
রুবেনের বয়স মাত্র সাত। পড়তে শিখেছে সে। সব সময় তার সঙ্গে থাকে হাঁটুসম উঁচু চার্লি রোবট। এটি রুবেনের রক্তে শর্করার মাত্রা যাচাই করে। আবার এক গ্লাস দুধে কী পরিমাণ শর্করা উপাদান আছে, সেটাও মেপে দেখে।
নেদারল্যান্ডসের এই শিশুটির জন্য এ রকম সাহায্যের গুরুত্ব অনেক। কারণ, এক বছর আগে তার ডায়াবেটিস ধরা পড়েছে। সমবয়সী অন্যদের মতো তারও ভালো লাগে জন্মদিনের পার্টি, বাইকে চড়া এবং ভিডিও গেমস। কিন্তু এসব কাজে তার রক্তের শর্করার মাত্রায় প্রভাব পড়ে। তাই বেঁচে থাকার প্রয়োজনেই রুবেনকে জেনে নিতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিয়মকানুন। আর এ কাজে তাকে নিরবচ্ছিন্ন সহায়তা করতে পারে চার্লি রোবট।
নেদারল্যান্ডসে প্রায় ছয় হাজার শিশুর শৈশবকালীন টাইপ-ওয়ান
ডায়াবেটিস রয়েছে। এ রোগে বছরে অন্তত একজনের মৃত্যু হয়। এই শিশুদের কল্যাণে নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি ও ব্রিটেনের একদল পেশাদার চিকিৎসক, রোবোটিকস প্রকৌশলী এবং শিক্ষাবিদ সমন্বিত উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে আক্রান্ত শিশুর সার্বক্ষণিক সঙ্গী হয়েছে চার্লি রোবট। সে খুবই বন্ধুসুলভ। হাত-পা নাড়িয়ে রীতিমতো চলাফেরা যেমন করতে পারে, তেমনি কথা শুনতে ও বলতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে তৈরি চার্লি রোবট পরীক্ষামূলক ব্যবহারের সময় প্রায় ৪০টি ডাচ শিশু অংশ নেয়। ৪৫ লাখ মার্কিন ডলারের প্রকল্পটির প্রথম পর্যায় গত মার্চে শুরু হয়। শিশু রোগীরা যখন হাসপাতালে চিকিৎসা নিতে যায়, তখন চার্লি রোবট বিভিন্নভাবে সাহায্য করতে পারে। নেদারল্যান্ডসে বর্তমানে দুটি ও ইতালিতে একটি রোবট এ দায়িত্ব পালন করছে। আর শিশুরা তাদের ট্যাবলেট কম্পিউটারের সাহায্যেও চার্লি রোবটের কাছে বিভিন্ন আবদার জানাতে পারে।
নেদারল্যান্ডসের এড শহরের গেলডার্স ভ্যালেই হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ গার্ট জান ফন ডার বুর্গ বলেন, ডায়াবেটিস আক্রান্ত একটি শিশু ও তার মা-বাবা প্রতি ১০ মিনিট পর পর রোগটি নিয়ে ভাবেন। এই দুশ্চিন্তার ভার ছাড়াও তাঁদের নানা সামাজিক বাধা মোকাবিলা করতে হয়।
টাইপ-ওয়ান ডায়াবেটিস হলে অগ্ন্যাশয় ইনসুলিন নামের হরমোন উৎপাদনে ব্যর্থ হয়। শরীরের প্রয়োজনীয় শক্তির জন্য রক্তে শর্করা ভেঙে গ্লুকোজে রূপান্তর করতে ইনসুলিনের দরকার হয়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাড়তি ইনসুলিন প্রয়োগ করতে হয়। আক্রান্ত শিশু ও তার অভিভাবকদের অবশ্যই এই ইনসুলিনের মাত্রা, রক্তে চিনির মাত্রা, শর্করাজাতীয় খাবার গ্রহণের পরিমাণ ইত্যাদি বিষয়ে স্পষ্ট জানতে হবে। এতে অনিয়ম হলে পক্ষাঘাত, খিঁচুনি এবং কোমার মতো মারাত্মক পরিণতি হতে পারে। এসব জরুরি বিষয় খেলার ছলে শিশু রোগীকে শিখিয়ে দেয় চার্লি রোবট। পাশাপাশি গুরুতর অবস্থায় রোগীর মনে শক্তি-সাহস জোগায়।