শিশুর ওজন বাড়ে পরোক্ষ ধূমপানে!

বাবা-মা বা নিকটজনেরা নিয়মিত ধূমপান করলে অল্প বয়সেই অতিরিক্ত ওজনের সমস্যায় পড়তে পারে শিশুরা। পরোক্ষ ধূমপানের কারণে শিশুরা ১০ বছর বয়সের মধ্যেই এমন মুটিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। নতুন এক গবেষণায় এ দাবি করা হয়েছে।
কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন্ডা পাগানি এই গবেষণার নেতৃত্ব দেন। পাগানি বলেন, ‘১০ বছর বয়সের মধ্যে যে শিশুরা মাঝে মাঝে বা নিয়মিত পরোক্ষ ধূমপানের শিকার হয়েছে, সমবয়সীদের তুলনায় তারা বেশি মুটিয়ে যেতে পারে।’
২ হাজার ৫৫টি পরিবারে মা-বাবার ধূমপানের অভ্যাস থাকা না থাকা এবং তাঁদের সন্তানদের পরিণতি পর্যালোচনা করা হয়েছে এই গবেষণায়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, গর্ভবতীরা ধূমপান করলে গর্ভস্থ সন্তানের যে ক্ষতি হয়, পরোক্ষ ধূমপানের এ প্রভাব প্রায় তার কাছাকাছি। বডি মাস ইনডেক্সের (বিএমআই) হিসেবে পরোক্ষ ধূমপানের শিকার শিশুরা বাকিদের তুলনায় দশমিক ৪৮ থেকে দশমিক ৮১ পয়েন্ট বেশি মুটিয়ে যেতে পারে।
গবেষকেরা বলছেন, পরিমাণগত দিক থেকে শিশুদের এই মুটিয়ে যাওয়া খুব বেশি মনে না হলেও বয়সের বিবেচনায় এটা খুবই ঝুঁকিপূর্ণ। ‘অডিপোসিটি রিবাউন্ড পিরিয়ড’ নামে পরিচিত শিশুদের বিকাশের একটি জটিল পর্যায়ে এই পরিবর্তন ঘটে। ফলে এই ওজন বাড়ার দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
অধ্যাপক পাগানি বলেন, শৈশবের একেবারে শুরুতেই মা-বাবা কিংবা নিকটজনদের কাছ থেকে এমন পরোক্ষ ধূমপানের শিকার হয়ে থাকলে শিশুদের স্নায়বিক বিকাশে স্থায়ী প্রভাব পড়তে পারে। ফলে এ বিষয়ে সবারই সচেতন হওয়া প্রয়োজন। এই গবেষণা প্রতিবেদনটি নিকোটিন অ্যান্ড টোব্যাকো রিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
ইন্দো এশিয়ান নিউজ অবলম্বনে