
শিশুরা বড়দের যা দেখে, তা-ই শেখে। তাদের সঠিক বিকাশের জন্য মা-বাবার দায়িত্ব সবচেয়ে বেশি। অনেক পরিবারেই বাবাকে সন্তানের সামনে ধূমপান করতে দেখা যায়। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান যেকোনো মানুষের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর এবং একটি খারাপ স্বভাবও বটে। সন্তানের সামনে ধূমপান তার মানসিক ও শারীরিক দুই ধরনের ক্ষতি করতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউশনের সহকারী অধ্যাপক মেখলা সরকার বলেন, শিশুদের সামনে ধূমপান করলে এর প্রতি একধরনের আগ্রহ চলে আসে। ও এই আচরণটা করতে সে পছন্দ করে। আবার অনেক সময় মা-বাবাকে নিয়ে তার মধ্যে উদ্বিগ্নতা ও ভীতি কাজ করে। তা ছাড়া এই বিষয়ে স্কুল ও পরিবার থেকে দুই রকম তথ্য পাওয়ায় তার মূল্যবোধ ও অভ্যাসের ভিত্তিটাও সঠিকভাবে গড়ে ওঠে না।
যদিও ধূমপায়ী বাবা কিংবা মায়ের প্রতি যে শিশুর অশ্রদ্ধা চলে আসে তা নয়। কারণ, শিশুরা মা-বাবাকে তাদের আদর্শ মনে করে বলে এটি তাদের কাছে খারাপ কাজ নয়। পরিবারে ও সমাজে বিপরীত আচরণ দেখায়। ভালো ও খারাপের পার্থক্য করতে পারে না। আবার কৈশোরের আগে শিশুদের বিশ্লেষণী ক্ষমতা থাকে না বলে মা-বাবা যেটা করে, সেটাই তাদের কাছে সঠিক ও স্বাভাবিক মনে করে। যে শিশুটি তার পরিবারে ধূমপান করা দেখে বড় হয়, তার ধূমপায়ী হওয়ার আশঙ্কাই বেশি। অন্যদিকে, শিশুকে সামাজিকভাবে যে অন্যের ক্ষতি না করা বা খারাপ অভ্যাস ত্যাগ করার শিক্ষা দেওয়া হয়, তার সঠিক প্রতিফলন সে তার পরিবারে দেখে না। তাই শিশুকে কিছু শেখাতে হলে পারিবারিক ও সামাজিকভাবে একই রকম তথ্য তার কাছে আসতে হবে বলে মত দেন মেখলা সরকার।
ধূমপান শুধু ধূমপায়ীর স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করে না, আশপাশের লোকজনের স্বাস্থ্যঝুঁকিও বাড়িয়ে দেয়। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক গোবিন্দ চন্দ্র রায় বলেন, আশপাশের ধূমপানের ফলে ধূমপায়ীর ক্ষতির আট ভাগের এক ভাগ ক্ষতি হয় অধূমপায়ী ব্যক্তির। শিশুদের ক্ষেত্রেও একই ক্ষতি হয়। এ ছাড়া শিশুদের সামনে দীর্ঘদিন ধূমপান করলে তারা নিকোটিনে আসক্ত হতে পারে, তাদের দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হতে পারে। এর ফলে তাদের বয়স যখন ২৫ বছরের বেশি হয়, তারা অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে পড়ে। আবার দেখা যায়, শিশুদের সামনে ধূমপান করলে তাদের ফুসফুসের বৃদ্ধি ধীরগতির হয় এবং ফুসফুস ভীষণভাবে আক্রান্ত হতে পারে।
শিশুকে পারিবারিক ও সামাজিকভাবে যেসব বিষয়ে শেখানো হয়, তার যথাযথ প্রতিফলন থাকতে হবে মা-বাবার মধ্যেই। তাই বাচ্চার সঠিক বিকাশের কথা চিন্তা করে বাবা-মাকে আদর্শবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গ্রন্থনা: রিফাত পারভীন