শিশুর টিফিন নিয়ে চিন্তিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিদ্যালয়গামী শিশুর ব্যাগে কী খাবার বা টিফিন থাকবে, তা নিয়ে মা-বাবার দুশ্চিন্তার অন্ত নেই। থাকবে না-ই বা কেন? নয়নমণি ছোট্ট শিশুটি দিনের অনেকটা সময়ই থাকে স্কুলে। সেখানে কেমন থাকছে, কী করছে—মায়ের বকুনির ভয়ে খাবার ফেলে দিচ্ছে, নাকি বন্ধুকে খাইয়ে দিচ্ছে; সেসব নিয়ে ভাবনা হতেই পারে। তবে আপনার সন্তানের পরিপূর্ণ বৃদ্ধি ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য টিফিনের খাবার বাছাই করার ব্যাপারে সতর্ক হতে হবে।
রাজধানীর ধানমন্ডির একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র কিয়ান আল-ফিব। টিফিনের ব্যাপারে তার দারুণ অনীহা। সে এখন স্কুলে কিছুই খেতে চায় না। বসুন্ধরা এলাকার একটি স্কুলের নার্সারির ছাত্রী ওয়ারিসা। ফ্রায়েড চিকেন তার সবচেয়ে পছন্দ। টিফিনের জন্য তাই বাধ্য হয়েই ফাস্ট ফুডের ওপর নির্ভর করতে হচ্ছে ওর মাকে। কিন্তু তাঁর দুশ্চিন্তাও হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নজরুল ইসলাম খান শিশুদের টিফিন সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘অনেক শিশু সকালের নাশতা না করেই স্কুলে যাচ্ছে। তাদের দুপুরের আগ পর্যন্ত নির্ভর করতে হয় টিফিনের ওপর। কিন্তু পেট খালি রাখা কখনোই উচিত নয়। এতে গ্যাস্ট্রিক থেকে শুরু করে অনেক সমস্যা ওই শিশুদের সারা জীবনের সঙ্গী হতে পারে। তাই সকালের নাশতার পাশাপাশি টিফিনের ব্যাপারেও সচেতন হতে হবে। স্কুলে কতটা সময় শিশুদের থাকতে হচ্ছে, তার ভিত্তিতে টিফিন সাজানো উচিত। বয়স অনুপাতে সারা দিনের প্রয়োজনীয় মোট পুষ্টির ওপরও নির্ভর করে শিশুর টিফিন কেমন হওয়া উচিত।
পেট পুরে খেলেই স্বস্তি নয়!
শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য শর্করা ও আমিষের গুরুত্ব অপরিহার্য। টিফিনে এ দুটি খাদ্য উপাদান সমপরিমাণে রাখতে হবে। সঙ্গে থাকবে সামান্য পরিমাণে চর্বি। ফ্রায়েড চিকেন, বার্গার, স্যান্ডউইচ ইত্যাদি ঘরের বাইরে তৈরি মুখরোচক খাবার শিশুদের কাছে বেশ লোভনীয় বলে অনেক অভিভাবক হয়তো নিরুপায় হয়ে তা টিফিন হিসেবে দিচ্ছেন। কিন্তু এতে পুষ্টির সঠিক চাহিদা মিটছে না। এসব খাবারে অতিরিক্ত ক্যালরি, চর্বি ও খনিজ উপাদান থাকে, যা শিশুর জন্য খুবই ক্ষতিকর। বরং ঘরে তৈরি যথেষ্ট পুষ্টিগুণসম্পন্ন সামান্য কিছু খাবার দিতে হবে সন্তানের টিফিন বক্সে।
টিফিনে কতখানি পুষ্টি প্রয়োজন?
আদর্শ হিসেবে চার-ছয় বছরের শিশুদের প্রতিদিন ১ হাজার ৭৫০ কিলোক্যালরি পুষ্টি প্রয়োজন। সে ক্ষেত্রে সকালের নাশতার পর টিফিনে হালকা কিছু খাবার দিলেই যথেষ্ট। আবার সাত-নয় বছরের ছেলেমেয়েদের জন্য প্রতিদিন প্রায় ২ হাজার ২০০ কিলোক্যালরি পুষ্টি দরকার।

কী থাকতে পারে টিফিনে?
টিফিনে এমন খাবার দিতে হবে, যা শিশুরা ঝটপট খেয়ে নিতে পারে। সাধারণত খাবারের ব্যাপারে ওরা বেশ খুঁতখুঁতে হয়। পছন্দ না হলে কিছু খাওয়ানো যায় না। সাধারণ একটি খাবারকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলে শিশুরা খেতে আগ্রহী হয়। যেমন রুটি-ডিম কিংবা সবজি, রোল করে অথবা ছোট ছোট বল করে তৈরি করে দিন, যা ওর জন্য লোভনীয় হবে। বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করে ফেলুন মজাদার সস। এ ছাড়া ফলমূল দিতে পারেন, কাস্টার্ড কিংবা কেকের আদলে। দুধ-ডিম দিয়ে তৈরি সুস্বাদু পুডিং অথবা নুডলসও দেওয়া যায়।

মা-বাবার জন্য একটু বাড়তি সতর্কতা
গরমের মৌসুমে ফ্লাস্কে ভরে দুধ দিলে তা পচে যেতে পারে। সেটা পান করে সুস্থসবল থাকার বদলে শিশু হয়ে পড়বে অসুস্থ। তাই পচে যেতে পারে, এমন খাবার টিফিনে দেওয়া উচিত নয়। আর টিফিন বক্সের সঙ্গে বিশুদ্ধ পানির ফ্লাস্কটি দিতে ভুলে যাবেন না। পানির ফ্লাস্ক ও টিফিন বক্স নির্বাচনে মানের দিকটি অবশ্যই মাথায় রাখুন, এগুলোই খাবারটির গুণাগুণ অক্ষুণ্ন রেখে আপনার সন্তানের কাছে পৌঁছে দেবে।
শিশুরা ছুটোছুটি না করলে একদমই ভালো লাগে না। তাই তার প্রয়োজনমতো ক্যালরি খাবারের মাধ্যমে সুনিশ্চিত করতে হবে এবং দৌড়ঝাঁপের মাধ্যমে সেই ক্যালরি নিঃশেষের জন্যও তাকে সুযোগ করে দিতে হবে। আপনার সন্তানের প্রতিটি দিন আনন্দময় করার উদ্দেশ্যে তাকে পর্যাপ্ত পুষ্টিগুণসম্পন্ন খাবার দিন। আর সারা দিনের মোট প্রয়োজনীয় খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ তো এই স্কুলের টিফিন।