শিশুদের ‘হ্যাঁ’ বলুন
শিশুদের শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে পরিবারের ভূমিকা দিন দিন গৌণ হয়ে পড়ছে। পরিবারের সদস্যদের কাছ থেকে শিশুরা সব সময় নতুন কিছু জানতে ও শিখতে চায়। কিন্তু বয়স্করা শিশুর এই আগ্রহকে গুরুত্ব দেন না। শিশুদের অধিকাংশ ক্ষেত্রেই ‘না’ বলা হয়। কেবল পরিবারেই নয়, বিদ্যালয়েও নেই শিশুবান্ধব পরিবেশ। শিশুদের খেলাধুলা ও বিনোদনের সুযোগও সীমিত। শিশুর স্বাভাবিক বিকাশের জন্য তাকে সব সময় ‘হ্যাঁ’ বলা উচিত।মঙ্গলবার বিকেলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘শিশুর গুণগত শিক্ষা এবং সুস্থ বিনোদন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। দ্য ডেইলি স্টার চট্টগ্রাম অফিসের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রামের সহকারী উপকমিশনার (শিক্ষা) সাইদুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) প্রধান নির্বাহী শিশির দত্ত, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, কাউন্সিলর রেহেনা বেগম, প্রথম আলো চট্টগ্রাম অফিসের সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, খেলাঘরের সাধারণ সম্পাদক রোজী সেন, ড্রিম ওয়েবার্স একাডেমির অধ্যক্ষ গুলেরানা সিদ্দিকী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, শিশুবান্ধব শিক্ষা বিশেষজ্ঞ সৌরভ সাখাওয়াত, সেন্ট প্লাসিডস হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ গোমেজ এবং জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালাম।আবুল মোমেন বলেন, অধিক জনসংখ্যার কারণে সরকার শিশুদের বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে পারছে না। এ দেশে সাড়ে তিন কোটি শিশুকে বিনা মূল্যে বই দেওয়াটাই সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ কারণে শিশুর মেধা ও সৃজনশীলতা বিকাশের জন্য করণীয় কাজটুকু করা হয়ে ওঠে না। চট্টগ্রামের সহকারী উপকমিশনার (শিক্ষা) সাইদুল ইসলাম বলেন, ‘শিশুর ছয় বছর বয়স হওয়ার আগেই তার ওপর পড়ালেখার বোঝা চাপিয়ে দিই আমরা। শিশুদের আনন্দময় শৈশব গড়ে দেওয়া আমাদের সবারই দায়িত্ব। শিক্ষানীতিতে শিক্ষার্থীদের দ্বারাই শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি রাখা উচিত।’ চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সরকার বিনা মূল্যে বই বিতরণ করছে। এ কারণে বইয়ের দোকানে যান না অভিভাবকেরা। তাই সাহিত্য-সংস্কৃতি-প্রকৃতি পাঠের জন্য সহায়ক বইও তাদের হাতে আসে না।