শিশুর সামগ্রিক উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ জরুরি
আইনের সংস্পর্শে আসা বা সংঘাতে জড়িত হওয়া শিশুদের প্রতি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তি, দপ্তর, সংস্থা বা পক্ষগুলো নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব অপরের ওপর হস্তান্তর করেই নিশ্চিন্ত হচ্ছেন বলেই অবস্থার উন্নতি হচ্ছে না। ঘর থেকে শুরু করে পথশিশু সবার প্রতিই দায়িত্ববাহকদের সমান গুরুত্ব দেওয়া জরুরি। সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন বা উন্নয়ন সংস্থা এককভাবে কারও পক্ষেই শিশুর সামগ্রিক অবস্থার উন্নয়ন সম্ভব নয়। কাজেই এ ক্ষেত্রে সব পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘আইনের সংস্পর্শ/সংঘাতে জড়িত হওয়া শিশুদের প্রতি প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ২৬ এপ্রিল নগরের জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা ইয়াসমিন, অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা হাসান মাসুদ এবং সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার, হাসান মুরাদ, তারেক সোলায়মান, আবিদা আজাদ। স্বাগত বক্তব্য দেন ব্রাইট বাংলাদেশ ফোরামের সহকারী পরিচালক পরাগ সেনগুপ্ত। সভায় প্রধান অতিথি চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীন আগামী অর্থবছরের চসিক বাজেটে শিশুদের সার্বিক উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে বিবেচনা এবং বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে ঘোষণা দেন। বিজ্ঞিপ্ত