শীত আরও বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যরাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে চট্টগ্রাম ও আশপাশের এলাকা। দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েক দিন ধরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ক্রমাগত কমতে শুরু করেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। গত রোববার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম। এর আগে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ক্রমান্বয়ে তাপমাত্রা আরও কমবে বলে আবহাওয়াবিদেরা জানান। এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম বলেন, ‘দেশের অন্যান্য অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে গেলেও চট্টগ্রামে এখনো শুরু হয়নি। তবে কুয়াশার কারণে তাপমাত্রা হ্রাস পাচ্ছে।’চট্টগ্রামেও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ—এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানায়, এ কয়েক দিন মধ্যরাত থেকে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। তাপমাত্রাও কমবে।জানা গেছে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে তাকে শৈত্যপ্রবাহ ধরা হয়। ওই সময় ঠান্ডা বাতাস বইতে থাকে। এখন চট্টগ্রামে উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ মাইল গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামী সময়ে তা আরও বাড়বে বলে জানা গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের শেষ দিকে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। জানুয়ারি মাসেও ঘন ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিপণিকেন্দ্রে গরম জামাকাপড়ের চাহিদা বেড়েছে। বিভিন্ন স্থানে শীতে কাবু মানুষকে আগুন পোহাতেও দেখা গেছে।