শিশুর মুখে আধো আধো বোল শুনে সব মা-বাবা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আবার কথা বলতে একটু দেরি হলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন সবাই। শিশুর সঠিক সময়ে সঠিক উচ্চারণে বা ধ্বনিতে কথা বলতে পারাটাও তার যথাযথ বৃদ্ধি ও বিকাশের লক্ষণ। তাই হাঁটি হাঁটি পা পা শিশু কী কথা বলছে, কীভাবে বলছে, তা আপাত অর্থহীন হলেও গুরুত্বপূর্ণ। শিশুরা চারপাশে যা শোনে তা-ই শেখে। কোনো কোনো শিশু একটু দেরিতে কথা শেখে বা বলে, তবে এই বিলম্ব বেশি হওয়া অস্বাভাবিক। এমনিতে শিশুর সাধারণ ভাষা বা কথার বিকাশে মা-বাবাদের ভূমিকা আছে। শিশুর শব্দভান্ডার বাড়াতে তার সঙ্গে অনেক কথা বলুন, সে বুঝুক আর না বুঝুক। সে যেভাবে শুনছে সেভাবেই বলতে শিখবে, তাই তার সঙ্গে শুদ্ধ বাংলায় শুদ্ধ উচ্চারণে কথা বলুন গোড়া থেকেই। এক সঙ্গে কয়েকটি ভাষা শুনলে অনেক সময় তার ভাষার বিকাশ বিভ্রান্ত হয়, তাই টেলিভিশনে বাংলা, হিন্দি, ইংরেজি একসঙ্গে সব জগাখিচুড়ি পাকিয়ে ফেলবেন না। কথা শিখতে সমস্যা হলে প্রয়োজনে টিভি দেখা কমিয়ে দিন। শিশুদের বিকৃত শিশুতোষ উচ্চারণ বা শব্দকে প্রশ্রয় না দেওয়াই উচিত। যেমন কোনো শিশু যদি পানিকে মাম বলে বা দরজাকে জরদা তবে একে উৎসাহিত না করে বরং শুধরে দিন।
৫ মাস
শিশুরা কেবল মুখে নানা ধরনের ধ্বনি বা শব্দ করে, যার কোনো অর্থ নেই|
৮ মাস
বয়সে এসে ‘হা’, ‘বা’ ইত্যাদি শব্দ করে|
১০ মাস
দাদা, বাবা ইত্যাদি বলতে শুরু করলে সংশ্লিষ্টরা বেশ উৎফুল্ল হয়ে ওঠেন|
১৮ মাস
দেড় বছর বয়সে কমপক্ষে তিনটি অর্থপূর্ণ শব্দ বলা শেখে। যেমন: বল, পানি বা মাম ইত্যাদি|
২ বছর
স্বাভাবিক শিশুর কমপক্ষে দুই শব্দযুক্ত বাক্য আওড়ানো উচিত। যেমন: পানি খাব বা মা যাব|
৩ বছর
এ সময় অর্থপূর্ণ বাক্য বলতে শেখার কথা|
৪ বছর
কিছুটা জটিল শব্দ ব্যবহার করার ক্ষমতা থাকা উচিত|
৫ বছর
ছোট ছোট ব্যাকরণসম্মত বাক্য গঠন করতে পারে পাঁচ বছর বয়সী শিশু। আর তা না পারার অর্থ শিশুর বাক্যবিকাশে সমস্যা আছে|
শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল|