শিশুরা নানা কারণে মিথ্যা বলে থাকে। অন্যের কাছে প্রিয় হতে, বাবা-মায়ের বকুনি থেকে রেহাই পেতে, কাউকে শাস্তি দিতে এবং কোনো কোনো সময় মানসিক কিছু সমস্যার কারণে তারা মিথ্যা বলে থাকে। বেশির ভাগ সময়ই এই মিথ্যাটা ক্ষতিকর হয় না বলে এ অভ্যাসকে ক্ষমাসুন্দর চোখে দেখা হয়। কিন্তু একবার মিথ্যা বলাটা স্বভাবে পরিণত হলে শিশুর ব্যক্তিত্বের বিকাশে সমস্যা হতে পারে। শিশুর মিথ্যা বলা প্রতিরোধ করতে বা কমাতে বাবা-মায়েরা যা করতে পারেন— শিশুর সামনে মিথ্যা বলবেন না। বাসায় বসে সেলফোনে যদি অন্য প্রান্তে কাউকে বলেন আমি রাস্তায় আছি, আর তখন যদি শিশুটি সামনে থাকে, তবে সে নিজেও মিথ্যা বলা শিখবে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন এবং নিজেদের মতানৈক্যের বিষয়ে শিশুকে কখনোই সাক্ষী মানবেন না। একে অপরকে দোষী করতে বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে শিশুর সমর্থন চাইবেন না। শিশুকে সত্য বলার মূল্য বুঝিয়ে বলুন, অনেক সময় ছোট ছোট গল্প বা দৈনন্দিন জীবনে নিজের অভিজ্ঞতা দিয়ে মিথ্যা বলার পরিণাম ও সত্য বলার গুরুত্ব তাকে জানান। মিথ্যার পক্ষে কোনো অজুহাতই গ্রহণ বা প্রদান করবেন না, এমনকি তা যদি কোনো সাময়িক লাভের জন্যও হয়ে থাকে। শিশু এক দিন বাবা-মায়ের সঙ্গে পিকনিকে যাওয়ার জন্য স্কুল বাদ দিল, পরদিন কখনোই তাকে শারীরিক অসুস্থতার দরখাস্ত দিয়ে স্কুলে পাঠাবেন না বরং পিকনিকের কথা উল্লেখ করেই দরখাস্ত দিন। মিথ্যা বললে তাকে শাস্তি দেবেন না, বরং তাকে ক্ষমা চাইতে শেখান। যে বিষয়ে মিথ্যা বললে শিশুটি কিছু অর্জন করত সে বিষয়ে সে যদি সত্য বলে তবে এ জন্য তাকে প্রশংসা করুন, ছোটখাটো পুরস্কার দিন। শিশুকে সারাক্ষণ উপদেশ দেবেন না, একটি মিথ্যা নিয়ে অসংখ্যবার তাকে বকুনি দেবেন না, এমনকি হুট করে কোনো আগাম শাস্তির ভয় দেখাবেন না। যেসব পরিস্থিতিতে শিশুটি বেশি মিথ্যা বলে থাকে, সেসব পরিস্থিতি এড়িয়ে চলুন বা সেসব পরিস্থিতি নিবিড় নজরদারিতে রাখুন। যেমন শিশু যদি তার হোমওয়ার্ক নিয়ে বেশি বেশি মিথ্যা বলে, তবে তার হোমওয়ার্ক আপনার নিয়ন্ত্রণে রাখুন। শিশু যদি টাকা-পয়সা নিয়ে মিথ্যা বলে তবে তার হাতে টাকা দেওয়া থেকে বিরত থাকুন। শিশুটি একটি অপরাধ করেই ফেলেছে আপনি তা জানেন এবং তার জবাব চাইতে গেলে সে মিথ্যা বলতে পারে—সে ক্ষেত্রে শিশুটিকে ওই বিষয়ে কোনো ধরনের প্রশ্নই করবেন না। তার মিথ্যা বলার কোনো সুযোগ তৈরি করবেন না। তার অপরাধটির দিকে মনোযোগ দেবেন না। শিশুর মিথ্যা বলা যদি ক্রমাগত বাড়তেই থাকে এবং সেসব মিথ্যার কারণে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে থাকে বা অপরের সম্পদের ক্ষতি হয়, তবে শিশুর মধ্যে আচরণজনিত মানসিক সমস্যা ‘কন্ডাক্ট ডিসঅর্ডার’ আছে কি না তা নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিন । লেখক: মনোচিকিৎসক