শিশুর পোশাকে বৈচিত্র্য
‘আজই প্রথম কেনাকাটা করতে বের হলাম। শুরুতে আমার বাবুর জন্য পোশাক কিনব, তারপর অন্য কেনাকাটা।’ এভাবেই পরিবারের ছোট সদস্যের জন্য কেনাকাটার পরিকল্পনার কথা জানালেন বিপণিবিতানে ঈদের কেনাকাটা করতে আসা মাদারবাড়ির বাসিন্দা আফরোজা খানম। কেনাকাটায় কোন বিষয় প্রাধান্য দিচ্ছেন জানতে চাইলে বলেন ‘এবার বাচ্চাদের কাপড়ে সুতির প্রাধান্য বেশি। মূলত ঈদটা এবার গরমকালে হওয়ায় সুতি কাপড়ের ব্যবহার বেড়েছে।’শিশুদের ঈদের আনন্দ পরিপূর্ণ করে তুলতে নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। দেশি-বিদেশি কাপড়ে নানা রকমের পুঁতি, পাথর আর প্রিন্টের কাজের আধিক্য বেশি বলে জানান বিক্রেতারা। বিপণিবিতানে মা-বাবার সঙ্গে কাপড় কিনতে আসা চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র এ টি এম নকিব জানাল, ‘আমি ঈদের জন্য পাঞ্জাবি, টি-শার্ট আর থ্রি কোয়াটার প্যান্ট কিনেছি। এখন জুতা কিনতে বাটার শো-রুমে যাচ্ছি।’বিপণিবিতানের বাচ্চাদের পোশাকের দোকান এহসানের বিক্রয়কর্মী মো. ফয়সাল বলেন, ‘এবার ছেলেদের ওয়ান্টেড, ওম শান্তি ওম গেঞ্জি এবং মেয়েদের সোহানা, সাকিরা, অক্টোপাস বেশি চলছে। গতবারের ডিজাইনগুলোর মধ্যে মাসাকালি এবারও বাজারমাত করেছে।’ পোশাকগুলোর দাম দেড় হাজার থেকে দুই হাজার ৩০০ টাকার মধ্যে। তবে রূপায়ণ ড্রেস হাউসের বিক্রয়কর্মী মো. কালাম বলেন, ‘পোশাকের দাম দুই-পাঁচ বছরের বাচ্চাদের জন্য ৯০০ টাকা থেকে এক হাজার ৫০ টাকা এবং পাঁচ-আট বছরের বাচ্চাদের জন্য এক হাজর ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা।’সুযোগ বুঝে দাম বেশি চাওয়া সম্পর্কে অভিযোগ জানিয়ে এক ক্রেতা তানভীর আহমেদ বলেন, ‘বাচ্চার পছন্দ হয়ে গেলে বিক্রেতারা আর দাম কমাতে চান না। ফলে বাধ্য হয়েই চড়া দামে কিনতে হয়। নয়তো বাচ্চা কান্নাকাটি শুরু করে।’ইস্পাহানি পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মুনতাসীর আদিব বলল, ‘এমনিতে চাচা, খালারা ঈদের জন্য পোশাক পাঠিয়েছেন। আজ আব্বুর সঙ্গে বের হলাম। এখনো খুঁজছি, পছন্দ করতে পারিনি। বাজারে প্রচণ্ড ভিড়। মজা লাগছে।’সানমার ওশান সিটির ফ্যাশন বাজারের বিক্রয়কর্মী রফিক মিয়া বলেন, ‘আমাদের এখানে মূলত বিদেশি পোশাকই বেশি, তাই দাম একটু বেশি।’ বাঙালির চিরায়ত ঐতিহ্যের পোশাক পাঞ্জাবিকে শিশুদের কাছে পৌঁছাতে বিভিন্ন রঙের পাঞ্জাবি এনেছেন বাঙালি বাবু, শৈল্পিক, ক্রাাফট ক্যাসল ইত্যাদি ফ্যাশন হাউস। বাঙালি বাবুর বিক্রয়কর্মী আবুল কালাম বলেন, ‘আমরা সাধারণত শিশুদের কোনো পোশাক বিক্রি করি না। তবে ঈদ উপলক্ষে আমাদের নিজস্ব ডিজাইনের পাঞ্জাবি বাজারে এনেছি।’ পাঞ্জাবিগুলোর দাম রাখা হচ্ছে এক হাজর ২০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকা। এ ছাড়াও অপেক্ষাকৃত কম দামের জন্য পরিচিত নগরের জহুর হকার্স মার্কেটের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে শিশুদের ঝলমলে পোশাক। এখানকার পোশাকের দাম রাখা হচ্ছে ২০০-৬০০ টাকা। দাম সম্পর্কে জানতে চাইলে ক্রেতা ফরিদুর রেজা বলেন, ‘দাম কম পাব ভেবে এখানে এলেও কম পাচ্ছি না। সব কিছুরই দাম বাড়তি।’ ১ নম্বর গলির নবরূপার স্বত্বাধিকারী বেলাল হোসেন বলেন, ‘সারা বছর বিক্রেতারা এ সময়ের জন্য অপেক্ষা করেন। তাই অন্যান্য সময়ের চেয়ে দাম একটু বেশি।’এখানে সেন্ট স্কলাসটিকার তৃতীয় শ্রেণীর ছাত্রী জন্নাতুল নাঈম বলল, ‘আমি এবার ঈদে মাসাকালি পরব। তা ছাড়া আমার খালামণিও আমার জন্য পোশাক পাঠিয়েছেন।’এভাবে আপনজনদের কাছ থেকে উপহার পেলেও পরিবারের শিশুদের জন্য ঈদের কেনাকাটায় কার্পণ্য করছেন না বড়রা। সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করছেন বাচ্চাদের মুখে হাসি ফোটাতে। আর ঈদ যত ঘনিয়ে আসছে ততই নতুন পোশাক পেতে বাড়ছে ছোটদের উত্তেজনা।