শিশুর রাজ্যে শিশুর বিনোদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিং টিং টিং...শুরু হলো বিনোদন ঘণ্টা। ব্যাপারটা অনেকটাই এ রকম। নইলে মালিহা আর মাহি কেন সাতসকালে পরির মতো সেজে চলে আসবে পিবিএসে? ঢাকার শান্তিনগরের এই বইয়ের দোকানটিকে দোকান না বলে বইয়ের রাজ্য বলাই ভালো। বই মানেই তো আনন্দ ভুবনে যাত্রা। সেখানে আলাদা করে বিনোদন ঘণ্টার মানে?‘একজোড়া বিনোদন ঘণ্টা হলো প্রতি শুক্রবার শিশুদের জন্য আয়োজিত বিশেষ বিনোদন সময়, যেটা চলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিনোদন ঘণ্টার আয়োজন থাকে বিশেষ দিবসগুলোতেও।’ বলেন পিবিএসের ব্যবস্থাপনা সহযোগী সারা শহীদুল্লাহ্। সময়টা থাকে শুধু শিশুদের জন্য। প্রথম ঘণ্টায় শিশুরা অংশ নেয় শিক্ষামূলক বিনোদন আয়োজনে। দ্বিতীয় ঘণ্টায় আসেন একজন তারকা অতিথি। খেলাধুলার পাশাপাশি থাকে নাচ, গান ও গল্প বলা। শিশুরা একটি বই পড়ে আসে, সেখান থেকেই চলে প্রশ্ন-উত্তরের পালা। পুরস্কার তো থাকেই, পাশাপাশি নাশতার আয়োজনে পুরো সময়টাই হয়ে ওঠে কুড়মুড়ে। আর অতিথিরা তাঁদের সময়টা সাজিয়ে নেন নিজেদের মতো করে। পিবিএসে প্রিয় বইটি কিনতে চাচার আঙুল ধরে এসেছিল স্পৃহা। কেমন লাগে তোমার শুক্রবারের বিনোদন ঘণ্টা? ছোট্ট স্পৃহার ছোট্ট উত্তর, ‘ভালো, অনেক ভালো।’ এই আয়োজন শুধু স্পৃহাদের নয়, ভালো লাগে অভিভাবকদেরও। পিবিএসের প্রধান পরিচালন কর্মকর্তা আলী আফজাল বলেন, ‘আমরা দেখেছি, বই কেনার জন্য বড়দের চেয়ে শিশুদের আগ্রহ অনেক বেশি। সত্যিই তারা বই পড়তে পছন্দ করে। পাঠ্যবইয়ের বাইরে বইয়ের জগৎটা কত বড়, কত আনন্দের, তা-ই শেখাই আমরা এই বিনোদন ঘণ্টার মাধ্যমে।’ আপনিও চাইলে আপনার শিশুকে নিয়ে শামিল হতে পারেন একজোড়া বিনোদন ঘণ্টায়। ঘুরে দেখে আসতে পারেন পিবিএসের বইয়ের দুনিয়া। আর বই কেনার ক্ষেত্রে সব সময় বিশেষ ছাড় পেয়ে থাকেন এর সদস্যরা। সে জন্য শিশুদের এক বছরের সদস্য হতে নিবন্ধন খরচ পড়বে ২০০ টাকা আর বড়দের জন্য ৩০০ টাকা।