শিশুর অতিথি বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়াতে গিয়ে শিশুদের কোনো বিব্রতকর প্রশ্ন করা ঠিক নয়। মডেল: ফারজানা গাজী, পারভীন আক্তার, আইভি, ডেনি ও আরিবাহ।
ছবি: খালেদ সরকার

বলো তো দেখি, বাংলাদেশের রাজধানীর নাম কী? নেপালের মুদ্রার নাম জানো? ১ মে কী দিবস? ক্লাসে তোমার রোল কত? একটা ছড়া শোনাও তো বাবু। প্রায়ই রুহীকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় বাসায় আসা অতিথিদের কাছ থেকে। অতিথিদের সঙ্গে প্রায় রুহীরই বয়সী এক শিশু এসেছে। একটা প্রশ্নের জবাব দিতে না পারায় তিনি শিশুটিকে দেখিয়ে বললেন, আবির কিন্তু এটার উত্তর জানে।

অতিথি চলে যাওয়ার পর মায়ের কাছেও কম বকুনি শুনতে হয়নি রুহীকে। জানা প্রশ্নের উত্তর কেন পারল না, তার জন্য শুনতে হয়েছে বকাঝকা। কিন্তু মুখ ফুটে সে বলতেই পারল না, উত্তর জানা থাকলেও ঠিক ওই সময়ে সবার সামনে তার বলতে ইচ্ছা করছিল না। কিংবা তক্ষুনি মনে পড়ছিল না। এ ঘটনার পর থেকে বাসায় সেই অতিথিরা এলে মোটেও কাছে আসতে চায় না রুহী, চায় না কথা বলতে। কেমন যেন দূরে দূরে থাকে, বিরক্ত হয়। তবে কি অতিথির এমন আচরণে মনে কষ্ট পেয়েছে সে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিক্যাল সার্ভিসেস, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের কাউন্সেলর জোহরা আফরিন বলেন, ‘এমন পরিস্থিতিতে শিশুর নিজের গঠনমূলক ধারণার জায়গা নড়বড়ে হয়ে যায়। পরে শিশুর মনে যা নেতিবাচক প্রভাব ফেলে। আগে যদি কারও সামনে শিশুটির এমন পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা থাকে, তাহলে পরবর্তী সময়ে নতুন কোনো অতিথির সামনে সে লজ্জা পায়। আগের স্মৃতি ফিরে আসায় স্বাভাবিকভাবে “আমি পারি না”, “আমি পারব না” এই ধরনের ভাবনা তৈরি হয়।’

জোহরা আফরিন আরও জানান, এমন পরিস্থিতি থেকে শিশুর নিজেকে বিচার করার মনোভাব তৈরি হয়। পারলে আমি ভালো, না পারলে ভালো না, এমন ভাবনা আসতে পারে। আমার রোল সামনের দিকে হলে আমি জানি বা পারি, পেছনের দিকে হলে আমাকে আরও জানতে ও পড়তে হবে। সেই সঙ্গে তার বন্ধুদের বা অন্যদেরও অবস্থান কেমন, সেটি ভাবতে থাকে। ফলে শিশু নিজে হীনম্মন্যতায় ভোগে। এমন পরিস্থিতিতে শিশুর বন্ধু তৈরি করতে ও বন্ধুদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে অসুবিধা হয়। মনে মনে সে কল্পনা করতে থাকে, যাকে সে বন্ধু বানাবে, সে ভালো ছাত্র নাকি খারাপ ছাত্র। সে কি সবকিছু তার থেকে বেশি জানে, নাকি জানে না। যদি সেই বন্ধুটি তার থেকে ভালো বা খারাপ ফলাফল করে, তার সঙ্গে মিশতে সে আগ্রহবোধ করে না।

পরিবারের করণীয়

অতিথিদের সামনে কিছু বলতে না চাইলে মা–বাবাকে সেটা দ্রুত বুঝে নিতে হবে। অতিথির সামনে এমন পরিস্থিতিতে অনেক মা–বাবা শিশুকে তিরস্কার করেন। কেউ আবার সবার সামনে শিশুকে জোর করতে থাকেন, যা কিছুতেই উচিত নয়। তাঁদের বুঝতে হবে, শিশুর সে সময় বলতে ইচ্ছা না–ও করতে পারে। অভিভাবককেই তখন শিশুর পাশে দাঁড়াতে হবে। সুন্দরভাবে অতিথির এমন আচরণ শিশুকে বিব্রত করছে, সেটি জানানোর চেষ্টা করতে হবে। প্রয়োজনে অতিথিকে বুঝিয়ে বলুন তাঁর কাছ থেকে শিশু একটি বন্ধুত্বপূর্ণ আচরণ আশা করছে। ওই সময়ে শিশুর মনে কেমন অনুভূতি জন্মাচ্ছে, মা–বাবা সেটা সব থেকে আগে বুঝতে পারেন। এ ক্ষেত্রে তাঁদেরই সন্তানের পাশে আস্থার ঢাল হয়ে দাঁড়াতে হবে। সন্তানকে বোঝাতে হবে, আজ তুমি বলতে পারোনি কিন্তু তুমি এটা জানো। তুমি চাইলেই, চেষ্টা করলেই এসব জবাব দিতে পারতে। না বলতে পারায় তোমার কোনো লজ্জা পেতে হবে না। বরং লজ্জা ভেঙে সবার সামনে কথা বলার অভ্যাস করাতে পারেন।

অতিথির করণীয়

গবেষকেরা মনে করেন, এসব ক্ষেত্রে অনেক সময় অতিথি নিজে শৈশবে যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন, সেসব প্রশ্নেরই পুনরাবৃত্তি করেন। অতিথিরও তাঁর শৈশবের এমন পরিস্থিতির কথা স্মরণ করে এমন আচরণ করা থেকে বিরত থাকা উচিত, যাতে শিশু বিব্রত বোধ না করে। অতিথির সঙ্গে শিশুর সম্পর্ক হবে মধুর, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। কোথাও বেড়াতে গিয়ে শিশুদের পছন্দের মানুষ হতে চাইলে তার পছন্দের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন হাসিমুখে। তবে কোনো বিষয় নিয়ে শিশুকে বারবার বিরক্ত করা যাবে না। একই ব্যক্তির বারবার এমন আচরণে শিশু তার প্রতি বিরক্ত হয়। একই সঙ্গে তাঁকে অপছন্দও করতে পারে।