শীত এলেই...
শীত প্রায় এসেই গেল। হিমেল হাওয়ায় আর্দ্রতা কম থাকে। তাই এই সময়ে নিজের প্রতি বাড়তি যত্ন নিতে হয়। তা না হলে ত্বক ও চুল নির্জীব, নিস্তেজ ও রুক্ষ হয়ে যাবে। এখন থেকে ত্বকের যত্ন নেওয়া শুরু করলে শীত আপনার ত্বককে আর কাবু করতে পারবে না। শুধু মেয়েদের ত্বকের যত্ন নিতে হয়, কথাটা ভুল। শিশু, ছেলে সবারই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। ব্যস্ততার মধ্যেও খানিকটা সময় বের করুন। নিজের ও পরিবারের অন্যদের প্রতি যত্নবান হোন।শিশুর ত্বকবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা বেগম বলেন, যেকোনো ঋতুতেই শিশুর প্রতি বাড়তি যত্ন নিতে হয়। শীতে ঠান্ডা লাগার ভয় থাকে। তাই মা-বাবাকে সতর্ক থাকতে হবে। নবজাতক থেকে তিন বছর বয়সের শিশুকে সকালে রোদে কিছুক্ষণ রাখতে পারেন। সকালের রোদে ভিটামিন ডি থাকে, যা শিশুর শরীরের জন্য উপকারী। এরপর একটু অলিভ অয়েল বা শিশুদের উপযোগী তেল (বেবি অয়েল) তার সারা শরীরে মালিশ করতে হবে। সাধারণত সরিষার তেল ব্যবহার না করাই ভালো। হালকা গরম পানিতে গোসল করাতে হবে শিশুকে। শীতে অনেকে ভাবেন যে প্রতিদিন শিশুকে গোসল করালে ঠান্ডা লেগে যাবে। বরং প্রতিদিন গোসল না করালে ঘাম থেকে ঠান্ডা লেগে যায়। অতিরিক্ত গরম কাপড় পরানো উচিত নয়। এতেও ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। শিশুটি ঘামছে কি না, একটু পর পর দেখতে হবে। ঘামলে সুতি কাপড় দিয়ে গা মুছে দিন। শিশুর বয়স তিনের বেশি হলে সপ্তাহে এক দিন অলিভ অয়েল বা তেল ব্যবহার করতে হবে। এক দিন পর পর চুল ভালোভাবে শ্যাম্পু করিয়ে দিন, যাতে ধুলো-ময়লা জমে খুশকি না হয়।শিশুর ত্বক কোমল ও স্পর্শকাতর। তাই বড়দের প্রসাধন কখনো তাদের ব্যবহার করতে দেবেন না। শিশুদের উপযোগী প্রসাধন যেমন—শ্যাম্পু, সাবান, লোশন, ক্রিম বা লিপজেল ব্যবহার করতে হবে। খুব পশমি কাপড় না পরিয়ে ফ্লানেলের কাপড় দিয়ে শীতের পোশাক তৈরি করিয়ে দিতে পারেন।মেয়েদের ত্বকের যত্নেশীতে মেয়েদের চুল, মুখের ত্বক, হাত-পা—সবকিছুরই যত্ন নিতে হয়। তবে শুরুতে ত্বকের ধরন বুঝে নিতে হবে। কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যত্ন শুরু করতে হবে। গ্লিসারিনযুক্ত সাবান, ক্রিম ক্লেনজার, ক্লেনজিং ওয়াইপস ও তেলসমৃদ্ধ ক্লেনজার ব্যবহার করা যেতে পারে মুখ পরিষ্কার করতে। শীতে ফোমিং ক্লেনজার বা ডিপ ক্লিন ক্লেনজার ব্যবহার না করাই ভালো। ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। তৈলাক্ত ত্বক হলে হালকা ময়েশ্চারাইজার আছে, এমন ক্লেনজার ব্যবহার করতে হবে। ত্বকে তেলের ভারসাম্য রাখতে হবে। বাইরে বের হওয়ার আগে ময়েশ্চারাইজার-সমৃদ্ধ সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে। স্টিকি ফাউন্ডেশন ব্যবহার না করে ময়েশ্চারাইজারযুক্ত কমপ্যাক্ট ব্যবহার করা যেতে পারে। স্যাটিন লিপস্টিক, ফ্রস্টেড লিপস্টিক এই সময়ে ঠোঁটকে বাড়তি সৌন্দর্য এনে দেবে। লিপবাম ব্যবহার করলে দেখে নিন তা অতিবেগুনি রশ্মি প্রতিরোধক কি না। রাতে বাসায় ফিরে ভালোভাবে ত্বক পরিষ্কার করে নিন। দুধ, মধু, কাঁচা হলুদ দিয়ে প্যাক তৈরি করে মুখ, ঘাড়, হাত-পায়ে ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন, এসব উপাদান আপনার ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে কি না। এরপর ভালো মানের ময়েশ্চারাইজিং ক্রিম মুখে ব্যবহার করুন। ঠোঁট ফাটার প্রবণতা থাকলে নারকেল তেল, গ্লিসারিন বা দুধের সর লাগিয়ে রাখুন।