শিশুর জন্য চাই আনন্দময় শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান শিক্ষাব্যবস্থা ও পাঠদানের পদ্ধতি শিশুকে সৃজনশীল হতে বাধা দিচ্ছে। বাজার যেমনটি চায় তেমন ছকেই বেড়ে উঠছে আমাদের শিশুরা। আগামী দিনের মানবিক মানুষ তৈরির প্রক্রিয়াও বন্ধ হয়ে গেছে।’ বলছিলেন খুলনার অরতীর্থ বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন। ফুলকির শিশুশিক্ষাবিষয়ক আন্তর্জাতিক পাঠচক্রে যোগ দিতে আসা সবাই কমবেশি এমন ভাবনায় আক্রান্ত হয়েছেন। দেশ-বিদেশের শিক্ষক ও শিক্ষাবিদেরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছিলেন পরস্পরের কাছে। কেবল প্রবন্ধ পাঠ আর নিরস আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না পাঠচক্র। নগরের জেলা শিল্পকলা একাডেমীতে ২১ জানুয়ারি শুরু হয় দুদিনের এই পাঠচক্র। প্রবন্ধ পাঠ, শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী, নাটক ও নৃত্যবিষয়ক বক্তৃতা ছিল প্রথম দিন। ২২ জানুয়ারি ফুলকি মিলনায়তনে বিভিন্ন দেশের শিক্ষাবিদেরা শিশুশিক্ষাবিষয়ক অভিজ্ঞতা তুলে ধরেন। শিশুদের জন্য একটি সৃজনশীল শিক্ষাব্যবস্থার প্রত্যয়ে আলোকিত হলো চারদিক।দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভারত, রাশিয়া, ফ্রান্স প্রভৃতি দেশের প্রাজ্ঞজনেরা। পাশাপাশি ফুলকির সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের শিক্ষাকর্মীরাও উপস্থিত ছিলেন। ২১ জানুয়ারি সকাল ১০টায় অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন পাঠচক্রের উদ্বোধন করেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শান্তিনিকেতন পাঠভবনের সাবেক অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর, রুশ দূতাবাস চট্টগ্রামের ভারপ্রাপ্ত কনসাল ভ্লাদিমিরি ইগরভ, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বার্থেট এবং চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সবিহ্-উল আলম। শুরুতে স্বাগত ভাষণে ফুলকির অবৈতনিক প্রধান নির্বাহী কবি আবুল মোমেন বলেন, ‘আমরা সবার জন্য প্রাথমিক শিক্ষা বললেও সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে পারছি না। যার ফলে আমরা পিছিয়ে পড়েছি।’ শিশুদের মধ্যে বহুজাতিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন স্যামুয়েল বার্থেট। তিনি বলেন, ‘ভিন্ন ভৌগোলিক এলাকার শিশুরা পরস্পরকে জানতে ইচ্ছুক। এতে শিশুদের মাঝে সৃজনশীল ব্যক্তিত্ব গড়ে উঠবে।’ রুশ দূতাবাস চট্টগ্রামের ভারপ্রাপ্ত কনসাল ভ্লাদিমির ইগরভ বলেন, ‘এ দেশে সৃষ্টিশীল মানবিক শিক্ষাকার্যক্রম নতুন প্রজন্মের অনেককে সৃজনশীল কাজে যুক্ত করবে।’সবিহ-উল আলম বলেন, ‘ফুলকি কাজ করছে বৈশ্বিক সমস্যা নিয়ে। এ সমস্যা সমাধানের এখনই সময়, নয় তো কখনো নয়।’শিশুর শৈশবকে বাধাগ্রস্ত না করে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার আহ্বান জানান শান্তি নিকেতন পাঠভবনের সাবেক অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর। তিনি বলেন, ‘আমরা শিশুশিক্ষার নামে শিশুর শৈশব হত্যা করে চলেছি। সবাই মিলে শিশুকে বড় করার মহড়া দিচ্ছি।’ উদ্বোধকের বক্তৃতায় ইতিহাসবিদ আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন বলেন, ‘অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের চেয়ে শিক্ষায় বিনিয়োগ সবচেয়ে লাভজনক। তাই সামাজিক অগ্রগতির জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।’ এরই এক ফাঁকে শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন শিল্পী অলক রায়।সবশেষে সভাপতির বক্তব্যে অনুপম সেন সব অভ্যাগতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শিশুর শিক্ষা হতে হবে আনন্দের, সৃজনশীল। প্রকৃত মানসগঠনে শিশুকে সৃষ্টির পরিবেশে গড়ে তুলতে হবে।’ এরপর চা বিরতি শেষে ‘ফুলকির প্রয়াস’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীতে ফুলকির নানা কর্মকাণ্ড তুলে ধরেন শীলা মোমেন এবং রাশেদ হাসান। মধ্যাহ্ন বিরতির পর গ্যালারির সেমিনার কক্ষে শিশুর বিকাশ, সংস্কৃতির ছাপ এবং শিশুশিক্ষাবিষয়ক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন শিশুশিক্ষা বিশেষজ্ঞ মমতাজ জাহান, অধ্যাপক শামসুল হোসাইন এবং শাহীন ইসলাম। সন্ধ্যায় মিলনায়তনে পরিবেশিত হয় ফুলকির শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক বনের পাখি মনের আনন্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি ছোটগল্প অবলম্বনে নাটকটি গ্রন্থনা ও রচনা করেন আবুল মোমেন। নির্দেশনা দেন অসীম দাশ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী ওমর ইবতেসাম নিবিড়, অনুরাগ দেব, রুসমিলা ইসলাম, সেঁজুতি সোমা, প্রণোদনা দাশ, জয়িতা বণিক প্রমুখ। দ্বিতীয় দিন ফুলকিতে শিশুশিক্ষাবিষয়ক অভিজ্ঞতা তুলে ধরেন অস্ট্রিয়ার মারতা, জার্মানির মিরিয়াম স্টাইরনল, কানাডার অ্যাশলে ম্যানুয়েল ও রাশিয়ার ওলগা রায়।