শীত তাড়াবে ব্যাডমিন্টন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকায় এলাকায় এখন চলছে ব্যাডমিন্টন খেলা। ছবি: অধুনা
এলাকায় এলাকায় এখন চলছে ব্যাডমিন্টন খেলা। ছবি: অধুনা

‘চাঁদাবাজি’র দায়িত্ব পড়েছে ফারহানের ঘাড়ে! না, এই চাঁদাবাজি সেই চাঁদাবাজি নয়। প্রতিবছরের মতো এবার শীতেও ব্যাডমিন্টন খেলার পরিকল্পনা ফারহান আর তাঁর বন্ধুদের। বাড়ির পাশের খালি জায়গাটুকু খেলার উপযোগী করা, বাতাস বন্ধ করতে চারদিকে চটের দেয়াল তুলে দেওয়া, বিদ্যুতের সংযোগ আর বাতির বন্দোবস্ত... এখনো অনেক কাজ বাকি। এত সব আয়োজনের খরচাপাতির জন্য ঠিক করা হয়েছে একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা। বন্ধু আর এলাকার বড় ভাইদের কাছ থেকে ইতিমধ্যে টাকা তোলা শুরু হয়েছে। কদিনের মধ্যেই ধুন্ধুমার খেলা জমে উঠবে—এ নিয়ে চাপা উত্তেজনা ফারহান, মিশু, সৈকত, মুকিতদের মধ্যে। তাঁরা সবাই ঢাকার উত্তর বনশ্রীর বাসিন্দা।

‘আগে থেকে উদ্যোগ না নিলে পরে আর জায়গা পাওয়া যায় না। তাই এবার আমরা অনেক দিন আগে থেকেই পরিকল্পনা শুরু করেছি। শীতের সময় ব্যাডমিন্টন না খেললে চলে?’ বলছিলেন ফারহান। তবে খেলার ব্যাপারে ফারহানদের চেয়ে এক ধাপ এগিয়ে মিরপুর বেড়িবাঁধ-সংলগ্ন এলাকার তন্ময়রা। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে তাঁদের। কোর্টের তিন দিকে উঁচু দালান থাকায় বেশ সুবিধা পেয়েছেন তাঁরা। বাতাসের প্রবাহ ঠেকাতে আলাদা আয়োজনের প্রয়োজন পড়েনি। তাই খেলাও শুরু হয়ে গেছে একটু আগেভাগেই। ফারহানের মতোই ‘শীতকালে ব্যাডমিন্টন না খেললে চলেই না’ ঘোষণা দিয়ে তন্ময় বললেন, ‘বিকালবেলা এলাকার বাচ্চারা খেলে। আমাদের খেলা হয় মূলত রাতে। শীত যত বাড়ে, খেলা তত জমতে থাকে। একেকজন সোয়েটার-মাফলার গায়ে জড়িয়ে কোর্টে আসে। খেলা শুরু হলে একসময় দেখা যায় সবার গায়ে টি-শার্ট, তা-ও ঘেমে অস্থির!’ বলার সময় তাঁর ঝলমলে চোখমুখই বলে দিচ্ছিল, খেলাটা দারুণ উপভোগ করেন।

ক্রিকেট, ফুটবলের জনপ্রিয়তা তুলনামূলক বেশি হলেও ব্যাডমিন্টন এ দেশের তরুণদের কাছে ‘মৌসুমি’ খেলা। শীতের মৌসুমে পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন কোর্টগুলোই বলে দেয়, খেলাটির প্রতি তরুণদের আগ্রহ কম নয়। খেলা তো বটেই, নানা ব্র্যান্ডের র‌্যাকেট সংগ্রহও কারও কারও নেশা হয়ে ওঠে। সারা দিন ক্লাস, কারও বা সময় কাটে অফিসে। সন্ধ্যা হলেই দেখা যায় পায়ে পায়ে তরুণেরা হাজির হন ব্যাডমিন্টন কোর্টে। অনেক এলাকায় ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর আয়োজনও চোখে পড়ে। বিনোদন অবশ্যই একটা বড় পাওয়া। শরীর-স্বাস্থ্য ফিট রাখার জন্যও খেলাটি খুবই উপকারী। ঢাকা শহরে ক্রিকেট, ফুটবল খেলার জায়গার অভাব। এর গায়ে বলের আঘাত লাগে তো ওর বাড়ির জানালার কাচ ভাঙে—নানা অভিযোগে এলাকার বয়োজ্যেষ্ঠদের চোখরাঙানি তো আছেই। সেদিক থেকে ব্যাডমিন্টন অনেকটাই ‘নির্দোষ’ বিনোদন। তাই খেলার নাম ‘ব্যাডমিন্টন’ হলেও চর্চাটা ‘ব্যাড মানে খারাপ’ নয় অভিভাবকদের চোখে।

তবু কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। রাতে খেলার জন্য আলোর বন্দোবস্ত করতে অবশ্যই ইলেকট্রিশিয়ানের সাহায্য নেওয়া উচিত। জোশের বশে নিজেরাই বৈদ্যুতিক সংযোগ নিয়ে টানাহ্যাঁচড়া করতে গেলে অসাবধানতাবশত দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়াটাও সমীচীন নয়।