শীতকালীন সবজিতে ভরেছে বাজার
কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত প্রায় চলে এসেছে। পাশাপাশি বাজারেও এসেছে নানা ধরনের শীতকালীন শাকসবজি। নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, দুই নম্বর গেট, ঝাউতলা বাজারসহ নানা স্থানে সবজি দোকানিরা পসরা সাজিয়েছেন রকমারি শীতকালীন সবজির সমাহারে। ১০ বছরের ছোট ছেলেকে নিয়ে ঝাউতলা বাজারে এসেছিলেন জিইসি আমিরবাগ এলাকার বাসিন্দা তৌহিদুর রহমান। অন্যান্য বাজার রেখে এত দূরে এলেন কেন—জিজ্ঞেস করতেই জানালেন, ‘এ বাজারে তরতাজা শাকসবজি পাওয়া যায়। এ ছাড়া শীতকালীন বিভিন্ন সবজি নাজিরহাট-দোহাজারী থেকে ট্রেনযোগে খুব সহজে এ বাজারে আসে। ফলে দামেও কম পাওয়া যায়।’ নগরের অন্যতম ব্যস্ত বাজার রিয়াজউদ্দিন বাজারে দেখা যায় বিভিন্ন শীতকালীন সবজিতে বাজার সয়লাব হয়ে গেছে। দোকান ভেদে দামের কিছুটা তারতম্য থাকলেও ফুলকপি ৩৫ টাকা, বাঁধাকপি ১৬ টাকা, মুলা ২৫ টাকা, তিতাকরলা ৪০ টাকা, বেগুন ২৪ টাকা, গাজর ২৫ টাকা, লাউ ১৮ টাকা, শিম ২৮ টাকা, মেটে আলু ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।অভিজাত বাজার হিসেবে পরিচিত কাজীর দেউড়ি বাজারে দেখা যায় এখানকার জিনিসপত্রের দাম অন্যান্য বাজারের তুলনায় একটু বেশি। দাম বেশি হলেও এখানকার সবজিসমূহ বেশ কয়েকবার বাছাই করার পর বিক্রি করা হয় বলে জানান সবজি বিক্রেতা মো. রফিক। ফলে নষ্ট বা পচা পড়ার সম্ভাবনা থাকে না। ব্যস্ততার কারণে ছুটির দিন ছাড়া বাজার করতে পারেন না মেহেদিবাগ এলাকার বাসিন্দা আবুল মনসুর। অনেকটা অভিযোগের সুরে বলেন, ‘চাকরির কারণে ছুটির দিনেই বাজারে আসি। কিন্তু এ সময় দোকানিরা ইচ্ছে করে দাম বাড়িয়ে দেন। যথাযথ নিয়ন্ত্রণ থাকলে এ ধরনের সমস্যা হতো না।’ বাজারের দরদাম সম্পর্কে জানতে চাইলে দুই নম্বর গেট কাঁচাবাজারের সবজি বিক্রেতা ইসহাক মিয়া বলেন, ‘আপাতত আর দাম বাড়ার সম্ভাবনা নেই, কারণ পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বরং কয়েকদিন পর দাম আরও কমতে পারে।’ অন্যদিকে মুদি বাজারে সয়াবিন তেলের দাম গত সপ্তাহের তুলনায় লিটারে প্রায় ১৪ টাকা বেড়েছে। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০২ টাকা। আর প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটার ১১৬ টাকা। কমেছে পেঁয়াজ ও রসুনের দাম। পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকা, রসুন ১২৫ টাকা বিক্রি হচ্ছে। স্থিতিশীল আছে আদা, মসুর ডাল এবং চালের দাম। চাল মিনিকেট ৩৭ টাকা কেজি, পাইজাম ৪০ টাকা আর মোটা চাল ২৮-৩০ টাকা বিক্রি হচ্ছে।