
ছোট্ট শিশুটির ত্বক বা স্বাস্থ্যের যত্ন তো নিচ্ছেনই। তার চোখ দুটো ভালো আছে তো? ছোটবেলার চোখের নানা সমস্যার প্রভাব বড় হওয়ার পরও রয়ে যেতে পারে। পড়াশোনায়ও সমস্যা হতে পারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, পাঁচ বছরের মধ্যেই শিশুর চোখ পরীক্ষা করানো দরকার। স্কুলে ভর্তির আগেই এটি করানো ভালো।
জন্মের কয়েক মাসের মধ্যে শিশু ঠিকমতো দেখতে পায় কি না, তা লক্ষ করা উচিত মা-বাবার। কীভাবে বুঝবেন শিশুর দেখতে সমস্যা হচ্ছে, তা জানিয়েছেন তিনি।
সাধারণত ২০ ফুট দূর থেকে টেলিভিশন দেখা উচিত। চোখে সমস্যা হলে শিশু পাঁচ ফুটের কম দূরত্ব থেকে দেখতে চায়।
ঘন ঘন মাথা ব্যথা করা।
চোখ দিয়ে পানি পড়া।
বই খুব কাছে নিয়ে পড়া। স্বাভাবিকভাবে এক থেকে দেড় ফুট দূরত্ব থেকে পড়বে।
হাত দিয়ে একটা চোখ ঢেকে আরেকটা চোখ পরীক্ষা করা, সে ঠিকভাবে দেখছে কি না।
তিন মাসের শিশু আলোর দিকে তাকায়। আলোর দিকে তাকালে চোখের পাতার নড়াচড়া দেখে এক থেকে দেড় মাসের বাচ্চার দৃষ্টি সম্পর্কে ধারণা করা যায়। মুখের অবয়ব পরির্বতন হয় এবং একজনের চোখে চোখ রাখে।
এক চোখ অন্য চোখের থেকে সরে যাওয়া, চোখ কাঁপা, উজ্জ্বল কোনো কিছুর দিকে না তাকানো এবং চোখ স্বাভাবিকের তুলনায় বড় হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
শিশুর চোখ কীভাবে ভালো রাখা যায়
শিশুদের চোখ সব সময় পরিষ্কার রাখতে হবে।
মায়েদের গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’-যুক্ত খাবার খেতে হবে।
শিশুদের টিকার মাধ্যমে নিয়ম অনুযায়ী ভিটামিন ‘এ’ দিতে হবে।
সবুজ শাকসবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে। ফলমূল খেতে হবে।
ডায়রিয়া হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা করাতে হবে। জিংক ও ভিটামিন ‘এ’ খাওয়াতে হবে।