শিশুপার্কে সন্ধ্যা নামে সুরে সুরে। বেড়াতে এসে গানের আসর! বাড়তি এই পাওয়ায় সেকি উচ্ছ্বাস শিশুদের। শুধুই কী শিশু, বাদ যাননি বড়রাও। সবাই মেতে ওঠেন গানে-আনন্দে। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিশুপার্কে দর্শকদের গানের সুরে মাতিয়ে তোলেন শিল্পী মো. মাসুদ। শেষ বিকেলে ‘এমনো তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’ গানের মধ্য দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর তিনি গেয়ে শোনান ‘রূপ সাগরে ঝলক মারিয়া, কি রূপ তুই ...’। ততক্ষণে দর্শকসারিতে ভিড় বাড়তে থাকে। মঞ্চে মাসুদের সঙ্গে যোগ দেন নাসরিন। তাঁরা দুজন একে একে পরিবেশন করেন ‘আমার গরু গাড়িতে বউ সাজিয়ে, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘বুকে আছে ভয় মনে আছে আশা’ গানগুলো।এবার মাসুদ দরাজ কণ্ঠে গেয়ে ওঠেন ‘মনের জানালা’। দর্শক অনুরোধে তিনি গেয়ে শোনান ‘আবার এল যে সন্ধ্যা, শুধু দুজনে’, ‘ছেড়ে গেলাম মাটির পৃথিবী, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’। গানে গানে তখন সন্ধ্যা সাড়ে সাতটা। পার্কে ঘুরতে আসা দর্শকদের বেশির ভাগ তখন সুরে বিমোহিত। বিরতির পর আবার শুরু করেন মাসুদ—‘এই নীল মণিহার’। একে একে গেয়ে শোনান ‘ওই দূর পাহাড়ে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’, ‘পিচ ঢালা এই পথটারে’, ‘যদি তোমায় আমি চাঁদ বলি’। সবশেষে গেয়ে শোনান ‘নীলাঞ্জনা’। অমর একুশে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মাসিক সংগীতানুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম শিশুপার্ক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আব্দুস সালাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিশু পার্কের ব্যবস্থাপক সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন গীতিকার ও শিল্পী সানাউল্লা শানু, লায়লা কবির কলেজের অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী, অধ্যাপক আহমেদ শাহীন আলরাজি ও সিটিভির সংবাদ পাঠিকা নাসরিন ইসলাম। প্রতিযোগিতায় সুন্দর হাতের লেখা ‘ক’ বিভাগে প্রথম হয় সাদিয়া তাহমিনা, ‘খ’ বিভাগে নাবিহা আজাদ ও ‘গ’ বিভাগে মাইশা কাউসিল। যেমন খুশি তেমন সাজোতে প্রথম তাসফিকুল ইসলাম। উপস্থিত বক্তৃতা ‘ক’ বিভাগে প্রথম ইয়াছির জোনায়েদ ও ‘খ’ বিভাগে প্রসূন কর। চিত্রাঙ্কন ‘ক’ বিভাগে প্রথম সাদিয়া রহমান, ‘খ’ বিভাগে শিরোফা মজুমদার ও ‘গ’ বিভাগে উমামা সালসাবিন হোসেন। সাধারণ জ্ঞান ‘ক’ বিভাগে অন্বয় বড়ুয়া, ‘খ’ বিভাগে সানজানা তাসফিয়া ও ‘গ’ বিভাগে অরিত্র বড়ুয়া। দেশাত্মবোধক গানে ‘ক’ বিভাগে প্রথম হয় ঐশী চৌধুরী ও ‘খ’ বিভাগে তামরিন হোসেন।