শিশুরা আঁকল মুক্তিযুদ্ধ গ্রামের দৃশ্য
৫ থেকে ১২ বছরের ৪২টি শিশু। সবাই পড়ে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর-ফাইভে। কেউ ব্র্যাকে, কেউবা কমার্স কলেজের কিছু শিক্ষার্থীর পরিচালিত একটি বিদ্যালয়ে। এই শিশুদের হাতেই উঠে এল লাল-সবুজের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, শহীদ মিনার কিংবা গ্রামের অপূর্ব দৃশ্য। নদী, ফুল পাখি যেমন ছিল তেমন ছিল শীতের কুয়াশাভেজা সকালে খেজুরের রস সংগ্রহের ছবিও। এমন দৃশ্য দেখা গেল লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়াল সিটি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। গত শনিবার আগ্রাবাদস্থ কর্ণফুলী শিশুপার্কে অক্টোবর সেবা মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয়। সব শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়। চড়ানো হয় পার্কের বিভিন্ন রাইডে।
অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যারিস্টার মিল্কী ফাউন্ডেশনের সভাপতি সাঈদ মিল্কী। প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর মোস্তাক হোসাইন। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইয়াছিন সিদ্দিকী।