শিশুর যত্নে দরকারি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলায় পাঠকদের পছন্দের তালিকায় শিশুস্বাস্থ্যবিষয়ক বইও রয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বইমেলায় পাঠকদের পছন্দের তালিকায় শিশুস্বাস্থ্যবিষয়ক বইও রয়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

অনেকগুলো মোটা বই নিয়ে ধীরপায়ে বইমেলায় ঘুরছিলেন স্বামীবাগের মোস্তাক আহমেদ। একটি ব্যাংকে কর্মরত তিনি। অফিস সেরে বাসায় না ফিরে গতকাল বৃহস্পতিবার সোজা চলে আসেন বইমেলায়। জানালেন, তাঁর ঘরে দুই বাচ্চা। বাচ্চার মা পত্রিকায় নাম দেখে বাচ্চাদের চিকিৎসাসংক্রান্ত তিনটি বইয়ের আবদার করেছেন। এর পাশাপাশি নিজের প্রয়োজনমতো কিছু বইও কিনলেন। মোস্তাক সাহেবের হাতে তখন ছিল ডা. প্রণব কুমারের লেখা ছোটদের চিকিৎসাসমগ্র বইটি।
অমর একুশে গ্রন্থমেলার গতকাল ১৯তম দিন পেরিয়ে গেছে। গল্প, উপন্যাস কিংবা কবিতার বইয়ের পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত বইয়ের প্রকাশ এবং বিক্রি বেশ ভালো। একাডেমির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের মেলায় গতকাল পর্যন্ত ৩২টি চিকিৎসাসংক্রান্ত নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে শিশুদের স্বাস্থ্য ও যত্ন নিয়ে বের হয়েছে ১৮টি।
সরেজমিনে দেখা গেছে, নতুন প্রকাশনার বাইরে পুরোনো বেশ কিছু বই মেলায় ছিল, যা পাঠকেরা খুঁজেছেন। চিকিৎসা কিংবা স্বাস্থ্যসংক্রান্ত বইয়ের মধ্যে শিশুস্বাস্থ্যবিষয়ক বইয়ের চাহিদাটা বেশি।
ডা. প্রণব কুমার চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান। জানালেন, এবারের মেলায় তাঁর নতুন তিনটি বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে আছে ছোটদের চিকিৎসাসমগ্র-৪, প্রকাশ করেছে রূপ প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন কাইয়ুম চৌধুরী। গ্রন্থ কুটির প্রকাশ করেছে শিশুর অসুখ বিসুখ ও প্রতিকার। এবারের বইমেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে, তাঁর লেখা বই তুমি, কীভাবে ভালো থাকবে। তিনি জানান, শিশুদের বিষয়টি স্পর্শকাতর। শুধু সঠিক যত্নের অভাবে অনেক শিশুর বৃদ্ধি ব্যাহত হয়, তারা নানা রকমের রোগে কষ্ট পায়।
বস্ত্র প্রকৌশলী তৌহিদুল ইসলাম মেলায় এসেছিলেন একটি মাত্র বই কিনবেন বলে। জানালেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। নতুন বাচ্চার যত্নটা যেন যথাযথভাবে নিতে পারেন তাই স্ত্রী নিজেই বইটি নিতে বলেছেন। ঘরে বসে বই পড়বেন।
স্বাস্থ্যবিষয়ক অন্যান্য বইও পাঠকেরা আগ্রহ নিয়ে কিনছেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি জানালেন, পাঠকের চাহিদার বৈচিত্র্য দিনে দিনে বাড়ছে। গল্প, উপন্যাস কেনার পাশাপাশি অনেকে স্বাস্থ্যবিষয়ক বই খোঁজেন।
অনুপম প্রকাশনীর কর্ণধার মিলন কান্তি নাথ জানান, এবার মেলায় তাঁর প্রতিষ্ঠান থেকে এসেছে ড. শামসুদ্দিন আহমেদের ভেষজ উদ্ভিদ লোকজ চিকিৎসা এবং ডা. সজল আশফাকের লেখা অ-তে অসুক বিসুক থাকুক দূরে। এ ছাড়া মেলায় বিক্রি হচ্ছে অধ্যাপক এ কে এম ফজলুল হকের পাইলস, কোষ্ঠকাঠিন্য, আমাশয় ও ক্যান্সার, রেজাউল ফরিদ খানের যৌনরোগ ও এইডস, সজল আশফাকের নারী: অসুখে বিসুখে। এ ছাড়া সাহিত্য প্রকাশ থেকে এসেছে ডা. সুশান্ত কুমার বিশ্বাসের গ্লুকোমা। বাংলায় লেখা এই বইটির বেশ চাহিদা রয়েছে। সূচিপত্র থেকে এসেছে দীপু মাহমুদের শিশু-কিশোরদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যজিজ্ঞাসা।
ডা. আবু সাঈদ শিমুলের লেখা একটি দরকারি বই বাচ্চা খেতে না চাইলে কি করবেন। প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। এই বইয়ে যোগ করা হয়েছে শিশুর জন্য উপকারী ১০০টি মজাদার স্বাস্থ্যকর রেসিপি। বাচ্চাকে খাওয়ানোর টিপস, ৬ থেকে ১২ মাস বয়সী শিশুর খাবার, ১২ থেকে ২ বছর বয়সী শিশুর খাবার, ২ বছরের পর থেকে শিশুর খাবার, বাচ্চা কতটুকু পানি খাবে, লবণ খাবে, বুদ্ধি বাড়ানোর খাবার, ওজন বাড়ানোর, রক্ত বাড়ানোর খাবার, অসুখে বাচ্চা কী খাবে, ডায়রিয়া হলে কী খাবে, পায়খানা শক্ত হলে কী খাবে—এমন অনেক অধ্যায় নিয়ে বইটি সাজানো।