শিশুপার্কে পিঠাপুলির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য রকম সাজে সেজেছে শিশুপার্ক। সকাল থেকে শিশুদের মেলা। চারদিকে রকমারি পিঠাপুলির ম-ম গন্ধ। পিঠা খাওয়ার আনন্দে মেতেছে শিশুরা, বাদ যাননি বড়রাও। ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয় কাজির দেউড়ি শিশুপার্কে। উৎসব উদ্বোধন করেন আকিজ গ্রুপের পরিচালক শেখ শামীম উদ্দিন। তিনি বলেন, ‘আমরা সব সময় অনন্য ও বিচিত্রধর্মী আয়োজনে বিশ্বাসী। প্রতিবছরই এ ধরনের উৎসবের আয়োজন করি। চট্টগ্রামে এটি আমাদের প্রথম আয়োজন।’ভিন্ন রকম ও নানা স্বাদের পিঠা নিয়ে উৎসবে অংশ নেয় ১৯টি স্টল। স্টলের নামেও ছিল ভিন্নতা। তিন পাগলের মেলা, পৌষ পার্বণ, প্রিয়ন্তি পিঠা, পৌষের পিঠা মেলা, নবান্ন পিঠা-পার্বণ, নান্দনিক পিঠাঘর, শীত পিঠাপুলি ইত্যাদি নামে নামকরণ করা হয় স্টলগুলো। স্টলে ছিল রকমারি পিঠা—হূদয়হরণ, সুখ পাকন, মেরা, গোলাপ, দেশি চমচম, তিল, বিনি, শঙ্খ, পদ্ম খাজা, চন্দ্রপুলি, আতিক্কা পিঠা, লবঙ্গ লতিকা, নারিকেলের সোনামুখী, শিমের ফুল প্রভৃতি। পাঁচ থেকে ৫০ টাকায় দর্শনার্থীরা যে যার মতো করে পছন্দমতো পিঠা কিনে খেয়েছে এখান থেকে। শীত পিঠাপুলি স্টলের শাহিন আক্তার বলেন, ‘শীতের পিঠার প্রতি মানুষের আগ্রহ বেশি। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি ছিল। বেশি বিক্রি হয়েছে হূদয়হরণ পিঠাটি।’ এ ছাড়া উৎসবে ছিল জাদু প্রদর্শনী ও গানের অনুষ্ঠান। উৎসবের শেষ দিনে অংশ নেওয়া স্টলগুলোর মধ্য থেকে তিনটিকে পুরস্কার দেওয়া হয়।