শিশুর তোতলামোর যত কারণ
বয়ঃসন্ধির আগে প্রায় ১ শতাংশ শিশু তোতলামিতে আক্রান্ত হয়। সাধারণত দুই থেকে সাত বছর বয়সের মধ্যে এই সমস্যা শুরু হয়। তবে ১৬ বছরের আগেই প্রায় ৮০ শতাংশের তোতলামি সেরে যায়। বেশির ভাগ ক্ষেত্রে আপনা-আপনি সেরে গেলেও অনেকের বিশেষ প্রশিক্ষণ ও চিকিৎসার দরকার হতে পারে। বংশে কারও, বিশেষত মা-বাবার, এই সমস্যা থাকলে সন্তানেরও হওয়ার আশঙ্কা আছে। গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশের পর্যায়ের কোনো ত্রুটির কারণেও পরে তোতলামি হতে পারে। এ ছাড়া মানসিক চাপ বা দ্বন্দ্বে এ সমস্যার তীব্রতা বৃদ্ধি পায়। তোতলামির কারণে শিশু হীনম্মন্যতায় ভোগে, উদ্বেগ ও বিষণ্নতায় আক্রান্ত হতে পারে। অন্যদের সঙ্গে মিশতে অস্বস্তি বোধ করে বলে শিশু বন্ধুহীন ও সামাজিকভাবে একাকী হয়ে পড়তে পারে। স্কুলে পড়াশোনাতেও সমস্যা হয়।এ সমস্যা কাটাতে মা-বাবাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধীরগতিতে, শান্তভাবে কথা বলার চর্চা করাতে হবে। নিঃশ্বাস ছাড়ার সময় কথা বলার অভ্যাস করানো উচিত। এ অভ্যাসে কথা বলার গতি কমে গেলেও তোতলামি সমস্যা কাটাতে তা উপকারী। স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম এমন সঙ্গী নির্বাচন করে দিন। মা-বাবাই এ ভূমিকা নিতে পারেন। মা-বাবা বা সঙ্গীর বাচনভঙ্গি অনুসরণ করে শিশু কথা বলার চর্চা করবে। শিশুকে প্রচুর কথা বলার সুযোগ দিতে হবে।এ ছাড়া কখনো ‘স্পিচ থেরাপি’ দরকার হতে পারে। এতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ স্পিচ থেরাপিস্টের তত্ত্বাবধানে নির্দিষ্ট পদ্ধতিতে চর্চার মাধ্যমে শিশুর বাচনভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হয়। লক্ষণীয় উন্নতি হতেও তিন থেকে ছয় মাস লেগে যেতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।