দেশের আইন অনুযায়ী জন্ম ও মৃত্যুনিবন্ধন সবার জন্য বাধ্যতামূলক। জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মসংক্রান্ত তথ্য নিবন্ধকের কাছে দিতে হবে। একইভাবে কেউ মারা গেলে মৃত্যুর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য জানাতে বাধ্য। এ নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করে না থাকলে ১৮ বছরের কম বয়সীরা বিনা মূল্যে এবং ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিরা ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করানোর সুযোগ পাচ্ছেন।সরকারি হিসাব অনুযায়ী, ২০০৬ সালে ১০ শতাংশ মানুষ জন্মনিবন্ধনের আওতায় আসে এবং এদের বেশির ভাগই শিশু। জন্মনিবন্ধনের জন্য সবার মধ্যে সচেতনতা বাড়াতে ২০০৭ সালে দেশে প্রথমবার জন্মনিবন্ধন দিবস পালিত হয়। এখন অবশ্য জন্মনিবন্ধনের হার অনেক বেড়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের দেওয়া তথ্যমতে, গত এপ্রিল-জুন মাসের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে জন্মনিবন্ধনের হার ৯৯ দশমিক ৪৫ শতাংশ। জন্মনিবন্ধন নিয়ে কাজ করা ব্যক্তিরা মনে করেন, অসচেতনতা, জন্মনিবন্ধনের গুরুত্ব বুঝতে না পারা এবং এ সম্পর্কে ধারণা না থাকার কারণে শতভাগ মানুষের জন্মনিবন্ধন হয়নি। লাগবে ১৬টি কাজে: নাগরিকত্ব ও জাতীয়তার অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ ও পাচার প্রতিরোধ, শিশুর বিভিন্ন অধিকার সংরক্ষণ, শিশুশ্রম বন্ধ করা এবং কোনো অপরাধের ক্ষেত্রে সেই ব্যক্তি শিশু কি না—এসব নির্ণয় করতে জন্মসনদ জরুরি। ব্যক্তির ক্ষেত্রে তার পরিচিতি ও বয়স নির্ধারণ এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্মনিবন্ধন অত্যন্ত প্রয়োজনীয়।জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন অনুযায়ী, পাসপোর্ট পেতে, বিয়ে নিবন্ধনে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে, সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগ পেতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, ভোটার তালিকা তৈরিতে এবং জমি নিবন্ধনে বয়স প্রমাণের জন্য জন্মসনদ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ২০০৬ সালে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দূতাবাসে জন্ম ও মৃত্যুনিবন্ধনের জন্য পৃথক বিধিমালা জারি করা হয়। সে অনুযায়ী, ব্যাংক হিসাব খুলতে, আমদানি ও রপ্তানি লাইসেন্স পেতে; গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগের অনুমতি, করদাতা শনাক্তকরণ নম্বর, ঠিকাদারি বা চুক্তির লাইসেন্স, ভবন নকশার অনুমোদন, ট্রেড লাইসেন্স, মোটরযানের নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ প্রয়োজন। অর্থাৎ আইন ও বিধি অনুযায়ী, মোট ১৬টি সেবা পাওয়ার ক্ষেত্রে এ সনদ জরুরি। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার জন্যও জন্মনিবন্ধন সনদ প্রয়োজন।পিছিয়ে আছে কিছু জায়গা: জন্মনিবন্ধনের ক্ষেত্রে অন্যান্য বিভাগের তুলনায় ঢাকা বিভাগ পিছিয়ে আছে। এ ছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চল, হাওরাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের বহু মানুষের জন্মনিবন্ধন হয়নি। ঢাকা বিভাগে জন্মনিবন্ধনের হার ৯০ দশমিক ৫৪ শতাংশ। জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের দেওয়া হিসাব অনুযায়ী অন্য বিভাগে জন্মনিবন্ধনের হার ঢাকার চেয়ে বেশি।