শিশুস্বর্গের বাসিন্দারা
‘আমরা এখানে ভালো আছি। পড়ালেখা, থাকা-খাওয়া, কাজ শেখা, আনন্দ-বিনোদনসহ দরকারি সব সুযোগ-সুবিধা পাচ্ছি। নাচ, গান, আবৃত্তি, বিতর্কসহ নানা কিছুর সঙ্গে বিভিন্ন রকম কাজও শেখানো হয় এখানে। শিক্ষকেরা আমাদের সন্তানের মতো দেখাশোনা করেন।’আফরোজা আকতার (১৩), মো. সাকিব (১৩) ও ফারজানা ইয়াসমিন প্রায় একই সুরে বলছিল কথাগুলো। তিনজনই অসহায় হতদরিদ্র পরিবারের সন্তান। এখন তারা অসহায় নয়, নগরের পাহাড়তলীর ঈদগাহ এলাকার শিশুস্বর্গের (চাইল্ড হেভেন) বাসিন্দা। চোখেমুখে উচ্ছলতার ছাপ, যেন স্বর্গের সিঁড়ি বেয়ে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন। তাদের কথা-আচরণে মনেই হয় না—তারা কোথাও আশ্রিত হিসেবে বড় হচ্ছে। শিশুস্বর্গের বাসিন্দা আফরোজা আকতার ঈদগাহ ইয়াকুব আলী উচ্চবালিকা বিদ্যালয় ও কলেজে পড়ে ষষ্ঠ শ্রেণীতে। তিন বোনের মধ্যে সে বড়। তার ছোট আকলিমা আকতারও থাকে শিশুস্বর্গে। সবার ছোটজন থাকে মায়ের সঙ্গে। আফরোজা জানায়, তাদের আদি বাড়ি ময়মনসিংহে। বাবা-মা কখন চট্টগ্রামে এসেছেন সে জানে না। বাবা মো. নুরুজ্জামান ছিলেন খুদে ব্যবসায়ী। মা আছমা বেগম গৃহিণী। থাকতেন স্থানীয় বারো কোয়ার্টার এলাকায় ছোট্ট ভাড়াঘরে। আফরোজার বয়স যখন মাত্র চার-পাঁচ, তখন নুরুজ্জামান স্ত্রী-সন্তানদের ফেলে নিরুদ্দেশ হন। মা আছমা বেগম অসহায় তিন শিশুকে নিয়ে উপায় না দেখে অক্সিজেন এলাকায় গিয়ে চাকরি নেন পোশাক কারখানায়। ২০০৩ সালে আফরোজাকে ভর্তি করান শিশুস্বর্গে।হাটহাজারীর সরকারহাট এলাকার আবদুল মান্নান ও কুলছুমা বেগমের ছেলে মো. সাকিব ভর্তি হয় ২০০২ সালের ২৩ অক্টোবর। দুভাই আর তিন বোনের মধ্যে সাকিব বড়। বর্তমানে সে পড়ে নগরের সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ে, সপ্তম শ্রেণীতে। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে ভরণপোষণ চালানো ও পড়ালেখা করানোর ক্ষমতা তার বাবার না থাকায় সে শিশুস্বর্গের মহাসচিব সৈয়দ মোরশেদ হোসেনের সহায়তায় আশ্রয় নিয়েছে এ প্রতিষ্ঠানে।একই সময়ে একই এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছে মো. মুসা ও ছবুরা বেগমের মেয়ে ফারজানা ইসলাম। সে এখন আলহাজ ইয়াকুব আলী বালিকা উচ্চবালিকা বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার বাবা একসময় মুড়ির ব্যবসা করলেও এখন কিছু করতে পারেন না। সেও এসেছে মোরশেদের সহায়তায়। ‘শিশুস্বর্গ মূলত সমাজের হতদরিদ্র বা এতিম শিশুদের পুনর্বাসনমূলক আশ্রয়কেন্দ্র। এখানকার শিশুদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন, বছরের দুই ঈদ বা অন্য ধর্মীয় উত্সব ও গ্রীষ্মের সময় এক সপ্তাহ করে ছুটি পায় আত্মীয়-স্বজনের সঙ্গে থাকার জন্য। অভিভাবকেরা মাসে একবার প্রতিষ্ঠানে এসে দেখা করে যেতে পারেন সন্তানদের। সারা বছরই শিশুদের নিরামিষভোজী হিসেবে থাকতে হয় অনেকটা মহাত্মা গান্ধির জীবনাচারের মতো। আমিষ ও প্রোটিনের অভাব পূরণের জন্য খাওয়ানো হয় নিজেদের উত্পাদিত সয়ামিল্ক ও মৌসুমি ফলমূল। শিশুস্বর্গে আশ্রিত সব ধর্মের শিশুরা মাসে একবার নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে যেতে পারে।’ এসব কথা জানালেন প্রতিষ্ঠানের সমন্বয়ক সাইফুল আজিজ। শিশুস্বর্গের শিক্ষাব্যবস্থা দুই রকমের। একটি হচ্ছে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলের মতো পড়ালেখা। অপরটি হচ্ছে বই, খাতা, কলম ছাড়া মুখে মুখে ও ব্যবহারিক পর্যায়ে শিক্ষা। এটিকে বলে মুনতাসসরি পদ্ধতি। এ পদ্ধতি চালু করেন ইতালির নারী মুনতাসসরি। শিশুস্বর্গে বর্তমানে শিশু রয়েছে ৬৩ জন। এর মধ্যে ছেলে ২৭ ও মেয়ে ৩৬ জন। ৩১ শিশু মুনতাসসরি পদ্ধতিতে শিক্ষা নিচ্ছে। বিভিন্ন শ্রেণীতে সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ে পড়ছে সাতজন এবং ইয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এবং বিদ্যাবন শিশুনিকেতনে পড়ে ২৫ জন। এর বাইরে আরও ছয় হতদরিদ্র শিশুকে পড়ালেখার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় শিশুস্বর্গের তহবিল থেকে। আশ্রিতদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এখানে থাকতে হয়। এরপর যে যার যোগ্যতা বলে যেকোনো জায়গায় গিয়ে পড়ালেখা বা পেশায় যুক্ত হতে পারে। কানাডার এক সমাজসেবক দম্পতি বনি কাপাচিনো ও তাঁর স্বামী ফ্রেড কাপাচিনো প্রথম কানাডায় চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল (শিশুস্বর্গ) প্রতিষ্ঠা করেন ১৯৮৫ সালে। বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, তিব্বত, আফগানিস্তানে এর শাখা সংগঠন রয়েছে। সব শাখায় রয়েছে প্রায় এক হাজার শিশু। এদের শিক্ষাসহ দেখাশোনার কাজ করছেন দুশতাধিক নারী। বাংলাদেশে শিশুস্বর্গের উদ্যোক্তা পাহাড়তলী ঈদগাহ এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী ব্যবসায়ী মো. গিয়াসুদ্দিন সেলিম। কানাডায় বনি কাপাচিনোর কার্যক্রম দেখে তিনি উদ্বুদ্ধ হন। ঈদগাহ এলাকায় তাঁর তিনতলা বাড়ির উঠোনসহ পুরোটাই তিনি ছেড়ে দিয়েছেন শিশুস্বর্গের কাজ চালানোর জন্য। এর জন্য কোনো ভাড়া নেন না তিনি।শিশুদের ভরণপোষণ, পড়ালেখা, খাওয়াসহ মাসে প্রায় দুলাখ টাকা খরচ হয়। এ টাকা আসে মূলত চাইল্ড হেভেন ইন্টারন্যাশনালের তহবিল থেকে। বিভিন্ন দেশের দানশীল ধনী ব্যক্তিদের আর্থিক সহায়তায় সংগঠনটি বিস্তার লাভ করছে। তবে স্থানীয় কেউ স্বেচ্ছায় কোনো সাহায্য করতে চাইলে তা নেওয়া হয়।শিশুস্বর্গ পরিচালনার জন্য রয়েছে নয় সদস্যের কমিটি। কমিটির চেয়ারম্যান গিয়াসুদ্দিন সেলিম, ভাইস চেয়ারম্যান নুরুল আমিন ও মহাসচিব সৈয়দ মোরশেদ হোসেন। সৈয়দ মোরশেদ হোসেন জানান, মাত্র ছয় শিশু নিয়ে ২০০২ সালে পাহাড়তলী শিশুস্বর্গের যাত্রা শুরু। বর্তমানে আশ্রিতের সংখ্যা ৬৩।তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন তাঁর বাড়িটা শিশুদের বিনা পয়সায় থাকা ও পড়ালেখার জন্য অস্থায়ীভাবে দিয়েছেন। কিন্তু শিশুদের খেলাধুলা, মানসিক বিকাশ ও বৃত্তিমূলক শিক্ষা প্রসারের জন্য এ জায়গা পর্যাপ্ত নয়। সরকারিভাবে নামমাত্র মূল্যে বা খাজনায় এক-দুই একর জায়গা পেলে ২০০ শিশুর আশ্রয় ও প্রয়োজনীয় শিক্ষা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। সম্প্রতি পাহাড়তলী শিশুস্বর্গে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে অতিথি হয়ে এসেছিলেন বনি কাপাচিনো।৭৬ বছর বয়সের বনি কাপাচিনোর সাজগোজ ও হাসিখুশিতে এখনো তারুণ্যের ছোঁয়া। তিনি জানান, সত্তরের দশক থেকেই তিনি ও তাঁর স্বামী ফ্রেড কাপাচিনো ধর্মবর্ণ-নির্বিশেষে অসহায় দরিদ্র শিশুদের নিয়ে কিছু করার চিন্তা করেন। সেই চিন্তা থেকে কয়েকজন বন্ধুকে নিয়ে চাইল্ড হেভেন বা শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেন। তাঁদের দুই সন্তান ছাড়াও বিভিন্ন দেশ থেকে ১৯ শিশুকে সন্তান হিসেবে দত্তক নিয়েছেন। এদের মধ্যে একজন বাঙালিও রয়েছে। প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। প্রতিবছর দু-তিনবার করে বাংলাদেশসহ বিভিন্ন দেশে অবস্থিত শিশুস্বর্গের বাসিন্দাদের খোঁজ নিতে যান তাঁরা। ধর্মবর্ণ-নির্বিশেষে শিশুদের মানুষ করার সাধনায় নিজেকে ব্যস্ত রাখার মধ্যে আনন্দ পান বলে জানান তিনি।