শিশুরা আর্থসামাজিক অধিকার সম্পর্কে সচেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে তিনবেলা খাবার পাওয়া, অকারণে মারধরের শিকার না হওয়া এবং হয়রানি থেকে নিরাপদ থাকা আমাদের অধিকার—পথে বসবাসকারী এক কন্যাশিশু

জরিপে দেখা গেছে, গড়ে ৯১ শতাংশ শিশু তাদের আর্থসামাজিক অধিকার সম্পর্কে সচেতন। শহরে এ হার ৯৩ শতাংশ এবং গ্রামে ৯০ শতাংশ। আর্থসামাজিক অধিকার সম্পর্কে জানার দিক থেকে ছেলে ও মেয়ের মধ্যে বিশেষ পার্থক্য নেই। ৯৬ শতাংশ শিশু মনে করে, তাদের খাদ্য পাওয়ার অধিকার আছে। এ ছাড়া আছে শিক্ষা (৯৩ শতাংশ), স্বাস্থ্যসেবা (৯১ শতাংশ), খেলাধুলা (৮৮ শতাংশ), স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার (৮০ শতাংশ), স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার (৭৬ শতাংশ), মানসম্মত বাড়িতে থাকার অধিকার (৭১ শতাংশ), বিশ্রাম ও অবসর পাওয়ার অধিকার (৭০ শতাংশ), নিজস্ব সংস্কৃতি অনুসরণের অধিকার (৬৮ শতাংশ), মানসম্মতভাবে বসবাসের অধিকার (৬৪ শতাংশ), বৈষম্যহীনভাবে বাঁচার অধিকার (৪৯ শতাংশ) এবং ভয়মুক্তভাবে বাঁচার অধিকার (৪৭ শতাংশ)।

ফোকাস গ্রুপের আলোচনায় শিশুরা খাদ্য, বস্ত্র, আশ্রয়, স্বাস্থ্যসেবা, পানি, শিক্ষা ও কাজ করার অধিকারের কথা উল্লেখ করেছে। শিশুরা আরও জানিয়েছে, যেহেতু তারা সমাজে বাস করে, তাই সামাজিক জীব হিসেবে তাদের কিছু অধিকার আছে। যেমন: স্বজনদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার, স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার, বিশ্রাম পাওয়ার অধিকার, অনুকূল পরিবেশে কাজ করার অধিকার, সামাজিক নিরাপত্তা ও ভোট দেওয়ার অধিকার।

মেয়েশিশুরা অপব্যবহার, অবহেলা ও সহিংসতা থেকে রক্ষা পাওয়ার এবং বৈষম্যহীন ও ভয়মুক্ত পরিবেশে বসবাসের অধিকারের কথা উল্লেখ করেছে।

কিছু অংশগ্রহণকারী বলেছে, শিশুপাচার বর্তমানে একটি উদ্বেগের বিষয়। এতে করে শিশুর অধিকার লঙ্ঘিত হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ডেও শিশুর অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উল্লেখ করেছে শিশুরা।

তবে জরিপে অংশ নেওয়া শিশুদের অনেকেই ছিল, যারা ইতিমধ্যে মা-বাবা হয়েছে গেছে। তারা বলেছে, তারা নিজেদের নয়, বরং তাদের শিশুদের অধিকারের কথা ভাবছে। তারা মনে করে, তাদের শিশুরা ভালো খাবার, ভালো শিক্ষা, ভালো বাসস্থান, ভালো পোশাক ও উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে।