শিশুরা যথেষ্ট স্বাস্থ্যসেবা পাচ্ছে না
চা-বাগানগুলোতে কোনো হাসপাতাল নেই। রাজনীতিবিদেরা চা-বাগানের ভেতরে বা কাছে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিতে পারেন—চা-বাগানের ছেলেশিশু
জরিপে অংশ নেওয়া শিশুদের অধিকাংশ জানিয়েছে, তারা মনে করে না যে শিশুরা যথেষ্ট স্বাস্থ্যসেবা পাচ্ছে। শহরের ৭৬ শতাংশ এবং গ্রামের ৬৮ শতাংশ শিশু এমনটা মনে করে। ৮৪ শতাংশ শিশু মন্ত্মব্য করেছে, তাদের পরিবারের পক্ষে এই স্বাস্থ্যসেবার খরচ জোগান দেওয়া সম্ভব হয় না। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকার শিশুরা, যার মধ্যে চা-বাগান ও দুর্গম অঞ্চল; যেমন: হাওর, উপকূলীয় এলাকা ও পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী শিশুরা স্বাস্থ্যসেবা-সুবিধার অপ্রাপ্যতার কথা বলেছে।
অনলাইন জরিপে অংশ নেওয়া শিশুদের ৮১ শতাংশ জানিয়েছে, তারা যথেষ্ট স্বাস্থ্যসেবা পাচ্ছে না। ১৯ শতাংশ উল্লেখ করেছে, তারা যথেষ্ট স্বাস্থ্যসেবা পাচ্ছে। শিশুদের স্বাস্থ্যসেবা পাওয়া নিশ্চিত করার জন্য রাজনীতিকেরা কী করতে পারেন, এ ব্যাপারে মাঠপর্যায়ের জরিপে অংশ নেওয়া শিশুদের ৮০ শতাংশ শিশু বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা বলেছে। ৭৪ শতাংশ শিশু বলেছে, ছেলেদের জন্য পুরুষ চিকিৎসক ও মেয়ের জন্য নারী চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শিশুদের জন্য আলাদা পরামর্শকেন্দ্র স্থাপন, যাঁরা স্বাস্থ্যসেবা প্রদান করবেন, তাঁদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করা এবং বিনা মূল্যে ওষুধ সরবরাহের কথা বলেছে অনেক শিশু।
অনলাইন জরিপে অংশ নেওয়া শিশুদের ৪১ দশমিক ১ শতাংশ বলেছে, স্বাস্থ্য পরিসেবা প্রদানকারীদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। ৩৭ দশমিক ৮ শতাংশ বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করার কথা বলেছে। এ ছাড়া বিনা মূল্যে ওষুধ সরবরাহ ৩৫ দশমিক ৪ শতাংশ, স্বাস্থ্যসবো বিষয়ে পরামর্শসেবা প্রদান ৩৩ দশমিক ৩ শতাংশ, শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ ২৯ দশমিক ৪ শতাংশ, ছেলেশিশুর জন্য পুরুষ এবং মেয়েশিশুর জন্য নারী চিকিৎসক নিয়োগ ২৯ দশমিক ১ শতাংশ, স্কুলে সাপ্তাহিক চিকিৎসকের পরিদর্শন ২৮ দশমিক ৫ শতাংশ, শিশুর গোপনীয়তা রক্ষা ২৬ দশমিক ১ শতাংশ এবং অভিজ্ঞ চিকিৎসকের প্রাপ্যতার কথা বলেছে ২ দশমিক ১ শতাংশ শিশু।