সরকারি হিসাবে দেশে বর্তমানে জন্মনিবন্ধনের হার ৯৯ দশমিক ৪৫ শতাংশ। নানা কারণে শতভাগ মানুষের জন্মনিবন্ধন হয়নি। অনেকে এ সম্পর্কে ঠিকভাবে জানেও না। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানপ্রথম আলো: সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগের ফলে শিশু জন্মনিবন্ধনের হার সন্তোষজনক পর্যায়ে রয়েছে। কিন্তু এখনো অনেক শিশুর জন্মনিবন্ধন হচ্ছে না। এ ক্ষেত্রে সরকারের করণীয় কী?আবু আলম: জন্ম ও মৃত্যুনিবন্ধন ২০০৪-এর বিধান অনুসারে জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক। এ বিষয়টি নিশ্চিত করার জন্য বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতৃসদন, ইপিআই মাঠকর্মীসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত জন্মতথ্য সংগ্রহ ও সরবরাহ করছে। এ প্রচেষ্টার ফলে জন্মনিবন্ধনের হার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা করা যায়।প্রথম আলো: জন্মনিবন্ধন করার ক্ষেত্রে মূল বাধা কী?আবু আলম: প্রকৃত অর্থে জন্মনিবন্ধনের ক্ষেত্রে দৃশ্যমান কোনো প্রতিবন্ধকতাই নেই। গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদ, শহরাঞ্চলে পৌরসভা, সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড জনগণের নাগালের মধ্যেই রয়েছে। শিশুর মা-বাবা বা অভিভাবক এবং তথ্য সংগ্রহকারীর সদিচ্ছা জন্মনিবন্ধন নিশ্চিত করার জন্য যথেষ্ট।প্রথম আলো: স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ওপর জন্মনিবন্ধনের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান কি ঠিকমতো দায়িত্ব পালন করছে?আবু আলম: ১৯৭৩ সাল থেকে সরকারি কর্মচারীদের মাধ্যমে জন্মনিবন্ধন কর্মসূচি চালু হলেও সে সময় থেকে ২০০৪ সাল পর্যন্ত মোট জন্মনিবন্ধনের হার ছিল শতকরা মাত্র ৮ ভাগ। ইউনিসেফের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ গত আট বছরে হাতেগোনা কয়েকটি জেলা বাদ দিলে সব জায়গায় শতভাগ জন্মনিবন্ধন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এ সফলতার অন্যতম দাবিদার দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।প্রথম আলো: প্রত্যন্ত গ্রামাঞ্চল, হাওরাঞ্চল ও চরাঞ্চলে শিশু জন্মনিবন্ধনের হার অত্যন্ত কম। এসব জায়গায় জন্মনিবন্ধনের হার কীভাবে বাড়ানো যায়?আবু আলম: গত ৩০ জুন পর্যন্ত সারা দেশে ১৫ কোটি ১৬ লাখ ৭৩ হাজার মানুষের জন্মনিবন্ধন হয়েছে। কেবল মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুষ্টিয়া ও কুড়িগ্রাম জেলায় জনসংখ্যার তুলনায় কম জন্মনিবন্ধন হয়েছে। অবস্থানগত বিষয় বিবেচনা করলে এ জেলাগুলো প্রত্যন্ত এলাকার মধ্যে পড়ে না। অথচ কেবল ইউপি চেয়ারম্যানদের ঐকান্তিক চেষ্টা ও আগ্রহের কারণে পার্বত্য অঞ্চলসহ অনেক দুর্গম অঞ্চলেও প্রায় শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অনাগ্রহের কারণে যথেষ্ট যোগাযোগসুবিধা থাকা সত্ত্বেও অনেক অগ্রসর এলাকায় তুলনামূলকভাবে জন্মনিবন্ধন কম হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, বিবাহনিবন্ধন, ভোটার তালিকা প্রণয়ন, জমি নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিসহ মোট ১৬টি ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ ব্যবহারের বিষয়টি কঠোরভাবে প্রয়োগ করা হলে এ হার বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। প্রথম আলো: জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে অনেকেই জানে না। এ ক্ষেত্রে কোনো জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা সরকারের আছে কি?আবু আলম: সরকারের তথ্য অধিদপ্তরসহ রেডিও টেলিভিশনে নিয়মিত জন্মনিবন্ধনের গুরুত্ব আরোপ করে জনগণকে সচেতন করতে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। বিদ্যমান আইন সংশোধনের কাজ সম্পন্ন হলে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে আরও ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হবে ।প্রথম আলো: অনেকের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে যে, জন্মনিবন্ধন করতে গেলে হয়রানির শিকার হতে হয়। টাকা ছাড়া কেউ তা করতে চায় না। এ সমস্যার সমাধানে সরকার কি কোনো উদ্যোগ নিচ্ছে?আবু আলম: এ ধরনের ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে পারে। এ ধরনের অভিযোগের প্রমাণ পেলে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সাক্ষাৎকার নিয়েছেন রোজিনা ইসলাম