
শিশুদের বোঝার ক্ষমতা নাকি বড়দের মতোই—মনোবিজ্ঞানীরা এমনটাই বলেন। প্রতিটি ভালো বা খারাপ ঘটনা যেমন তারা বুঝতে পারে, তেমন বিশেষ কোনো উত্সবও উপভোগ করে ভরপুর। ঈদে বাচ্চাদের উপহার বলতে শুধু পোশাকের কথাই ভাবেন অনেকে। কিন্তু পোশাক উপহার দেওয়ার যে গতানুগতিক ধারা, সেটা থেকে আলাদা কিছু দেওয়া যেতে পারে এবার। সে ক্ষেত্রে শিশুর বয়স ও প্রয়োজনের সঙ্গে মিলিয়ে তার জন্য সহায়ক হবে এমন উপহার হওয়াই ভালো।
বাচ্চাদের বাসার আশপাশে খেলার পরিবেশ থাকলে ক্রিকেট ব্যাট, ফুটবল, টেনিস সেট, ব্যাডমিন্টন কিট, বাস্কেটবল ইত্যাদি দেওয়া যেতে পারে। এগুলো বায়তুল মোকাররম ও স্টেডিয়াম মার্কেটের নিচতলায় পাওয়া যাবে। এ ছাড়া নিউমার্কেট, বঙ্গবাজার, মিরপুরেও পাবেন। দাম ১ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে।
বাসায় খেলার জায়গা না থাকলে দিতে পারেন রিমোট কন্ট্রোলড হেলিকপ্টার, গাড়ি, পুতুলের সেট, দাবা, রান্নাবান্না খেলার সেট, পুতুল, পাজল কিউব, পেইন্টিং ডো, বিল্ডিং বক্স, বাইনোকুলার, আর্কিটেকচার সেট, খেলনা পশুপাখি ইত্যাদি। এগুলো ঢাকার যেকোনো খেলনার দোকানে পাওয়া যাবে। রিমোট কন্ট্রোলড গাড়ি আর হেলিকপ্টারের দাম দুই হাজার টাকা থেকে শুরু হয়। এ ছাড়া বাকি খেলনাগুলো চকবাজার থেকে কেনা যেতে পারে। তাতে দাম অনেক কম পড়বে।
বড়দের পড়তে দেখে বাচ্চাদেরও সাধারণত বইয়ের প্রতি আগ্রহ জন্মে। ওদের জন্য বই একটি চমত্কার উপহার হতে পারে। বাচ্চাদের কার্টুনসহ বই, রং করার খাতা, ডায়েরি, পেনসিল, রং-পেনসিল, কলম, জ্যামিতি বক্স, কালার পেপার, আর্ট পেপার, নানা আকার ও রঙের ইরেজার, ওয়াল পেইন্ট, টোনাটুনির গল্পের বইয়ের সিডি, রঙিন বর্ণমালা, বাংলাদেশের ম্যাপ, গ্লোব ইত্যাদি দেওয়া যায়। একটু বড় শিশুদের জন্য বৈজ্ঞানিক কল্পকাহিনি, প্রাণিজগৎ নিয়ে ছবিভিত্তিক বিশ্বকোষ (এনসাইক্লোপিডিয়া), ছড়ার সিডি, ক্যালকুলেটর দেওয়া যেতে পারে।
এ ছাড়া শিশুদের দিতে পারেন গ্লাস, প্লেট, টিফিন বক্স, পানির বোতল, উইন্ড চাইম, ছবির ফ্রেম ইত্যাদি দেওয়া যেতে পারে। এসবের দাম ১৫০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে হবে। এ ছাড়া তাদের স্বাস্থ্যের জন্য ভালো এমন বিস্কুট, চকলেটও দেওয়া যেতে পারে। বাচ্চাদের খাবার ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া স্কুলে নেওয়ার জন্য স্কুলব্যাগ পেলেও অনেকে খুশি হয়। সেটি পাবেন কাছের বাজারেই। দাম সাধারণত ৫০০ টাকা থেকে শুরু হয়।
সতর্কতা
ধারালো জিনিস বাচ্চাদের দেওয়া উচিত নয়। তাতে তার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বাচ্চাদের জন্য খাবার বা ব্যবহারের যেকোনো জিনিস কেনার ক্ষেত্রে পণ্যের মেয়াদ কত দিন আছে তা দেখা জরুরি। এ ছাড়া বাচ্চাদের চোখের ক্ষতি হয় এমন উপহার না দেওয়া ভালো। খুব দামি কিছু বাচ্চার অভ্যাসে অসুবিধা তৈরি করতে পারে।
বাচ্চাদের উপহারের জন্য অনেকেই তাদের সঙ্গে নিয়ে কেনার পক্ষপাতী, যা আসলে উপহারের আনন্দ অনেকাংশেই কমিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে বাচ্চা তার পছন্দমতো জিনিস দাবি করে, যা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। বাচ্চাদের মোবাইল ফোন, ট্যাব ইত্যাদি উপহার দেবেন না। পরে এগুলো তার জন্য ক্ষতির কারণ হয়।
বাচ্চাদের জন্য কোমল পানীয়, অতিরিক্ত আইসক্রিম, চিপস কখনোই উপহার হিসেবে কাম্য নয়। এ ছাড়া খেলনা বন্দুক, তলোয়ার, ছুরি ইত্যাদিও তার বিকাশের পথে বাধা হয়ে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন।