শিশুর প্রশ্ন যখন বিব্রতকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা বাবা, ধর্ষণ মানে কী?’ ‘ঘেঁটু কী...ঘেঁটুপুত্র তো ছেলে, ওর নাম কমলা কেন?’ ‘সমকামী কী’...মা-বাবারা প্রায়ই শিশুদের এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন। এই ধরনের জিজ্ঞাসায় ‘বিব্রত’ মা-বাবা শিশুকে ধমক দেন, প্রশ্নটিকে এড়িয়ে যান অথবা একটি ভুল ব্যাখা দেন। কিন্তু একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন এবং তার যুক্তিসংগত উত্তরের গুরুত্ব রয়েছে। শিশুরা কৌতূহলী। তারা জানতে চায়। আর প্রচারমাধ্যমের খোলা হাওয়ার মধ্যে বেড়ে ওঠা আজকের শিশুরা জানতে চাইবেই। এই জানতে চাওয়ার মাধ্যমে তারা নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে চায়।শিশুর এই কৌতূহলী মনকে ধমক দিয়ে থামিয়ে দিলেই কিন্তু তার জিজ্ঞাসা থেমে থাকে না, বরং অন্যত্র প্রবাহিত হয় এবং কখনো ভুল পথে সে তার জিজ্ঞাসার উত্তর খোঁজে। তখন সে একটা বিভ্রান্তির জগতে প্রবেশ করে এবং সেখান থেকে বের হতে গিয়ে সে নানা মানসিক সংকটে পড়ে। এই সংকট কোনো কোনো সময় শিশুর মানসিক রোগ তৈরি করে। মা-বাবা যদি তার প্রশ্নকে এড়িয়ে যান, তখন তার কৌতূহল আরও বেড়ে যায় এবং সে আবারও অন্য পথে, অন্য কারও কাছে বিষয়টি জানতে চায়। এই ‘অন্য কেউ’ যদি হয় তার স্কুলের বন্ধু বা বাসার কাজের লোক, যে নিজেই বিষয়টি সঠিকভাবে জানে না বা জানলেও কীভাবে তা শিশুর সামনে উপস্থাপন করতে হবে, সেটি যদি না বোঝে তখন শিশুটি আবার সেই বিভ্রান্তির জগতে ঘুরপাক খেতে থাকে।আর সবচেয়ে খারাপ হচ্ছে যখন তার প্রশ্নের একটা ভুল বা মনগড়া ব্যাখা দেওয়া হয়। এ ক্ষেত্রে পরবর্তী সময় শিশুটি যখন আস্তে আস্তে অন্য উৎস থেকে বিষয়টি সম্পর্কে প্রকৃত সত্য জানতে পারে, তখন তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্ব হয় প্রকৃত সত্য আর মা-বাবার দেওয়া ব্যাখার মধ্যে কোনটি সে গ্রহণ করবে, সেটি নিয়ে। একপর্যায়ে তার মধ্যে মা-বাবার প্রতি অনাস্থা সৃষ্টি হয় আর দেখা দিতে পারে আচরণের সমস্যা।শিশুর এসব প্রশ্ন, মা-বাবার কাছে যা বিব্রতকর, তার মোকাবিলা করতে হবে বিজ্ঞানসম্মতভাবে। শিশুকে ধমক দেওয়া চলবে না, রেগে যাওয়া যাবে না, তার প্রশ্নকে এড়িয়ে যাওয়া যাবে না এবং কখনোই তার উত্তরের ভুল ব্যাখা দেওয়া যাবে না। শিশুর বয়সকে বিবেচনায় এনে তার প্রশ্নের যুক্তিসংগত জবাব দিতে হবে, পাশাপাশি এই বয়সে এই বিষয়ের সবটুকু যে তার জন্য গুরুত্বপূর্ণ নয় এবং সে বড় হয়ে এ বিষয়ে আরও জানতে পারবে—সেটি তাকে বোঝাতে হবে। একই প্রশ্নের উত্তর শিশুর বয়সভেদে ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। জবাব দেওয়ার সময় পরিশীলিত শব্দ ব্যবহার করতে হবে, শিশুটিকে নিয়ে ব্যঙ্গ করা যাবে না। শিশুর বয়স যদি একটু ওপরের দিকে হয়, তবে তাকে ভালো প্রকাশনীর বই পড়তে দিতে হবে। পারিবারিক পরিমণ্ডলে ফিসফিস করে শিশুর এই প্রশ্নগুলো নিয়ে অন্যের সঙ্গে আলাপ করা যাবে না, এতে শিশুর মনে বিরূপ প্রভাব পড়তে পারে।শিশুর বেড়ে ওঠাকে স্বাভাবিক আর সাবলীল রাখতে, তার ভবিষ্যৎ মনঃসামাজিক গড়নকে স্বাস্থ্যকর রাখতে কোনো প্রশ্নেই বিব্রত না হয়ে বরং কুশলতার সঙ্গে তার প্রশ্নের প্রয়োজনীয় উত্তরটুকু দিতেই হবে এবং যতটুকু দেবেন, তা যেন সঠিক হয়। লেখক: মনোচিকিৎসক[email protected]