শিশুর মুখে হাসি ফোটাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একঝাঁক সতেজ প্রাণ তরুণ-তরুণী। সবাই শিক্ষার্থী। কেউ স্কুলে, কেউ কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পরনে হলুদ টি-শার্ট। হাতে লাল গোলাপ। চোখেমুখে উচ্ছ্বাস। কখনো নিজেদের মধ্যে শলা-পরামর্শ, কখনো ছড়িয়ে পড়ছেন মানুষের মধ্যে। পথচারীরাও হঠাৎ লাল গোলাপের শুভেচ্ছা পেয়ে অভিভূত। মনোযোগ দিয়ে শুনছেন তাঁদের কথা। পকেট কিংবা ব্যাগ হাতড়ে বের করে দিচ্ছেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুদান। গত বৃহস্পতিবার নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সারা দিন ছিল হলুদের মেলা। আগ্রাবাদ, জিইসি, চকবাজার, প্রবর্তক, মুরাদপুর, দুই নম্বর গেট ও নিউমার্কেট মোড়ে তাঁদের সরব পদচারণা। তাঁরা পথে নেমেছেন সমাজের প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতের স্লোগান নিয়ে। স্বেচ্ছাসেবী সংস্থা জাগো ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ উদ্দীপ্ত করে এসব তরুণদের। ‘সমাজে এখনো ন্যূনতম সুবিধা পায় না অনেক শিশু। শিক্ষা থেকে তারা অনেক দূরে। তাদের জন্য একটা দিন আমরা কাজ করছি। আমরা চাই সমাজের সবাই একটি দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করুক। আশা করছি সহযোগিতার হাত বাড়াবেন সবাই।’ বলছিলেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেলের ছাত্রী নাদিয়া জাহান চৌধুরী। তাঁর সঙ্গে গলা মেলালেন সানশাইন গ্রামার স্কুল ও কলেজের মাশরুর কাজী, চিটাগাং গ্রামার স্কুলের জাফর সাদেকসহ আরও অনেকে।সানশাইন গ্রামার স্কুল ও কলেজের ‘এ’ লেভেলের ছাত্র আবদুল্লাহ গাজী এটাকে দাতব্যসেবা বলতে নারাজ। তিনি জানান, ‘এটা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই এসেছি। কারণ আমারও ভাই-বোন আছে, তাদের জন্য যে ভালোবাসা তা সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গেও ভাগাভাগি করতে চাই।’আবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বায়োলজিক্যাল সায়েন্সের ছাত্রী তানজিলা মজুমদারের স্বপ্ন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের। ‘আমরা যদি এক এক করে এক শ হই তাহলে সমাজ পাল্টাবে। হাসি ফুটবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে। তাদের মুখের অনাবিল হাসির জন্য কাজ করে যাচ্ছি আমরা।’ বলছিলেন তানজিলা।ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সভাপতি জিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক রিফাত ইয়াসিন জানান, তাঁরা বছরের একটি দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহ করেন। এবার সারা দেশের ২১টি জেলায় ১০ হাজার স্বেচ্ছাসেবক একযোগে কাজ করেছে। চট্টগ্রামে তাঁদের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। গত বছর থেকে তহবিল সংগ্রহের কাজ করছেন তাঁরা। গতবার অনুদান হিসেবে পাওয়া যায় দুই লক্ষ ৩১ হাজার টাকা। এ টাকায় নগরের মতিঝর্না এলাকায় গড়ে তোলা হয়েছে একটি বিদ্যালয়। এটি পরিচালনা করে জাগো ফাউন্ডেশন। এবারও তিন লক্ষাধিক টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। রিফাত ইয়াসিন বলেন, বিশ্ব শিশু দিবসের আগে শিশুদের অধিকার সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য। বেশ সাড়া পেয়েছি। সহযোগিতার হাত বাড়াচ্ছেন অনেকে।’জাগো ফাউন্ডেশনের চট্টগ্রামের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী বলেন, ‘আমাদের বিদ্যালয়ে এখন ৮০ জন সুবিধাবঞ্চিত শিশু পড়ছে। তাদের পাঠদানের পাশাপাশি বিনা মূল্যে বইখাতা দিয়ে থাকি। এ ছাড়া তাদের পুষ্টিকর খাবার ও বিনোদনের ব্যবস্থাও করি। নগরে এ রকম আরও কয়েকটি বিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে আমাদের।’