ঢাকা সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ শুরু হয় ২০০৭ সালে। তখন জনগণকে সচেতন করার জন্য প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দ ছিল। ফলে সেই সময়ে জন্মনিবন্ধনের হার বাড়ে। তবে সচেতনতামূলক কর্মসূচির অভাবে ২০১০ সালের দিকে এতে কিছুটা ভাটা পড়ে। বর্তমানে সন্তানকে স্কুলে ভর্তি, ভোটার আইডি কার্ড করা বা পাসপোর্ট করাসহ কয়েকটি কাজে বাধ্য হয়ে লোকজন জন্মনিবন্ধন করছে। ১৬টি কাজে এ সনদকে বাধ্যতামূলক করার কথা থাকলেও তা হয়নি।ঢাকা সিটি করপোরেশনের একটি অঞ্চলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্য কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের স্বাক্ষরে জন্মনিবন্ধন সনদ বিতরণের ক্ষমতা দেওয়া আছে। তবে ওয়ার্ড কাউন্সিলররা বেশির ভাগ ক্ষেত্রে রাজনৈতিকভাবে নিয়োগ পান এবং তাঁদের জন্য সরকারি অফিস নির্দিষ্ট না থাকায় জন্মনিবন্ধনের নথি সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরবর্তী সময়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তারা এ সনদ দিচ্ছেন। অন্যদিকে এ করপোরেশনের ১০টি অঞ্চল কোথায়, কোন এলাকায় পড়েছে, এসব তথ্যও অনেকের জানা নেই। ফলে অনেকেই নিবন্ধন করতে উৎসাহ হারিয়ে ফেলছে। আবার জন্মসনদ ছাড়াই বিয়ে, স্কুলে ভর্তি ,ব্যাংক হিসাব খোলা ইত্যাদি হয়ে যাচ্ছে। এতে করে অনেকেই জন্মনিবন্ধন করার প্রয়োজনীয়তা অনুভব করেনা। জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বস্তির জনগণকে জন্মনিবন্ধনের গুরুত্ব ্বসেভাবে বোঝানো যাচ্ছে না। অন্যদিকে উচ্চবিত্তরা বিষয়টি পাত্তাই দিচ্ছেন না। অনেক শিক্ষিত লোকেরও ধারণা, ভোটার আইডি কার্ড বা এসএসসি পাসের সনদ থাকলে জন্মনিবন্ধনের প্রয়োজন নেই। সুবিধাবঞ্চিত, এতিম শিশুদের নিবন্ধন হচ্ছে না: জন্মনিবন্ধনের হার সন্তোষজনক পর্যায়ে পৌঁছলেও সুবিধাবঞ্চিত, এতিম, প্রতিবন্ধী, যৌনকর্মীর শিশুসহ বিভিন্ন শিশুরা এখনো এর আওতার বাইরে রয়ে গেছে। আইন অনুযায়ী, বাবার নাম না থাকলেও জন্মনিবন্ধন করা যাবে। তবে এ ক্ষেত্রে প্রক্রিয়াটি কী হবে, তা সুনির্দিষ্ট করে বলা নেই। সুবিধাবঞ্চিত যেসব শিশু পরিবার, এতিমখানাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকছে, তাদের জন্মনিবন্ধনের আওতায় আনা কিছুটা জটিল হয়ে যাচ্ছে। একইভাবে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরাও বাধ্য না হলে জন্মনিবন্ধনের আওতায় আসছে না। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান প্রথম আলোকে বলেন, শুধু প্রাতিষ্ঠানিক কোনো সেবা গ্রহণের ক্ষেত্রেই প্রতিবন্ধী ব্যক্তিরা নিবন্ধন করাচ্ছেন। মূলধারার বিদ্যালয়গুলো প্রতিবন্ধী শিশুদের ভর্তি করছে না। ফলে এ ক্ষেত্রেও নিবন্ধনের বাধ্যবাধকতা নেই। যৌনকর্মীদের শিশুদের বেলায়ও প্রায় একই ঘটনা ঘটছে। যৌনকর্মীর সন্তান ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে ‘শিশুদের জন্য আমরা’ নামের সংগঠন। এ সংগঠনের সভাপতি হাজেরা বেগম প্রথম আলোকে বলেন, আড়াই থেকে ১২ বছর বয়স পর্যন্ত সংগঠনে থাকা ২৪টি শিশুর মধ্যে মাত্র দুটি শিশুর জন্মনিবন্ধন করানো হয়েছে।