাসান শাহরিয়ার বলেন, লেখকের মধ্যে যদি শিশুমনটি না থাকে তবে তাঁর পক্ষে কবি হওয়া সম্ভব নয়। শিশুদের নিয়ে কাজ করতে হলে তাদের মনস্তাত্ত্বিক বিষয়-আশয় বুঝতে হবে। কবি আসলাম সানী বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছড়া এ দেশের মানুষের মধ্যে প্রেরণা জাগিয়েছে। এদেশের শিশুসাহিত্য যথেষ্ট উন্নতি লাভ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘বাংলাদেশের শিশুসাহিত্য: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা হয়। সৈয়দ মো. আলী আজিজের সভাপতিত্বে এতে অংশ নেন আনজীর লিটন, শাহাবুদ্দিন নাগরী, নাসের মাহমুদ, উত্তম সেন, প্রবীর বিকাশ সরকার প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে স্বরচিত লেখা পাঠ শেষে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।