শিশুর জন্য চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র দেখে কেমন লাগল? প্রশ্ন করতেই মাথা দুলিয়ে ছোট্ট রিহান বলল, ‘দেখতে ভালো লাগে।’ প্রশ্নের উত্তর ঠিক হয়নি বুঝতে পেরে বড় বোন রিশা তাড়াতাড়ি বলে উঠল, ‘সব ছবিই সুন্দর কিন্তু কার্টুন ছবি দেখে ভালো লেগেছে বেশি।’ দুই শিশুর সঙ্গে স্টুডিও থিয়েটারে এসে ছবি দেখেছেন তাঁদের মা ফাহিমা আকতারও। তাঁর ইচ্ছা ছিল মিরসকি ছবিটি দেখবেন, বাচ্চাদের অসিলায় সেটা পূরণ হলো। সেই ইচ্ছাপূরণের সুযোগ করে দিয়েছে চিলড্রেন ফিল্ম সোসাইটি চট্টগ্রাম। গত ২৬-৩০ মার্চ চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ (ঢাকা) ও চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সহায়তায় চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করে সংগঠনটি।২৬ মার্চ সকাল সাড়ে ১০টায় মুসলিম ইনস্টিটিউটে উৎসবের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। শুরুতে শিশু-কিশোর দর্শকেরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। অধ্যাপক একিএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও গোলাম রাব্বানী, কবি আবুল মোমেন, মহিউদ্দিন বাবু ও বিধান বড়ুয়া। বক্তারা বলেন, ‘শিশুর মানসিক গঠন ও বিকাশে সুস্থ সংস্কৃতিচর্চা প্রয়োজন। তাদের উপযোগী চলচ্চিত্র নির্মাণ ও দেশি-বিদেশি শিশুতোষ চলচ্চিত্রের প্রদর্শনী হওয়া জরুরি।’ উৎসবে ২৪টি দেশের ৫০টি শিশুতোষ চলচ্চিত্র মুসলিম ইনস্টিটিউট, স্টুডিও থিয়েটার, ফুলকি মিলনায়তন, পাথরঘাটা বালিকা বিদ্যালয় ও ভাটিয়ারি প্লেপার্কে প্রদর্শিত হয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় মোরশেদুল ইসলামের পুতুল বিয়ে ও গোলাম রাব্বানী পরিচালিত সহযাত্রী ছবি দুটি। অ্যানিমেশন ছবিগুলো শিশুরা খুবই উপভোগ করেছে। ছিল আমাদের শিশুদের তৈরি ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র টুকটুকের চশমা, মিস ইউ, দ্য মাদার, বোধ এবং দ্য টেনিস বল। উৎসবের পরিচালক সাজ্জাদ হোসেন জানান, ‘বিভিন্ন দেশে শিশুদের জন্য প্রচুর ছবি তৈরি করা হয়। সে তুলনায় আমাদের দেশে কম হয়। আমাদের শিশুরা টেলিভিশনে কার্টুন দেখে, ভিডিও গেম ও কম্পিউটার গেম খেলে বড় হয়। এতে তাদের মানসিক বিকাশ হয় না। শিশুদের বিভিন্ন দেশের চলচ্চিত্র দেখানোই এ উৎসবের উদ্দেশ্য।’