শিশুরা সাত মাসেই চোখের ভাষা বোঝে!

চোখের ভাষা বুঝে সেই অনুযায়ী প্রতিক্রিয়ার সক্ষমতা অর্জন করতে মানুষের সাত মাসও লাগে না। জন্মের পর কয়েক মাসের মধ্যেই মানব শিশুর মস্তিষ্কের এমন বিকাশ ঘটে যে, চোখের ইশারায় সাড়া দিতে পারে সে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন এক গবেষণার পর এমনটাই জানিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক টোবিয়াস গ্রোসমান এ প্রসঙ্গে বলেন, চোখের ভাষা বা ইশারার ক্ষেত্রে চোখের সাদা অংশের কতটা দেখা যাচ্ছে এবং কোন দিক থেকে কোন ভঙ্গিতে তা দেখা যাচ্ছে, সেটাই বড় ভূমিকা পালন করে। উদাহরণ দিয়ে তিনি বলেন, বড় করে চোখ মেলে তাকানো বা চোখের সাদা অংশের বেশির ভাগ দেখা যাওয়া মানে আশ্চর্য হওয়া বা ভয় পাওয়ার অনুভূতি বোঝায়। কিন্তু চোখের পাপড়ি পুরোটা না মেলে চোখ সরু করে তাকানো, হাসতে থাকার সময় যেমন হয়, সেটা আনন্দ বা সুখের অনুভূতি বোঝায়।
এই গবেষণার জন্য সাত মাস বয়সী শিশুদের মস্তিষ্কের কার্যক্রম পরীক্ষা করতে ‘ইলেকট্রোএনসেফালোগ্রাফি’ বা ‘ইইজি’ ব্যবহার করেন বিজ্ঞানীরা। এমন শিশুদের নানা ভঙ্গিতে তাকানো মডেলদের কিছু আলোকচিত্র দেখানো হয়। এসব ছবির পাত্রপাত্রীরা পুরো চোখ খোলা, চোখ সরু করে খোলা, সরাসরি তাকানোসহ নানা ভঙ্গিতে তাকিয়ে ছবি তুলেছেন। এতে দেখা গেছে, শিশুদের মস্তিষ্ক তাকানোর ভঙ্গি বা চোখের ইশারা অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করতে থাকে।
এই পরীক্ষায় শিশুদের মাত্র ৫০ মিলি সেকেন্ডের জন্য আলোকচিত্রগুলো দেখানো হয়। এ বয়সের একটা শিশুর কোনো আলোকচিত্র দেখে তা বুঝতে পারার জন্য সাধারণভাবে আরও বেশি সময় লাগার কথা। কিন্তু চোখের ওপর গুরুত্ব দিয়ে তোলা এসব আলোকচিত্র দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করে শিশুদের মস্তিষ্ক।
গবেষক টোবিয়াস গ্রোসমান বলেন, ‘প্রাপ্তবয়স্কদের মতোই শিশুরা চোখের অভিব্যক্তি এবং ইশারা-ইঙ্গিত দেখে নিজের অজান্তেই প্রতিক্রিয়া করে। এ বিষয়টা মানুষের সামাজিক যোগাযোগ দক্ষতার বিকাশের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি।’ গবেষণা প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের অনলাইন জার্নালে প্রকাশিত হয়েছে।