শিশুর উৎকণ্ঠায় কী করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর আবেগকে বুঝতে হবে। মডেল: ফারজানা ও ফারিশ। ছবি: অধুনা
শিশুর আবেগকে বুঝতে হবে। মডেল: ফারজানা ও ফারিশ। ছবি: অধুনা

সাত বছর বয়সী রাফি প্রায় কখনোই একা কিছু করতে চায় না। সব সময় মা বা বাবাকে আঁকড়ে ধরে রাখে। কারণে-অকারণে কেঁদে ওঠে। পরিবারের বাইরের কেউ নাম জিজ্ঞেস করলে উত্তর দেয় না, মুখ লুকিয়ে রাখে। একা থাকলে দাঁত দিয়ে আঙুলের নখ কাটে বা ঠোঁট কামড়ায়।
২
স্বর্ণা, বয়স ৯। তার সমস্যা অন্য রকম। সে সব সময় একটা ভীতির মধ্যে থাকে। কোনো কিছু বলার আগে, করার আগে দ্বিধায় ভোগে। নতুন কোনো পরিবেশে গেলে তার হাত-পা কাঁপে, গলা শুকিয়ে আসে, ঠিকমতো কথা বলতে পারে না।
সাধারণত উৎকণ্ঠা থেকে শিশুদের মধ্যে এ ধরনের আচরণ দেখা যায়। একেবারে এক-দেড় বছরের শিশু থেকে শুরু করে ১৪-১৫ বছরের কিশোর-কিশোরীদের মধ্যে এ সমস্যা দেখা দিতে পারে। সাধারণ যেসব কারণে শিশুদের মধ্যে উৎকণ্ঠিত আচরণ দেখা যায় তা হলো—
 শিশু যদি নিরাপত্তাহীনতায় ভোগে, প্রায়ই যদি সে দেখে তার মা-বাবা বা প্রিয়জন তাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে। এটাকে বলা হয় সেপারেশন এংজাইটি।
 সে যদি কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয় বা নির্যাতনের হুমকির মধ্যে বড় হয়।

 •শিশুর পরিবেশ যদি হয় তার প্রতি বিরূপ, যেমন সব সময় তার প্রতি এমন আচরণ করা হয় যেন সে অনাকাঙ্ক্ষিত। এই পৃথিবীতে সে না থাকলেই ভালো হতো।
 •পারিবারিক সংঘাতের মধ্যে যদি কোনো শিশু বেড়ে ওঠে, তবে তার মধ্যে উৎকণ্ঠা বেশি থাকে।
 •বিদ্যালয়ে যদি সে উত্ত্যক্ত বা বিদ্রূপের শিকার হয় বা সব সময় যদি তাকে কোনো একটি চাপের মধ্যে রাখা হয়, যেমন ‘তুমি যদি ভালো ফল করতে না পারো, তবে স্কুল থেকে বের করে দেওয়া হবে।’
 •শিশুর মনে যদি কোনো দ্বন্দ্ব জন্ম নেয়, তাকে যদি প্রতিনিয়ত দ্বিধার মধ্যে বড় করা হয়, যেমন বাবা ও মা যদি পরস্পরবিরোধী মত শিশুর ওপর চাপিয়ে দেন।
 সামাজিক অসংগতি, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ এবং প্রতিনিয়ত বীভৎসতা প্রত্যয় করলেও শিশুর মধ্যে উৎকণ্ঠা দেখা দিতে পারে।
পরিবেশ পরিস্থিতি ও কারণভেদে উৎকণ্ঠার লক্ষণ হতে পারে ভিন্ন। শিশুদের মধ্যে উৎকণ্ঠা বা ‘নার্ভাসনেস’ থাকলে যে লক্ষণগুলো বেশি দেখা যায় তা হলো—
 •মা-বাবাকে আঁকড়ে ধরে রাখা, তাঁদের থেকে আলাদা হলেই কান্নাকাটি করা বা চিৎকার করা।
 •সদ্য পরিচিত মানুষজনের সামনে নিজেকে গুটিয়ে রাখা, সাধারণ প্রশ্নের উত্তর না দেওয়া।
 কোনো নতুন পরিবেশ বা সামাজিক জমায়েত এড়িয়ে চলা।
 সব সময় চিন্তায় আচ্ছন্ন থাকা, কপাল বা ভ্রু কুঁচকে রাখা, মুখ নিচে নামিয়ে রাখা, দাঁত দিয়ে নখ কাটা।
 বিনা কারণে বা তুচ্ছ কারণে হঠাৎ করে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠা।
 ঘুমের ভেতর কথা বলা বা হঠাৎ ঘুম থেকে উঠে অসংলগ্ন কথা বলা বা ভয় পাওয়া।
 পেটব্যথা, মাথাব্যথা, বুক ধড়ফড়, ঘাম, মৃদু কাঁপুনি, মুখ শুকিয়ে যাওয়া, বমির লক্ষণ। কিন্তু এগুলোর কোনো শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় না।
 •বিদ্যালয়ে যেতে না চাওয়া, মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়া, খেতে না চাওয়া।
এ ধরনের লক্ষণ দেখা দিলে বাবা-মায়েরা যা করবেন—
 •মনে রাখতে হবে, উৎকণ্ঠা একটি সাধারণ বিষয়, এটি শিশুসহ সবার মধ্যে অবশ্যই থাকবে। কিন্তু অতিরিক্ত উৎকণ্ঠা, যা শিশু ও তার পরিবারের দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, সেটার মোকাবিলা করতে হবে।
 •শিশুর উৎকণ্ঠা কমানো মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে উৎকণ্ঠা সৃষ্টিকারী পরিবেশ-পরিস্থিতির সঙ্গে শিশুকে খাপ খাইয়ে নেওয়ার মতো করে তৈরি করা।
 •শিশুকে বারবার আশ্বস্ত না করে তাকে পরিস্থিতির ব্যাখ্যা দিতে হবে। শিশুর সঙ্গে সঙ্গে নিজেরাও যেন উৎকণ্ঠিত হয়ে না যান, সেদিকে খেয়াল রাখতে হবে।
 কোন বিষয়ে উৎকণ্ঠা করা উচিত আর কোন বিষয়ে উচিত নয়, সেটিও শিশুকে শেখাতে হবে।
 একটি রুটিন মেনে চলতে উৎসাহিত করা।
 তার আবেগকে বুঝতে শেখা, হঠাৎ করে তার ওপর রেগে না যাওয়া, ধৈর্য ধরা।
 শিশুকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে হবে, তাকে তার পছন্দ-অপছন্দ বেছে নিতে দিন। নিজেদের মতামত শিশুর ওপর চাপিয়ে দেবেন না।
 •শিশুর আত্মবিশ্বাসী আচরণকে উৎসাহিত করা।
 পারিবারিক সংঘাত এড়িয়ে চলা ও শিশুর জন্য নিরাপদ সামাজিক পরিবেশ তৈরির চেষ্টা করা।
 •শিশুর বন্ধু ও স্কুলশিক্ষকদের সাহায্য নেওয়া।
 প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং লক্ষণ কমাতে চিকিৎসক নির্দেশিত ওষুধ সেবন করানো।
 লেখক: সহকারী অধ্যাপক, শিশু-কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।
ই–মেইল: soton73-gmail.com