শীত তো এসেই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল গড়িয়ে ঝুপ করে সন্ধ্যা নামতেই যেন অনুভূত হয় হিমেল হাওয়ার পরশ। কুয়াশার ভোরে পাখা বন্ধ করে টেনে নেওয়া চাই ভারী কাঁথা বা কম্বল। শীত ঋতু জানান দিচ্ছে তার আগমনী। ঘর বাড়িতেও তাই এখন প্রয়োজন কিছু প্রস্তুতি।গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া এ নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। শীতের এ সময়ে যেহেতু সোয়েটার, শাল, জ্যাকেট, লেপ, কম্বল ব্যবহার করা হয়, তাই এগুলো রাখার জন্য প্রথমেই নির্দিষ্ট স্থান নির্বাচন করতে হবে। যেখানেই শীতের পোশাক রাখা হোক, তাতে ন্যাপথলিন ব্যবহার করা ভালো। অবশ্যই নির্দিষ্ট স্থানে, যেমন আলমারিতে রাখার সময় গুছিয়ে রাখতে হবে। ছেলেদের জ্যাকেট, ব্লেজার-এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে।  ঘরের জানালার কোনো শার্সি কিংবা কাচ ভেঙে নষ্ট হয়ে গেলে তা দ্রুত সারিয়ে নিতে হবে। বাড়ির উত্তর দিকের জানালা কম খুললে ঠান্ডা বাতাস ঘরের ভেতর তেমন ঢুকতে পারে না। শীত আসার আগেই বাড়ির ওয়াটার হিটার, গিজার—এসব যন্ত্র ঠিক আছে কি না সেদিকে লক্ষ রাখতে হবে। শীতের এ সময়ে জানালায় ভারী পর্দা ব্যবহার করতে হবে।  শীত আসার আগে সোফার কভার, ভারী পর্দা—এগুলো ধুয়ে রাখা ভালো।  ঘরের মেঝে যেহেতু এ সময় ঠান্ডা থাকে, তাই ছোট বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। এ জন্য ব্যবহার করতে পারেন শতরঞ্জি কিংবা ফ্লোরম্যাট।  শীতে উষ্ণতা পেতে ঘরে পর্যাপ্ত রোদ আসার ব্যবস্থা করতে হবে।  মাফলার, কানটুপি, সোয়েটার, জ্যাকেট, হাত ও পায়ের মোজা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে এবং হাতের নাগালেই রাখতে হবে।