বেড়াতে গিয়ে বা নিমন্ত্রণে সবার সামনে আপনার শিশুটি নাক খুঁটতে শুরু করল৷ কিংবা দাঁতে নখ কাটা চলছে প্রায় সারা দিনই৷ এসব মন্দ অভ্যাস নিয়ে আপনি বেশ বিব্রত৷ কখনো গালমন্দ করছেন সন্তানকে, কখনো স্কুলের শিক্ষক অভিযোগ করছেন৷ কিন্তু কিছুতেই এসব অভ্যাস দূর করতে পারছেন না৷ এমন অভিভাবকদের জন্য গবেষকেরা দিচ্ছেন কিছু পরামর্শ৷
১. বেশির ভাগ শিশু একধরনের উদ্বেগ বা নার্ভাসনেস থেকে কাজগুলো করে। কোন বিষয়গুলো তাকে এ কাজ করতে বাধ্য করে, তা লক্ষ করুন৷ সেটা দূর করতে চেষ্টা করুন। অভ্যাসগুলোর বাজে দিক সম্পর্কে বুঝিয়ে বলুন। যেমন: দাঁতে নখ কাটলে নখ ভঙ্গুর হয়ে যায়, রক্তপাত হতে পারে এবং নানা ধরনের জীবাণু পেটে চলে গিয়ে অসুখ করতে পারে। কিংবা নাক খুঁটলে নাকের ভেতর থেকে রক্তপাত হতে পারে। অনেক মেয়েশিশুর চুল টানার অভ্যাস থাকে। একে বলে ট্রাইকোটিলোম্যানিয়া। এতে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় ও দ্রুত চুল পড়ে যেতে পারে। ছোট শিশুরা বুড়ো আঙুল চোষে। ব্যাপারটা যে কেবল জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ায় তা-ই নয়, দাঁত ও মাড়ির ক্ষতি করে। এ খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করুন।
2. সবার সামনে এগুলো নিয়ে শিশুকে গালমন্দ করবেন না। বাইরে গেলে বিষয়টা নিয়ে সচেতন করতে কোনো বিশেষ ভাষা বা ইঙ্গিত ব্যবহার করতে পারেন। শিশুর সামনে কখনো নিজে এসব করবেন না। যেমন: ৯১ শতাংশ বড় মানুষেরাও নাক খুঁটে থাকেন। শিশুকে বলুন যে সে এটা করতে পারে, তবে অবশ্যই বাথরুমে গিয়ে এবং তারপর হাত ধুয়ে ফেলতে হবে।
৩. হাত দুটোকে ব্যস্ত রাখার জন্য হাতে বল বা কোনো খেলনা দিয়ে রাখতে পারেন। পুরস্কার প্রথা চালু করতে পারেন। যেমন: আজ যদি সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দাঁতে নখ একবারও না কাটা হয়, তবে তাকে একটা প্রিয় খেলনা উপহার দিতে পারেন। ধীরে ধীরে সময়টা বাড়ান। তাকে উৎসাহ দিন।
৪. মনোবিজ্ঞানীরা অনেক সময় একধরনের থেরাপি দিয়ে থাকেন। যেমন: হাতে একটি রাবার ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। কখনো দাঁতে নখ কাটতে ইচ্ছা হলে বা নাক খুঁটতে চাইলে রাবার ব্যান্ডটা তুলে হাতে বাড়ি দিতে হবে।
অভ্যাসগুলো ছাড়তে শিশুর অনেক সময় লেগে যেতে পারে। ধৈর্য হারাবেন না। সময় নিন।
সূত্র: ওয়েবমেড৷