শিশুর শরীরে র্যাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাশের অন্য নাম ডারমাটাইটিস। অর্থাৎ কোনো কিছুর প্রতিক্রিয়ায় ত্বকের ফোলা ও রং বদল হয়। র‌্যাশ লালচে, শুকনো, খসখসে হতে পারে। হতে পারে জলভর্তি টলটলে বা চামড়ার ক্ষত বা ঘা ইত্যাদি রূপে।

কিন্তু এর সঙ্গে জ্বর থাকলে তা মারাত্মক কোনো রোগের পূর্বলক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন আর্টিকেরিয়া, যা অ্যালার্জির কারণে বা খাবার, ওষুধ বা পোকামাকড়ের কামড়জনিত কারণে রক্তে প্রচুর হিস্টামিন নামের রাসায়নিক উৎপাদনের জন্য হয়ে থাকে। আবার শিশুদের জলবসন্ত, হাম, রুবেলা ইত্যাদি নানা সংক্রমণে বিভিন্ন ধরনের র‌্যাশ হতে পারে। তবে জ্বর বা সংক্রমণ ছাড়া র‌্যাশ সাধারণত ত্বকের কোনো অ্যালার্জি বা প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ।

র‌্যাশের নানা রূপ

-একজিমা শিশুদের প্রায়ই হয়। এর অন্য নাম এটোপিক ডারমাটাইটিস। কনুই, হাঁটু এসব শুকনো জায়গায় সচরাচর দেখা যায়। তবে গুরুতর হলে লাল, খসখসে বা ফোলা ত্বক নিয়ে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে।

-কেমিক্যাল সোপ, ডিটারজেন্ট এসবের সংস্পর্শে লাল, ফোলা চুলকানো ত্বক নিয়ে ডারমাটাইটিস হতে পারে। সূর্যের আলো থেকে সানবার্ন ডারমাটাইটিস হতে পারে।

-রাবার, হেয়ার ডাই, নিকেল ব্যবহূত জুয়েলারি থেকেও প্রতিক্রিয়া হতে পারে। ত্বকের সংস্পর্শে এলে খসখসে লালচে ক্ষত দাগের ত্বক দেখা যায়।

কী করা উচিত

- যে ধরনের র‌্যাশই হোক, তা বেশি চুলকানো ঠিক নয়, তাতে চামড়ার ক্ষত বা সংক্রমণ হয়। প্রয়োজনে চুলকানির ওষুধ খেতে হবে।

- চিকিৎসক বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

- ইমোলিয়েন্ট বা আর্দ্রতা রক্ষাকারী ময়েশ্চারাইজার মাখলে ত্বকে পানি ধরে রেখে তা নরম কোমল রাখবে।

- অ্যালার্জির কারণ অনুসন্ধান প্রয়োজন। যাতে পুনরাবৃত্তি রোধ করা যায়। ঝুঁকিপূর্ণ বস্তু এড়িয়ে চলা ভালো। 

- একজিমা হলে অতি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা উচিত নয়।

- কড়া সূর্যালোকে বেড়ে গেলে সানস্ক্রিন লাগানো ভালো।