শীত এলেই কষ্ট বাড়ে
পঞ্জিকার হিসাবে শীত এখনো আসেনি। তবে উত্তরের কনকনে হাওয়ার কারণে কক্সবাজার উপকূলে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। শীতে কষ্ট পাচ্ছে উপকূলের জেলেসহ খেটে খাওয়া মানুষ। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় পাঁচ বছরের কম বয়সী শিশুরা নিউমোনিয়াসহ ঠান্ডাঘটিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, জেলায় গত কয়েক দিনে গড় সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দীন জানান, ‘উত্তরের বাতাসের কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে শীত মৌসুমে কক্সবাজারের তাপমাত্রা সাধারণত ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না। কিন্তু উপকূলীয় এলাকা হওয়ায় জেলায় খোলা জায়গার পরিমাণ বেশি। এ কারণে এখন একটু ঠান্ডা অনুভূত হচ্ছে।’সম্প্রতি শহরের সমিতিপাড়া ঘুরে দেখা গেছে, শীতের হাত থেকে রক্ষা পাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই এলাকার অধিকাংশ মানুষের। কাঁচা ঘরের বেড়ার ফাঁক দিয়ে কনকনে হাওয়া ঢোকে। নেই পর্যাপ্ত কাঁথা-কম্বলসহ শীতবস্ত্র। এলাকাবাসী জানান, কয়েক দিন ধরে উত্তরের হাওয়ায় কষ্ট পাচ্ছে শিশুরা। ঘরে ঘরে শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া দেখা দিয়েছে। সমিতিপাড়ার গৃহবধূ আলমাস খাতুন (৪৫) জানান, ‘সন্ধ্যা থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। বাঁশের বেড়া দিয়ে রাতে ঠান্ডা হাওয়া ঢোকে। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় শীতে খুব কষ্ট পাচ্ছি।’ শহরের সমুদ্র উপকূলের ফদনারডেইল গ্রামে শুঁটকি তৈরি করেন গোলাম মোস্তফা (৫০)। ঠান্ডা লেগে তাঁর ছোট তিন ছেলে-মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। টাকার অভাবে শিশুদের জন্য শীতবস্ত্র কিনতে পারেননি বলে জানান তিনি।কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল জানান, ‘সমুদ্র উপকূলের ১৬টি গ্রামের প্রায় ৪০ হাজার ভাসমান মানুষ মানবেতর জীবনযাপন করে। প্রতিবছর শীত এলেই তাঁদের কষ্ট বাড়ে। এ বছর শীত পুরোপুরি না আসতেই এসব এলাকার বহু শিশু ঠান্ডাঘটিত রোগে আক্রান্ত হয়েছে। পরোপুরি শীত নামলে এদের দুর্ভোগ আরও বাড়বে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর উচিত এসব মানুষের সাহায্যে এগিয়ে আসা।’ কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, ‘ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় শিশুদের সর্দি, কাশি ও নিউমোনিয়া হচ্ছে। এ পর্যন্ত বহু শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে আনার পথে কয়েকজন শিশুর মৃত্যুও হয়েছে।’