চন্দ্রঘোনা কাগজ কল হাসপাতালের সাবেক উপব্যবস্থাপক মৃণাল কান্তি বড়ুয়া মুক্তিযুদ্ধের সময় আগরতলা জিবি হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা শিবিরে দায়িত্ব পালন করেন। তাঁর জবানীতে নানা ঘটনা তুলে ধরেছেন মুহাম্মদ শামসুল হক।‘মুক্তিযুদ্ধের সময় আমার দায়িত্ব ছিল আগরতলা জিবি (গোবিন্দ বল্লব) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা শিবিরে আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক বিষয় তত্ত্বাবধান করা। হাসপাতাল এবং বিভিন্ন ক্যাম্পে যেসব করুণ, মর্মস্পর্শী দৃশ্য দেখেছি, তা মনে পড়লে এখনো বাকরুদ্ধ হতে হয়। ভর্তি হওয়া সাধারণ নারী-পুরুষ কিংবা মুক্তিযোদ্ধাদের কারও হাত, কারও পা নেই। কারও মাথা ফাটা, রক্তাক্ত অর্ধমৃত। শিশুসহ অনেকেই মারা গেছে চোখের সামনে। মারা যাওয়ার আগে কেউ কেউ জানতে চাইতেন, ‘দেশ কখন স্বাধীন হবে? কখন আমরা দেশে ফিরব?’ বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত এসব প্রশ্নের সঠিক কোনো জবাব দিতে পারতাম না, মিছেমিছি সান্ত্বনা দেওয়া ছাড়া।নারীদের মধ্যে অনেকেই ছিলেন ধর্ষিতা। জেনেছি, দেশ থেকে পালিয়ে আসার সময় বিভিন্ন জায়গায় পাঞ্জাবিদের হাতে এসব মেয়ে ধরা পড়ে। পরে তাঁদের অনেককে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। আমাদের ক্যাম্পে এ রকম বেশ কজন মেয়েকে আমি চিনতে পেরেছিলাম। প্রভাবশালী পরিবারের মেয়ে সবাই। পথে উদ্ধারকারীরা তাঁদের গলায় খ্রিষ্টানদের ক্রেস্ট লাগিয়ে দিয়েছিলেন, পরে যাতে কেউ তাদের আক্রমণ না করে। কারণ, তখন ‘চায়না বৌদ্ধ’ এবং খ্রিষ্টানদের ওপর পাঞ্জাবিরা নির্যাতন করত না।আমার গ্রামের বাড়ি রাউজান উপজেলার আবুরখীল গ্রামে। একাত্তরের উত্তাল মার্চে চাকরি ছিল চন্দ্রঘোনার কর্ণফুলী কাগজ কল হাসপাতালে। ২৬ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে জানতে পেরে আমার মনও ব্যাকুল হয়ে ওঠে যুদ্ধে যাওয়ার জন্য। বাড়ি এসে কয়েকজন বন্ধুর সঙ্গে পরামর্শ করি—কী করা যায় এবং কীভাবে ভারতে যাওয়া যায়। কয়েক দিন পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ আসে কাজে যোগ দেওয়ার জন্য। অন্যদিকে এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ বিভিন্ন বিদেশি বেতারে মুক্তিযুদ্ধবিষয়ক সংবাদ শুনে যুদ্ধে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিই। শেষ পর্যন্ত এপ্রিলের মাঝামাঝি গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে রওনা দিই ভারতের উদ্দেশে। কিছু পথ নৌকা আর বেশির ভাগ পথ হেঁটে মানিকছড়ি গিয়ে বৌদ্ধমন্দিরে রাতটা কোনো রকমে কাটাই। সকালে অধ্যাপক খালেদের সঙ্গে দেখা করে তাঁর পরামর্শে রামগড়, সাবরুম ও আগরতলা বেনুবন বৌদ্ধবিহার হয়ে পৌঁছি এমবিবি কলেজ হোস্টেলে। সেখানে দেখি আবদুল কুদ্দুস মাখন, চৌধুরী হারুনূর রশিদ, কমরেড আবদুস সাত্তার, মতিয়া চৌধুরীসহ অনেককেই। আমি হাসপাতালের লোক জেনে আবদুল কুদ্দুস মাখন আমাকে ক্যাপ্টেন সাদেকের কাছে পাঠান। তিনি পাঠান জিবি হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন দত্তের কাছে। ডা. রথীন দত্ত, এইচ এস রায় চৌধুরী, ডা. মৃণাল কান্তি ভৌমিক, ডা. চণ্ডী আচার্য ও ডা. পালের সমন্বয়ে ইন্টারভিউ বোর্ড সন্তুষ্ট হয়ে আমাকে দায়িত্ব দেন। অন্যদের সঙ্গে আমার থাকার ব্যবস্থা করা হয় ‘৭৯ টিলা ক্যাম্প’ নামে ত্রাণশিবিরের একটি বাড়ির দোতলায়। জিবি হাসপাতাল, ইন্ডিয়ান রেডক্রস এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে চিকিৎসা শিবির পরিচালনায় অন্যদের মধ্যে ছিলেন ডা. সরোজ খাস্তগীর, ডা. সুনীল শীল, আশীষ দাশগুপ্ত, কমিউনিস্ট পার্টি নেতা সাইফুদ্দিন আহমেদ মানিকের ছোট ভাই মো. বেলাল, সাধন ঘোষ, সমীর ঘোষ প্রমুখ। জিবি হাসপাতালের অভ্যন্তরীণ ও বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া ছাড়াও আমরা জিরানিয়া, হাঁপানিয়া, বকসুনগর, সালদা, রাণীবাজার প্রভৃতি এলাকার মুক্তিযোদ্ধা ক্যাম্প পরিদর্শন করে প্রয়োজনীয় সেবা দিতাম। চিকিৎসা বিভাগের লোক না হয়েও একদল নারী হাসপাতাল ও বিভিন্ন ক্যাম্পে রোগীদের সর্বোচ্চ সেবা দেন স্বতঃস্ফূর্তভাবে। ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পর দলে দলে লোকজন দেশে ফিরলেও আমি ফিরি আড়াই মাস পর ফেব্রুয়ারির শেষের দিকে। কারণ, ডা. রথীন বলেছিলেন, ‘আপনি আহত মুক্তিযোদ্ধাদের রেখে যেতে পারবেন না। তাঁদের সবাইকে বিদায় করেই যেতে হবে।’ সেই দায়িত্ব পালন করেই ফিরে আসি দেশের মাটিতে। ৩১ জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধাসহ প্রায় ৩২ হাজার নারী-পুরুষ শিশুকে চিকিৎসা দেওয়া হয় হাসপাতাল ও শিবিরগুলোতে। কোনো কিছু পাওয়ার লোভ বা মোহে সেদিন মুক্তিযুদ্ধে যাইনি। তাই কোনো প্রশংসা বা সনদপত্র পাওয়ার জন্য চেষ্টা করিনি। কারণ, জীবনসায়াহ্নে এ ধরনের সনদ, প্রাপ্তির ঝুলিতে কিছু যোগ করবে না। তবে এ রকম সনদ থাকলে দেশ আমাকে স্বীকৃতি দিয়েছে ভেবে গৌরব বোধ করতে পারতাম। এই গৌরবের অংশীদার হতে পারত আমার সন্তানেরা।