শিয়ালশাবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার জোরে কি না হয়! মানুষের মমতার টানে পোষ মেনে যায় বনের শেয়াল অবধি!ছবিতেই সবকিছু পরিষ্কার। বাড়ির গৃহিণীর কোলে শিয়ালশাবক। মজার খবর নিঃসন্দেহে। সেই সঙ্গে কিছুটা স্বস্তিদায়কও। পত্রিকার পাতা খুললেই বন্য পশুপাখির প্রতি মানুষের বর্বরতার নমুনা চোখে পড়ে প্রতিনিয়ত। বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢোকে সুন্দরবনের গৌরব রয়েল বেঙ্গল টাইগার। শেষমেশ গণপিটুনিতে বাঘের মৃত্যু দিয়ে সাঙ্গ হয় গ্রামবাসীর উত্তেজনা। প্রায়ই পত্রিকায় দেখি, গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে বিলুপ্ত হয়ে যেতে বসা মেছোবাঘের শব। বন্য প্রাণীর প্রতি মানুষের এই সহিংস আচরণে কেবল ব্যথিত হওয়া ছাড়া কিছুই করার থাকে না কারও। সেখানে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের বার্নিস মিস্ত্রি মিলন খান ও তাঁর স্ত্রী সুমি আক্তারের কীর্তি দেখে চমকে না উঠে উপায় কী? না, শেয়ালশাবক হাতের কাছে পেয়ে সেটাকে পিটিয়ে মারার দুষ্টবুদ্ধি তাঁদের মাথায় আসেনি। উল্টো পুরো তিন মাস ধরে শাবকটিকে পুষছেন তাঁরা পরম মমতায়। শাবকটিও ঠিক ঠিক ভালোবাসার মর্ম বোঝে। মানুষের মমতায় সে এমনই মজেছে যে এখন ভাত-রুটিই তার পছন্দের খাবার। ছবিতে দেখুন, রীতিমতো ‘হরিণ চোখে’ তাকিয়ে আছে খুদে শিয়ালশাবক। মায়া আর মমতায় কি না হয়! পশুপাখি হাতের কাছে পেলেই কষে দুই ঘা লাগানোর চিন্তা আসে যাদের মাথায়, তাদের এই ছবিটি বারবার দেখার অনুরোধ জানাই। —ই. হো. চৌ.