
চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের পশ্চিম পেরলা গ্রামে আগে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। এই গ্রামের শিশুরা আগে প্রায় তিন কিলোমিটার দূরে উনাইপুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যেত। তবে গ্রামের শিশুদের সেই কষ্ট দূর হয়েছে। গত বছর এই গ্রামে সৈয়দ আহমদ মিয়া প্রাথমিক বিদ্যালয় যাত্রা শুরুর পর পাল্টে গেছে চিত্র। শিশুশিক্ষার্থীদের কোলাহলে মুখর থাকে গ্রামটি।
পশ্চিম পেরলা গ্রামে ঢুকতেই দেখা যায় চারদিকে উঁচু পাকা প্রাচীরঘেরা একটি পাকা ভবন। ভবনের সামনের চত্বরে দোলনা, ঘোড়াসহ শিশুদের খেলার সরঞ্জাম রাখা। সুদৃশ্য একতলা ভবনটির সামনে উড়ছে জাতীয় পতাকা।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পেরলা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী সৈয়দ খুরশিদ আলম ২০১৬ সালে তাঁর ১৮ গন্ডা জায়গার ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের ভবনে ভোরের পালায় একটি মাদ্রাসার কার্যক্রমও চলে। মাদ্রাসার পাঠদান শেষ হলে সকাল নয়টায় শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের কক্ষগুলো বেশ সুপরিসর। এসবের মধ্যে একটি কক্ষ বিদ্যালয়ের কার্যালয় ও বাকি তিনটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। ভবনে দুটি পরিচ্ছন্ন শৌচাগার রয়েছে। বিদ্যালয়ের বারান্দার সামনে লাগানো ফুলগাছে ফুলও ফুটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলছুমা বেগম জানান, প্রাক্–প্রাথমিকে ৪১ জন, প্রথম শ্রেণিতে ১৪ জন, দ্বিতীয় শ্রেণিতে ছয়জন শিক্ষার্থীসহ মোট ৬১ জন শিক্ষার্থী নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতেই বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাড়াও সহকারী শিক্ষক রয়েছেন আরও ছয়জন। সকাল নয়টায় জাতীয় সংগীত, শরীরচর্চা, রণসংগীত, শপথ পাঠ ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এদিকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের আগে মাদ্রাসার প্রায় ১২০ জন ছেলেমেয়ে পড়তে আসে।
প্রধান শিক্ষক কুলছুমা বেগম বলেন, ‘এখানে শিশুরা সুন্দর ও মনোরম পরিবেশে পড়ালেখার সুযোগ পাচ্ছে। আমরা শিশুদের লেখাপড়ার জন্য একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে চেয়েছি।’
প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক উম্মে ছালমা বলেন, এ এলাকায় এত দিন কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় প্রায় তিন কিলোমিটার দূরে উনাইনপুরা ও জঙ্গলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেমেয়েদের পড়তে পাঠাতে হতো। এখন আর সে কষ্ট হবে না। পড়ালেখাও ভালো হচ্ছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী সৈয়দ খুরশিদ আলম বলেন, ‘আমাদের ইউনিয়নের পশ্চিম পেরলা গ্রামে প্রায় তিন কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। তাই অভিভাবকেরা এত দূরে শিশুদের পাঠাতে চাইতেন না। কোমলমতি শিশুরা যেন পড়ালেখায় পিছিয়ে না পড়ে, সে জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। বিদ্যালয়ের শিক্ষকদের বেতনসহ সব ধরনের ব্যয়ভার আমি বহন করছি।’
বরলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীনুল ইসলাম বলেন, ‘পেরলা গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অনেক দূরে গিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা করতে কষ্ট হতো। এ এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করায় সেই কষ্ট দূর হয়েছে।’
পটিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লা বলেন, সৈয়দ খুরশিদ আলম বিদ্যালয়টি যেখানে প্রতিষ্ঠা করেছেন, তার আশপাশে কোনো বিদ্যালয় নেই। তাই এত দিন এসব এলাকার ছেলেমেয়েদের অনেক দূরে বিদ্যালয়ে যেতে হতো। তাই তাঁর এটি একটি ভালো উদ্যোগ।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার গ্রামে গ্রামে এক হাজার প্রাথমিক বিদ্যালয় করার প্রকল্প নিয়েছে। ভবিষ্যতে এ বিদ্যালয়টি সে প্রকল্পের আওতায় আনার চেষ্টা করব। সরকারি সহায়তা পেলে বিদ্যালয়টি আরও মানসম্মত হবে।’