বাসায় ফিরে হালকা গরম পানিতে একটু লবণ, শ্যাম্পু মিশিয়ে ১০-১৫ মিনিট হাত-পা ডুবিয়ে রাখুন। পায়ের গোড়ালি ঝামা দিয়ে ঘষে নিন। নরম ব্রাশ দিয়ে হাত ও পায়ের ত্বক আলতো করে ঘষে নিন। দুই দিন অন্তর এটি করতে হবে। ১৫ দিন অন্তর বিউটি পার্লারে গিয়ে ম্যানিকিওর-পেডিকিওর করাতে হবে। শীতে হাত-পায়ের উপযোগী ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পা ফাটা বা হাতের তালুর ত্বক রুক্ষ হয়ে গেলে গ্লিসারিন, ভ্যাসলিন, ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে রাখুন সারা রাত। মোজা পরেও ঘুমাতে পারেন। তবে বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আরেকটি বিষয় হলো, গোসলের পরপরই সারা শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।ধুলোবালু বা ময়লা জমে চুলের ত্বকে। মৃদু ধরনের (মাইল্ড) শ্যাম্পু ব্যবহার করুন প্রতিদিন। শীতে আসল কাজ হলো চুল পরিষ্কার রাখা। তাহলে খুশকিও দেখা দেবে না। সপ্তাহে এক দিন তেল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করতে হবে। ময়েশ্চারাইজারযুক্ত শ্যাম্পু ও ময়েশ্চারাইজারযুক্ত কন্ডিশনার ব্যবহার করুন চুলে। শীতে মেহেদি বা হেনা সরাসরি চুলে না দিয়ে তাতে টকদই মিশিয়ে নিতে পারেন। এ ছাড়া মেয়োনেজ, পাকা কলা ব্যবহার করা যেতে পারে। বেশি করে পানি খেতে হবে। শীতের শাক-সবজি, ফলমূল খেলে ত্বক এমনিতেই ভালো থাকবে।ছেলেদের ত্বকের যত্নেসাধারণত ছেলেরা ত্বকের বিষয়ে উদাসীন থাকে। ত্বক ফেটে যায়, রুক্ষ তো হয়ই। বললেন মেনস’ কেয়ারের পরিচালক মোহাম্মদ জাভেদ হোসেন। সকালে ভালো কোনো ময়েশ্চারাইজারযুক্ত ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। দুই দিন অন্তর স্ক্রাবিং করতে পারেন। শীতে ১৫-২০ এসপিএফ-যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মুখ অবশ্যই হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে। খুব ঠান্ডা পানি ত্বকের জন্য ক্ষতিকর। বাসায় ফিরে মসুর ডাল, কাঁচা হলুদ, কমলার খোসা ও নিমপাতা দিয়ে তৈরি প্যাক ব্যবহার করতে পারেন। সম্ভব হলে প্রতিদিন ব্যবহার করুন। পেস্তা বাদামের পেস্ট তৈরি করে সঙ্গে দুধ মিশিয়ে সপ্তাহে এক দিন ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া জলপাই পেস্টের সঙ্গে নারকেল তেল, মধু ও পানি মিশিয়ে প্রতিদিন মুখ, হাত ও পায়ে ব্যবহার করুন। এটি ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। সপ্তাহে এক দিন ম্যানিকিওর-পেডিকিওর করতে পারেন। বাড়িতে হালকা গরম পানিতে হাত-পা ভিজিয়ে ঘষলেও মরা ত্বক পরিষ্কার হবে। মাসে একবার পার্লারে গিয়ে ফেসিয়াল ও ম্যানিকিওর-পেডিকিওর করবেন। দুধের সর ঠোঁটে লাগাবেন। এতে ঠোঁট নরম হবে। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজারযুক্ত লোশন ও ক্রিম মুখ ও হাত-পায়ে ব্যবহার করতে হবে। চুল প্রতিদিন পরিষ্কার করা প্রয়োজন। সপ্তাহে এক দিন তেল ব্যবহার করবেন। শীতে চুলের জেল এড়িয়ে যাওয়া ভালো।