শিয়ালের বিপদ
স্বাধীনতার পরও বাংলাদেশে এমন কোনো গ্রাম ছিল না, যেখানে শিয়ালের দেখা পাওয়া যেত না। দেশে দুই ধরনের শিয়াল দেখা যেত। খ্যাঁকশিয়াল ও পাতিশিয়াল। খ্যাঁকশিয়াল আকারে ছোট—অনেকটা পোষা বিড়াল আকারের। সাদাটে গায়ের লোম। অল্প কিছু বনাঞ্চল ছাড়া খ্যাঁকশিয়াল আর দেখতে পাওয়া যায় না। পাতিশিয়াল বা এশিয়ান গোল্ডেন জ্যাকেল এখন কিছু পরিমাণে কিছু কিছু গ্রামে টিকে আছে। পুরোনো কবরস্থান, বড় বাঁশ বা গাছপালার বাগানে গর্ত করে পাতিশিয়ালরা টিকে থাকে। শিয়াল প্রধানত নিশাচর জীব। তবে মেঘলা দিনে বা গ্রামে পাট খেতের আড়াল থাকলে দিনের বেলাও শিয়াল বের হয়। এরা সাধারণত ইঁদুর, কাঁকড়া, পাখি, পাখি ও সাপের ডিম, যেকোনো মরা প্রাণী, আম, কাঁঠাল, বাঙ্গি-তরমুজ, আখ ইত্যাদি খেয়ে বাঁচে। মাঝে মধ্যে এরা পোষা হাঁস-মুরগি, ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও মেরে খায়। শিয়াল মুর্দ্দাফরাসের কাজ করে, ইঁদুর মেরে কৃষকদের অনেক উপকার করলেও দলছাড়া হাঁস-মুরগি মেরে এরা কৃষকের বিরাগভাজন প্রাণী। আমাদের গ্রামীণ জীবনে বিনোদনের উপাদান কম। বর্ষাকালে বিনোদনের অংশ হিসেবে আমাদের উঠতি বয়সী গ্রামীণ যুবকেরা অনেক সময় জলাবদ্ধ শিয়ালের গর্তগুলোতে হামলা চালিয়ে শিয়াল-শিয়ালী-মা-ছা যা পায় আদিম উল্লাসে হত্যা করে। এসব কথাই মনে হচ্ছিল ৭ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত শিয়াল বিক্রির খবরটা পড়ার পর। বেশ কিছুকাল যাবত্ বাংলাদেশে এক ধরনের রাস্তার ডাক্তার তৈরি হয়েছে। এরা বিভিন্ন রোগের ঐতিহ্যবহী চিকিত্সার নামে শিয়াল, হরিণ, বনরুই, নানা রকমের সাপ, ধনেশ, কানাকোয়া, তক্ষক, জোঁক ইত্যাদি বন্য প্রাণীর তেল, লোম, হাড় বিক্রি করে। এই বন্য প্রাণীগুলোর অধিকাংশই দুষ্প্রাপ্য। এ ধরনের চিকিত্সার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কথার জাল বুনে জনসাধারণের অজ্ঞতাকে পুঁজি করে এরা বন্য প্রাণী ধ্বংস করে চলেছে। ঢাকা শহরে মীরপুর সিরামিক কারখানা, বোটানিক্যাল গার্ডেন, কেরানীগঞ্জ এলাকায় এখনও কিছু পাতিশিয়াল দেখা যায়। কিন্তু এভাবে নিধন করা হলে এরা কিভাবে বাঁচবে। প্রাণী হিসেবে এদেরও তো বাঁচার অধিকার আছে। —খসরু চৌধুরী