শিশুর খিটখিটে মেজাজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর সুন্দর শৈশব যেন নষ্ট না হয়, তাই অকারণ চাপ দিবেন না। মডেল: পদ্মহেম
শিশুর সুন্দর শৈশব যেন নষ্ট না হয়, তাই অকারণ চাপ দিবেন না। মডেল: পদ্মহেম

কর্মজীবী বাবা-মা। সারা দিন পর যখন বাড়িতে ফেরেন তখন সন্তানকে কাছে পেতে চান। আবার অফিস-ফেরত মায়ের বুকে ঝাঁপিয়ে পড়া, সারাক্ষণ মায়ের কাছে থাকার জন্য সন্তানের থাকে আকুতি। অফিসের সময়টা অন্য কারও তত্ত্বাবধানে দিলেই সন্তানের মেজাজ খিটখিটে হয়ে যায়। অফিস-ফেরত মা যদি তখন কোলে নিতে চায় তখন হয়তো প্রকাশ পায় শিশুটির মেজাজ।
কর্মজীবী মা–বাবা সন্তানের এই খিটখিটে মেজাজের জন্য অপরাধবোধে ভোগেন। কিন্তু এখন সাধারণ মায়েদের সন্তানদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এ সমস্যা। খুব অল্পতেই খিটখিটে মেজাজ দেখায় শিশু। কেন এমনটা হয়? ‘পারিবারিক নেতিবাচক ঘটনা, শৈশবের বিরূপ পরিবেশ, সহিংস আচরণ প্রত্যক্ষ করা, সামাজিক প্রতিকূল পরিস্থিতি ইত্যাদি কারণ শিশুর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে। ফলে সে অসহিষ্ণু আচরণ, খিটখিটে মেজাজের হতে শুরু করে।’ বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন।
তাঁর মতে, পারিপার্শ্বিক পরিবেশ শিশুর খিটখিটে মেজাজের অন্যতম কারণ। এ ছাড়া শিশু যখন পুষ্টিহীনতায় ভোগে তখন তাঁর মেজাজ খিটখিটে হয়ে যায়। একটি বাড়ন্ত শরীরে যতটা পুষ্টি দরকার অনেক শিশু ততটা পায় না। সঠিক ক্যালরি, প্রোটিন, নানা রকম ভিটামিনের অভাবে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। পাশাপাশি ঘাটতি দেখা যায় মানসিক বিকাশে। পুষ্টিহীনতায় শারীরিক নানা অসংগতির সঙ্গে দেখা দেয় মেজাজ খিটখিটে হওয়ার বিষয়টি। স্কুলে বড্ড বেশি পড়ার চাপ কিংবা প্রতিনিয়ত মায়ের রুটিনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠা শিশুটি স্বাভাবিকভাবেই হয়ে যায় কিছুটা খিটখিটে মেজাজের। নজর রাখতে হবে আমাদের শিশু যেন পুষ্টিকর খাবার পায় নিয়মিত। সচেতন হতে হবে কোনোভাবেই অকারণ চাপের মধ্যে রেখে শিশুর সুন্দর শৈশব যেন নষ্ট না হয়।
সুলতানা আলগিন শিশুর মেজাজ খিটখিটের বিষয়ে আরও বলেন, অনেক পরিবারে এমন ঘটনা দেখা যায় যে পরিবারের কর্তা অফিস থেকে ফিরে স্ত্রী-সন্তানদের সঙ্গে কারণে-অকারণে খিটমিটে আচরণ করছেন, কিংবা ছেলেমেয়েরা বাবা-মা বা পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কোনো না কোনো কারণে মেজাজ খারাপ করছে প্রতিনিয়ত। যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের ওপর। একটা শিশু ছোটবেলায় যা দেখবে সে তা-ই শিখবে। ছেলে যদি বাবাকে সব সময় খিটখিট মেজাজে দেখে, তার মধ্যেও বড় হলে এ ধরনের আচরণ বাড়বে; যা অনেক ক্ষেত্রেই বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। পাশাপাশি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। অনেকের মধ্যে বিষণ্নতা, অ্যাংজাইটি ডিসঅর্ডার (অতিমাত্রায় উদ্বেগ ও অনিশ্চয়তাজনিত মানসিক সমস্যা), পার্সোনালিটি ডিসঅর্ডার (অস্বাস্থ্যকর চিন্তন ও আচরণ-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত মানসিক সমস্যা) ইত্যাদি মানসিক রোগগুলো দেখা যায়।
খিটখিটে মেজাজের সঙ্গে অনেক সময় অভিমানে শিশু মেঝেতে গড়াগড়ি দেয়, দেয়ালে মাথা ঠুকতে থাকে, লাথি দিয়ে সবকিছু ফেলে দেয়, যাকে সামনে পায় আঘাত করে, সবকিছু ভাঙচুর করতে থাকে—এ রকম মানসিক সমস্যাও দেখা যায়। এই সবকিছু নির্ভর করে পারিবারিক নেতিবাচক পরিবেশের ওপর। শিশুর প্রথম স্কুল যেহেতু পরিবার তাই ইতিবাচক শিক্ষাটা হতে হবে পরিবার থেকে। শিশুর এই সমস্যা সমাধানে অভিভাবকদের চরম ধৈর্য, সুব্যবহার এবং বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। শিশুকে এর জন্য বকাবকি বা মারধর করা যাবে না। দেখানো যাবে না কোনো রকম ভীতি।