শিশুর কোলে শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, মা!’আর্ত কণ্ঠের ডাক শুনে সবাই ছুটে যায়।‘কী হইছে নুরী?’ মা মনোয়ারার প্রশ্নের জবাবে মেয়ে নুরী জানায়, বুকের দুধ মুখে নিয়েই বাচ্চা কাঁদছে।নুরীর বাচ্চা। বয়স মাত্র তিন দিন। আর সদ্য মা হওয়া নুরীর বয়স মাত্র ১৫ বছর। নিজেও কাঁদছে, কোলের বাচ্চাও কাঁদছে।অন্যদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে মা-শাশুড়ি ও প্রতিবেশীরা সবাই হাসছেন।নুরীর বয়স কত? ‘কত আর হইব! ১৪-১৫।’১৪-১৫ বছর বয়সে বাচ্চা! নুরী নিজেই তো বাচ্চা—প্রশ্ন করে নিজেই যেন বোকা বনে গেলাম। সবাই এমন দৃষ্টিতে দেখছে, যেন আমি পৃথিবীর সবচেয়ে আজব কথাটা জিজ্ঞেস করলাম।এত অল্প বয়সে বাচ্চা নেওয়া মেয়েদের স্বাস্থ্যের জন্য খারাপ—বলতেই নুরীর শাশুড়ি আঁতকে ওঠেন। ‘এইটা আপনে কী কন? বাচ্চা দেন আল্লায়। বয়সে কী আসে-যায়?’নুরী যেখানে নিজেই বাচ্চা, তার বেড়ে ওঠার জন্য পুষ্টির প্রয়োজন, সেখানে তার বাচ্চার দেখভাল নুরী কী করে করবে? প্রতিবেদক ও ফটোগ্রাফারের এমন আলোচনায় নুরীর মা মনোয়ারা এগিয়ে এসে বলেন, ‘মেয়েরা বড় হলে যেকোনো সময়ে বাচ্চা হতেই পারে। এতে কোনো সমস্যা হয় না।’কিন্তু সদ্য মা হওয়া নুরীর চেহারা দেখে মনে হলো না যে সে ‘সমস্যামুক্ত’। তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, শরীরের ভেতরে কোথাও অসহ্য ব্যথা রয়েছে। এ সময় ‘শরীর খারাপ’ হয়—এটাই তাকে বোঝানো হয়েছে। বাচ্চা হওয়ার পর শরীরে কোথাও কোনো সমস্যা বা ব্যথা হচ্ছে? জানতে চাইলে নুরী বলে, ‘না। ঠিকই আছে।’বাচ্চা হওয়ার সময় ভয় লেগেছে?মায়ের দিকে তাকিয়ে নুরীর জবাব, ‘না, ভয় লাগব কেন? মা লগে আছিল তো।’এর পরপরই গর্ব করে নুরীর মা জানান, এই ঘরেই ‘নরমাল ডেলিভারি’ হয়েছে। কিন্তু প্রসবের আগে-পরে চিকিৎসকের কোনো ধরনের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেননি নুরীর অভিভাবকেরা। তার ওপর বস্তির নোংরা পরিবেশে এই মা-শিশুর রোগ প্রতিরোধের জন্য কোনো বাড়তি ব্যবস্থাও নেওয়া হয়নি।নুরীদের বসবাস মোহাম্মদপুরে চান মিয়া হাউজিংয়ের পেছনে বাঁশবাড়ি বস্তিতে। গ্রামের বাড়ি ফরিদপুর। তাঁর বাবার ছোট্ট একটি চায়ের দোকান আছে। পালিয়ে গিয়ে নুরী বিয়ে করাতে ভীষণ অসন্তুষ্ট হন তিনি। এখনো মেয়ের সঙ্গে কথা বলেন না। একমাত্র সন্তান নুরীকে পড়ানোর ইচ্ছা ছিল বাবার। স্কুলে পড়তে পড়তেই বছর খানেক আগে বিয়ে করে নুরী। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তার সাফ জবাব, ‘ভালোবাসা হইছে, বিয়া করছি। সংসার করতাছি। ভালাই আছি।’নুরীর স্বামী জাভেদ (২০) রিকশা চালান। একই বস্তিতে থাকেন তিনি। তাঁর বাবা জয়নালও রিকশা চালান এবং মা আনোয়ারা বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। ‘বিয়ার আগে মা-বাবাকে জানাইতে মানা করছিল হেয় (জাভেদ)।’ নুরীর এই বক্তব্যে একটু খেপেই ওঠেন নুরীর শাশুড়ি। নুরীর দিকে দাঁত খিঁচিয়ে বলেন, ‘তুই ছেমরি আমার পোলার মাথা খাইছস, আবার মিছা কথা কস।’বাল্যবিবাহ আইনবিরুদ্ধ—জানানো হলে নুরীর শাশুড়ি মাথায় আঁচল টানেন। আমতা আমতা করে বলেন, ‘হ, হেগো বিয়া করাটা ঠিক হয় নাই। কিন্তু কইরা তো ফালাইছে। কী করুম। ফালাইয়া দিবার পারুম না।’ সদ্য মা হওয়া নুরীকে প্রচুর পরিমাণে শাকসবজি ও ছোট মাছ খাওয়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।তবে নুরী জানায় উল্টা তথ্য। বাচ্চা হওয়ার পর থেকে সে তার মায়ের কাছেই রয়েছে। শাশুড়ি এক বেলার খাবারও নিয়ে আসেননি। মায়ের কথামতো গত তিন দিন নুরী ভাতের মাড়, মিল্ক ভিটা দুধ ও শাকসিদ্ধ খেয়েছে।